২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেবাশীষ ধরের কবিতা: নভেম্বরের চিঠি

দেবাশীষ ধর

Published : 19 Nov 2017, 06:18 PM

Updated : 23 Jun 2022, 04:02 PM

১.
হেমন্তের ঠান্ডা বাতাস শরীরী মেজাজে মনতাজ
তৈরি করলে রাত বারটা বাজে, বাঁশিতে সুর ওঠে।
ইতিহাস এস্রাজে প্রগলভ হচ্ছে জলপাই আচারের
মতো। শ্যামু, জন্মমাসে আরেকবার জন্ম নাও
এবার প্রসব করো শুক্রবারের একটি শীতের
সকাল, ধানখেতের ভেতর লুকিয়ে লুকিয়ে বেদনার ফুল ফোঁটাও।

২.
হাজার হাজার রাতগুলো একত্র হয় একটি রাতে।
বিষন্ন পেঁচার ঠোঁট কুয়াশার রক্তে চুমো ভিজে যায়
সার্থক করো জন্মবার, প্রতিবার এই শরীরে ভ্রুণ
হয়ে জন্ম নিও, তোমার পিতার কেশ হতে নতুন
স্বাদ নিয়ো। গীটার স্থির হয় আঙ্গুলের নিচে আর
লিরিকের ডায়েরি ভরতে থাকে গ্রাফিতি তুলিতে।

৩
ও বন্ধু, গান ধরো, আমাদের নাও ভাসিয়ে শীতল
রক্তে হাত চালাও। দেয়ালে দেয়ালে চুলের গাছ,
ঢেকে দাও গত বর্ষার সমস্ত প্রলাপ তোমার আমার আমাদের সস্তা দর্শন, আমি আমার ফালক্রামে
লাটিম ঘুরাই, তত্ত্ব বিত্ত প্রেম অপ্রেম সাদা কালো
রঙিন স্বপ্ন বুনা স্বপ্নে লাটিক ছেড়ে দিই। নভেম্বর
শুক্রবার সতেরো প্ল্যাকার্ডগুলো নিয়ে রাস্তায়
মিছিল নামে এক একটা।

৪.
দরজা খুলেই পথ যত দেখি মনে হয় আরেকটি
নতুন দরজা। এরপর নতুন পথ। দর্শনের সীমারেখা
স্তরে স্তরে পিরামিড। পৃথিবীর সব পিরামিড কখনো একটি মতাদর্শে আসে না, এক মতাদর্শের ভেতরে আরেকজন জেগে ওঠে। আমরা ঘুমাতে যাই, আমাদের আলিঙ্গনে নতুন দরজা বানাবো।

৫.
শ্যামু, জন্ম দিলে একটি সবুজ দুনিয়া; বিকেল সকাল হারাতে হারাতে নাগোরদোলায় আকাশ।
আকাশের মাথায় ফুলকপির চাষ। রাগ ঝরে ফুলকপির পেট থেকে কর্ণফুলি হয়ে শঙ্খেতে মিশে, একটি নতুন জলপ্রপাত শুরু হয়। পিরিয়ড
বদলাতে থাকে, বোধ অবোধ চেতন অবচেতন
বারবার খুলে খুলে শরীরকে বদলায়, কারাগার পাল্টায়।