২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদ রফিকের তিনটি কবিতা

মোহাম্মদ রফিক

Published : 22 Apr 2017, 07:19 PM

Updated : 23 Jun 2022, 04:02 PM

জয়, পরাজয়

পুরোপুরি পরাজিত করে না কাউকেই,
যূপকাষ্ঠ মুখোমুখি, ঠায় দাঁড় করিয়ে রেখেছে বহুকাল
গুনছে ক্ষণ, জল্লাদ প্রস্তুত হাতে তরবারি হিলহিলে
ঠোঁটে চন্দ্রবোড়া হাসি
অবশেষে, অন্তিম মুহূর্তে
ভেবে নাও, তুমি জয়ী।

যাবার কালে

তোমার নিজের বলে কিছুই রইল না
তুমি তবে চলে যাচ্ছ নীরবে নিঃশব্দে
স্মৃতি বলে কোনো কিছু, হয়তো তাও নয়,
তখনো ভাঙেনি ঘুম প্রগাঢ় রাতের,

আড়মোড়া ভেঙে উঠে বসেনি বাতাস
চলে গেলে ধীর পায়ে মৃদুমন্দ লয়ে
তোমার কী অবশেষ সংগীত মূর্ছনা
একবার ডুকরে উঠে মিলিয়ে গিয়েছে;

ঢেউ ভাঙা ভাঙা ঢেউ ফুলের কুড়িতে
তুমি চলে গেলে পর পাপড়ি ওষ্ঠ মেলে
হাসি, বিচ্ছুরিত কাদাজলে, শুকতারা কয়,
পরবাসী, এইবার, ফিরে এসো ঘরে;

মর্ত্যবাসীদের ঘুম ভাঙেনি তখনো
কালনিদ্রা হয়তো ভাঙবে না কোনো কালে,
চৈত্রের সুদীর্ঘ দিন ক্লান্ত ও ধূসর
কিছু ফাঁপা স্বপ্ন নিয়ে নায়ে চড়লে তুমি।

মানুষের ঘরে এসেছিলে, তুমিও মানুষী,
অবাঞ্চিত বিভাজন ভার করে ভক্ত ও প্রতিমা
পড়ে রইল যত অর্ঘ পূজা নিবেদন উপাচার
ভাঙা বাঁশ খড় ও বিচুলি ভেসে গেলে দিনান্তে ভাটায়।


দাঁড় পড়ছে দাঁড় বাইছে

দাঁড় পড়ছে কূলহীন দরিয়ায়
বাইছে কেউ আকুল মুহূর্তে এই
পারাপারহীন কোন আঁধার সায়রে
ঢেউ উঠছে, ঢেউ নামছে, শান্ত নিরিবিলি,
পরিচ্ছন্ন আকাশ জলের তেপান্তর
জলহীন শূন্যে কোনো এক চাঁদ
চাঁদের কিরণ নিয়ে খেলে হাওয়া
খেলে যায় নিঃসীম অসীম
ভাঙা-ভাঙা, ঢেউহীন, ঢেউহীন, ঢেউয়ে-ঢেউয়ে
আজ রাতে আকুল পাথারে
মহাসাগরের আঁধার রাত্রির
আধিয়ার দাঁড় পড়ছে, দাড় বাইছে কেউ,
বিশ্বভুয়ে আধরনি আভুবনময়
কেউ নেই, দাঁড় বাইছে, অন্তহীনতায়
নিঃশব্দের গান উড়ে চলে শাদা-শাদা
দুধশাদা একাকী মরাল। ছায়াও পড়ে না যার,
ছায়া মারা পড়ছে ওই ছায়ার ভিতর।

ছায়া-ছায়া, সাগর-দরিয়া, তেপান্তর
ছাপিয়ে কাপিয়ে পড়ে নিঃশব্দে, শব্দিত
অতল মূর্ছনা। দাঁড় পড়ছে। হয়তো
দাঁড় বাইছে কেউবা কোথাও। অন্তহীন, অন্তহীনতায়

না, আমারে বলো না অমন করে
তুমি নেই। এ লেখায়।