২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চলো ট্রেনে কাটা পড়ি

আনিসুর রহমান

Published : 02 May 2017, 06:48 PM

Updated : 23 Jun 2022, 04:02 PM

পুলিশে পুলিশ ধর্ষণ করবে, সহকর্মীরা টিটকারি মারবে,
অসি স্যার মামলা নিবে না, কারা তবে অট্টহাসি হাসবে?
রক্ষক ভক্ষক হলে কি করবে? নাউজুবিল্লাহ, কি বলে !
'পাগলে কি না বলে, ছাগলে কি না খায়' কি শুনালে?

ধর্ষিতা পুলিশ কি করবে? বিষ খেয়ে ধরাধামে গুডবাই দেবে?
তাতে কার কি? মরুকগে, বাবা মেয়ের চিরকুট খুঁজে পাবে ?
চিরকুট দিয়ে কি হবে? তাবিজ বানিয়ে সে গলায় পড়ুকগে !
মোড়লের ছেলে গরীবের নাবালিকা মেয়েরে ধর্ষণ করবে:

বিচার চাইবে, বিচার পাবে না, অসি স্যার মামলা নিবে না ;
মেম্বার সাবরে ধরে লাভ হবে না, হালের গরু খোয়া যাবে;
খুঁজে পাবে না, লজ্জা ক্ষোভে ভয়ে গেরাম ছেড়ে দেবে?
লোকে হাসহাসি করবে; গলায় দড়ি দেবে, দাও গিয়ে !

বাবা মেয়ে পায়চারি করে, রেললাইন ধরে দিশেহারা ভোরে
মা'রে কেমনে কাটাবি বাকি জীবন? ভয়ে গা ছমছম করে ;
আমাদের কি হবে? সেটাই ভাবছিরে মা| কে জানে, বাবা কি
ভেবেছিল মনে? বাবা মেয়ে চেয়েছিল চোখপানে; বাবা বলে,

'বিচার দেব খোদার ঘরে !' তারে পাবে কেমনি করি? পাবনি;
মেয়ের হাত ধরি, বাবা তার ছুটে আসা ট্রেনের দিকে মুখ করি;

কোথায় যাচ্ছ বাবা? খোদার কাছে; চল মা, ট্রেনে কাটা পড়ি !