২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাত দিও প্রভু

মাজহার সরকার মাজহার সরকার

Published : 24 Aug 2017, 01:31 AM

Updated : 02 Sep 2022, 08:35 PM

Image
vaht


কোন অভিযোগ নেই, প্রার্থনা এই
বোতামের ছিদ্রে কিছু ঘামের ফোঁটা
পায়ের গোড়ায় শুকনো রক্তের রেখা দেখে
বুঝে নিও সারাদিন খুব খেটেছি,
নগরের ভেতরে ক্ষরিত, আলোড়িত, নিরক্ষর,
মূলত প্রসাধন আর পোশাকের ভেতর শরীরটা খুব একা
একা আজ বেশ হেঁটেছি ঢাকার রাস্তায়
যানজটের পাশে ফুটপাতে বেশ শুয়েছি আয়নায়
ক্ষুধা তো পুরনো অসুখ, মানুষের অলীক খুঁত
ভুল করলেও ভাত দিও প্রভু
যে ক্ষুধা গোপন থাকে, মেলাতে চেয়েছি যতবার শূন্যে বুঁদ
দুই হাত, ক্লান্ত পায়ে দিয়েছি তাড়া

যে ত্বকে জেগেছে ভাতের ফেন, অপৃর্ব শহর অগ্নিসারে
থালা ভরে দিও প্রভু, ক্ষুধা লাগে খুব
খুব রেখেছি পেটের ভেতর করে ভস্ম সম্ভাবনাময়
সামান্য হোটেলের সামনে ভিড় আর ভাতমাখা আঙুলে
জেগে উঠে শ্বাস নিতে যেন পারি প্রভু
কোনদিন কাঁদতে দেখবে না, বিদ্রোহে নামবো না
ওসব বাজে কাজ, পুঁজি আর মালিকেরই কৌশল
সামান্য শ্রমিক আমি, রাত নামলেই ভাত দিও
এই দেখো দুই হাত রেখেছি ঢালু, নিয়োজিত কারখানার ধারে
গৃহস্থে নুনে কোন এক চুলার উপর উত্তপ্ত ডেগে
আগুনের চুমুতে ফুটছে গো প্রার্থিত ফুল
ভাত দিও প্রভু, আড়ষ্ঠ আঙুলে ধরা ভীত থালার উপর
মন খুলে আড়াল মুঠিতে নিয়ে রক্ত মেপে
অফুরান ভাণ্ডার থেকে এক কণা আয়ু দিও, কোন এক ভেজা চামচে
তোমার সামনে নিচু হয়ে কত কেঁপেছি আমিও
ভাত দিও প্রভু, হাতের পাতাল এইভাবে ঢেলে দিও
দেখো কব্জিতে খনিজ চিহ্ন, মুখে আঘাতের সেলাই
আজ মৃদু ভেবে আমাকে উপেক্ষা করো না,
শ্রম লিখিত মুখে আমিও লাইনে দাঁড়াবো
ছেঁড়া শার্টে, জীর্ণ পকেটের ভেতর থাকবে
আলোর বাসনা
প্রভু, শহর ভ্রুণের নীল জরায়ুতে আমাদের ভাতের জন্য করো একটি জরুরি বৈঠক।

Image
Flag Counter