২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুহম্মদ নূরুল হুদার কবিতা: জলবাংলা

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 03 Aug 2017, 09:36 PM

Updated : 02 Sep 2022, 08:35 PM

Image
Sezan

আকাশ সুনীল ঋষি, অনন্তের কানে কানে মন্ত্র পড়ে যায়;
ঋষির ধ্যানের সুরে ব্রহ্মাণ্ডের বুক জুড়ে বৃষ্টি ঝরে যায়।
ভোরের‌ আলোর সঙ্গে বৃষ্টি আজ সঙ্গোপনে করেছে মিতালি;
মেতেছে মেঘলা ধ্যানে, সূর্য আজ রুমুঝুমু মেঘের আড়ালী।
ধ্যানী সব বাড়িঘর, সরোবর; নদীতীরে খাড়া তরুবর;
বহতা ধ্যানের মন্ত্রে নিত্য সিক্ত, বৃষ্টি শুধু ধুধু ঝরোঝর।
নদীরা প্রমত্ত বেগে ধেয়ে চলে পাল তুলে মোহনার ধ্যানে,
তপস্বিনী তরঙ্গিনী দিকে দিকে সাঁতরায় বাঁকের সন্ধানে।
কালিদাস তন্দ্রাচ্ছন্ন, চণ্ডীদাস কাথা-মুড়ি ঘুমায় বেঘোরে,
শান্তিনিকেতন জুড়ে রবীন্দ্রনাথের চোখে জল-বুলেটেরা ওড়ে।
বজ্র ও বৃষ্টির সন্ধি, গগনে গর্জন-বন্দি, শুধু প্রমুক্ত অতন্ত্র শান্তি,
তিস্তার বিরান বুকে অকস্মাৎ ছলাৎ-ছলাৎ পুষ্ট জলের অমল কান্তি;
পদ্মা আর মহানন্দা মেঘে মেঘে মৈত্রী পাল তুলেছে সমান্তরাল;
সামাল সামাল মাঝি, শক্ত হাতে সামলাও ধর্মবর্ণ সওয়ারীর হাল;
থইথই জলবাংলা, বেনোজলে বুড়ো-আংলা, পড়ো – পাঠ করো,
আজ শুধু বৃষ্টিভাষা, সর্ববঙ্গ জলে ভাসা, পড়ো – জলমন্ত্র পড়ো;
আজ শুধু বৃষ্টিবঙ্গ, আজ শুধু সৃষ্টিবঙ্গ, হে সর্ববঙ্গের কবি পড়ো,
ক্ষমতার পাঠ শেষে মমতার পাঠ নাও, মা-গঙ্গার পাড়খানি ধরো;

মঙ্গলকাব্যের পাঠ, পুথি পাঠ, সুফি পাঠ, বৈষ্ণবের পদাবলি পাঠ,
সকল কালের কবি, ধ্যানী-মানী-জ্ঞানী কবি, মুগ্ধ পদকর্তাদের পাঠ –
জারি-সারি-ধাঁধা পাঠ, কিসসা ও কাহিনী পাঠ, ঘুরে-ঘুরে চর্যাপদ পাঠ,
খনার বচন পাঠ, গুপ্ত-সুপ্ত-লুপ্ত পাঠ, প্রকাশ্যে-সহাস্যে পাঠ, ঘরে-ঘরে পাঠ,
ঋষির ধ্যানের মতো, কৃষির জ্ঞানের মতো, দেহ-মন আর্য-অনার্যের পাঠ, –
আনো বৃষ্টি, আনো সৃষ্টি, বহতা বাঙালি কৃষ্টি : শুরু করো জলডুবি পাঠ;
কবিরা রচনা করো জলবাংলা, আকাশগঙ্গার চরে, নদীদের সজল অক্ষরে;
জলের হরফে লেখো বেনো-বাংলা, বন্যা-বাংলা, সর্বঅঙ্গে নদীর স্বাক্ষরে;
বৃষ্টিবাংলা থেকে সৃষ্টিবাংলা, বহতা মমতা বাংলা, জল-বাংলা থেকে জয়-বাংলা,
মুহূর্তে সজীব হোক লুপ্ত সব বীজধান, মাচাঙের ডালে-ডালে চালি জালি-জাংলা;
বৃষ্টিই চুক্তির শর্ত, – উক্তি ও যুক্তির শর্ত – মাটিবাঙালিরা আজ অন্য শর্তহীন;
ডুবে যাক রাঢ়-বঙ্গ-হরিকেল-সমতটে ঢলবাংলা, – আদিবাংলা সীমানাবিহীন;
অবিরাম বৃষ্টিপাত, শুচি হোক জাতপাত, মন্ত্রমুগ্ধ গাভীদুগ্ধ, ধাবমান সব নদীতীর,
জল-বাংলা জুড়ে পাখপাখালিরা ওড়ে, হট্টিটি দোয়েল টিয়া শালিখ তিতির;
যাও পাখি উড়ে যাও, বাঙালিরা পাখি হও, শঙ্খশালিকের বেশে যাও উড়ে যাও;
বাঙালি মানুষপাখি, মাছরাঙ্গা ডানা মেলে উড়ে-ডুবে জলাঙ্গীর জলে সাঁতরাও

২৬.০৭.২০১৭ – ০৩.০৮.২০১৭

Image
Flag Counter