লেদা শরণার্থী ক্যাম্পে জনরব
উজ্জ্বল রোদের তীব্র ঝলক লেদা শরণার্থী ক্যাম্প
হালকা বাতাসের শিরশিরানি, পলিথিন ঘরগুলোতে মচমচ শব্দ
ভেসে ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে রোহিঙ্গাদের জীবন…
হাজার বছর বুকে নিয়ে আমি ঘুরছি এই রোসাঙ পাহাড়ে
শবর বালিকার সেই মুগ্ধ নেত্র, সেই আদিম স্তন, শ্যামল ও বাদামী চোখে
আমাকে আহ্বানের আকুলতা
রোহিঙ্গা রমণীর ভাঁজভাঙা সুন্দরের আঁখি পল্লব আর কটাক্ষ
দুঃখী বুকে দৃষ্টির সরলতা নিঃশ্বাসে কাঁপছে
পাহাড়ের টিলায় টিলায় বাঙালির ঘর, ভিটেজুড়ে গৃহস্তি রেখেছে আগলে
উঠোনের এককোনে চরে বেড়াচ্ছে মুরগমুরগী, গরু, ছাগল
চির সবুজের উপত্যকাজুড়ে মানুষের জনরব
আমি ঘুরছি এই নাফ নদীর তীরে, বার বার কেন ঘুরছি
এই তমিস্রা, এই অন্ধকারে, কেন ফিরে আসি এই শরণার্থী ক্যাম্পে
মানুষের রক্তের সম্পর্কও কি এক ধরনের দায়
তা না হলে, কেন বার বার আমি এই বঙ্গোপসাগরীয় তীর
নাফের কূল, পাহাড়ি তট, চারণভূমি, রোসাঙ পাহাড়ে
ঘুরে বেড়াই, কেন ভাল লাগে আমার এই মাটিসূধা তৃণঘাস
এই আকাশে চোখ রেখে নিজের ভেতর হারিয়ে যেতে
আমি ঘুরে ঘুরে দেখছি এই রক্তাক্ত হৃদয়
টেকনাফের লেদা শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের জনরব
পৃথিবীর মুখে মুখে ঘৃণা ছুঁড়ে মারছে ঘৃণা ছুঁড়ে মারছে
