তারিক সুজাতের কবিতা: কালের ক্যাসিনো
এইভাবে পথ খুঁড়ে খুঁড়ে
খুলেছি দুপুর
অন্ধকার গহীন-গহ্বরে
আলো ফেলে ফেলে
খুলে দিচ্ছি
সুর ও শব্দের ছিটকিনি!
কার ছায়া বন্ধ দরোজায়
টোকা দিয়ে
ফিরে গিয়েছিলো?
আজন্ম বধির বিটোফেন
সুরের আকাশে ছুড়ে দিয়েছিলো
আলোর ফোয়ারা,
দানিয়ূব তীরে মোজার্ট-মুর্ছনা নিয়ে
ভিয়েনার রাত
আজো কী অর্কেস্ট্রায় জাগে?
শকুন্তলার অপেক্ষা শেষে
দুষ্মন্ত ফেরার আগে
গ্যাটের কলমে
ফিরে আসে
প্রাচ্য-প্রতীচ্যের অফুরান
প্রেমের জোয়ার;
মহাকবি কালিদাস
ফিরে আসে
ফ্রাঙ্কফুর্টে!
এইভাবে পথ খুঁড়ে খুঁড়ে
শিল্পের সারথী হয়ে
দেশে দেশে ফেরে
অচেনা নাবিক!
ট্রাম্পময় পৃথিবীর
অর্ধেক জুড়ে কালো– অর্ধেকটা লাল;
ঝলমলে ক্যাসিনোয়
রুলেটের ঘূর্ণমান গোলকধাঁধায়
সাদা বলটির দিকে
যখন নিবদ্ধ থাকে জুয়াড়ির চোখ
তার কাছে লাল অর্থ– শুধু লাল,
আর কালো;
লালের মতোই সংখ্যাচিহ্নিত
কয়েকটি আয়তক্ষেত্র মাত্র!
একজন কৃষক,
সূর্যোদয়ের লাল প্রভা লাঙলের ফলায় বিদ্ধ করে
সন্ধ্যার স্নিগ্ধ-হাতে তুলে দিয়েছিলো;
একজন শ্রমিক,
কয়লা খনির গাঢ় অন্ধকার ছেনে
একটি হীরক দানা তুলে দিয়েছিলো
প্রভাতের প্রসন্ন-প্রহরে;
এই খেটে-খাওয়া সরল মানুষগুলোর রক্তে-ঘামে কেনা
রিজার্ভের টাকা প্রকাশ্য আলোয় চলে গেলো
ক্যাসিনো-গহ্বরে …
দিনের দরোজা খুলে
অন্ধরাত্রির অফুরন্ত আঁধারের ঝর্ণায় স্নান সেরে
নিজেদের আরো বেশি নগ্ন করে
নির্লজ্জ বেহায়া আমি ও আমরা
সেই কৃষকের লাঙলের ফলায় ফোটানো সূর্যোদয়,
সেই শ্রমিকের হিম-শীতল খনির-অন্ধকার ফুড়ে
ঠিকরে পড়া হীরক-দ্যুতির বিপরীতে
কেবল খিস্তি-খেউর আর পরস্পরের পরিধান খুলে
নিজ নিজ পশ্চাৎদেশ খুলে দিয়েছি
দেশি-বিদেশি তস্করের তাবেদারীতে …
এইভাবে পথ খুঁড়ে খুঁড়ে
শিল্পের ফেরারি হয়ে
দেশে দেশে ফেরে
অচেনা নাবিক!
রুলেটের ঘূর্ণমান গোধূলিতে
মরু-ঝড় ওঠে,
ট্রাম্পময় পৃথিবীর
অর্ধেক জুড়ে কালো– অর্ধেকটা লাল;
লাল-কালো, কালো-লাল
কালো-লাল, লাল-কালো
যার জন্ম সিরিয়ায়
তার কাছে
লাল অর্থ–
গুলিবিদ্ধ শিশুর নিষ্প্রাণ দেহ;
কালো–
আরো গাঢ় আচ্ছাদনে
মুখ ঢেকে আছে;
আরব্যরজনীর ম্লান জ্যোৎস্নায়
মৃত্যুর পিপাসা নিয়ে
জেগে থাকে কার চোখ?
তুমিও তো কারো পিতা,
কারো মাতা,
কারো ভাই,
কারো বোন,
গেরিলা,
সন্ত্রাসী,
না মুক্তিযোদ্ধা!
একপ্রান্তে লাল, অন্য প্রান্তে কালো
ক্যাসিনোর কলম
তোমরা কী দেখেছো?
এক হতভাগ্য কবি
একবার কালো কালিতে লিখে যাচ্ছে
মৃতের তালিকা,
পুনর্বার–
লাল কালি দিয়ে কেটে দিচ্ছে
প্রিয় নাম, প্রিয় মানুষের নাম
স্বজনহারা মানুষের কোনো নাম নেই
বিশ্বজুড়ে তার একটিই পরিচয়
কেবলই সে আজ অজ্ঞাতনামা!
এইভাবে পথ খুঁড়ে খুঁড়ে
মৃত্যুর ছায়ার নীচে
দেশে দেশে ফেরে
অচেনা নাবিক!
নিজ-দেশচ্যুত মানুষের ঢল নামে
'জলে-স্থলে-অন্তরীক্ষে'
ভেসে ভেসে ভেসে যায়
লাল মেঘ, কালো মেঘ …
নয়নাভিরাম বসতিগুলো
রণক্ষেত্রে পরিণত হলো
সাজোয়া ট্যাঙ্ক, কামান আর
বোমারু বিমানে!
ফুলের বদলে অস্ত্র
প্রসুতি সদনের পরিবর্তে সমাধিক্ষেত্র
যে হারে প্রতিদিন
মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে দ্রুত …
হে পৃথিবী, শেষ পর্যন্ত তুমিও
ক্রেডিট-কার্ডে কেনাকাটা শিখে নিয়েছো!
মৃত্যু আজ এতোই সহজলভ্য
এরপর নগদে আর
মৃত্যুও বিকোবে না!
রুলেটের ঘূর্ণমান বৃত্তে
শাদা বলটির দিকে
ডোনাল্ড ট্রাম্পও তাকিয়ে আছেন,
জুয়াড়ির ভাগ্যলিপি
এতোটা প্রসন্ন
গোটা পৃথিবীটাই
যেন আজ মৃত্যুকূপ,
কালের ক্যাসিনো!
