শিল্পী অাফ্রিদা তানজীম মাহী
আমাদের মেয়েরা কেনো এ ভাবে আমাদেরকে কাঁদায়!
তারা তো আমাদের নিমফুলের পারফিউম, আনন্দাকাশ
কালো কালো পাথরে, মেঘে ঢেকে দেয় সূর্যের সৌন্দর্য!
#
আয়নায় দেখি মাহীদের মুখ; ঘুমন্ত মুখ এতো স্নিগ্ধ!
আমরা স্বপ্ন চাষ করি, স্বপ্নে বাস করি, প্রবাস খাটি-
এই সব বেদনা, ভাতফুল, সবই তো সন্তানদের জন্য!
#
আমাদের মেয়েরা কবিতা না হয়ে কেনো সিলভিয়া প্লাথ হয়!
রং-ব্রাশের বদলে তারা কেনো ভালোবাসে সিলিংফ্যান?
তারা কেনো পার্থ না গিয়ে চলে যায় হায় পৃথিবীর বিপরীতে!
#
বুকে বিষবিদ্ধ করে আমাদের মেয়েরা স্বর্গের পাখি হয়ে যায়!
পাখির আংশিক ছায়া ঝুলে থাকে গাছের ডালে ডালে আর
আংশিক পড়ে থাকে নদীর জলে জলে…
#
ছায়া একদিন ডালে ডালে ফুল হবে, নদীর জলে মাছ হবে
অথবা একদিন আমাদের মেয়েরা রূপকথার মীথ হবে!
