পুরুষ ছাড়া আমি একদম বাঁচি না
সত্যি বলছি, পুরুষ ছাড়া
আমি একদম বাঁচি না।
পুরুষসঙ্গই আমাকে
নারীত্বের শিক্ষা দেয় এখনও।
যেদিন প্রথম অস্ফুটবোলে
বাবা বলে ডাকি,
আয় মা – বলে একজন পুরুষই
বুকে আগলে আমার কচিপনায়
এনে দিয়েছিলো সাবলম্বিতা
ভাইয়া ভাইয়া বলে যে দুটো কোলে
মুখগুজে পৃথিবীতে সহোদর-আনন্দ
খুঁজতাম, সেদুটোও ছিলো পুরুষকোল।
আর এসব চিনিয়ে দিয়েছিলেন,
আমার মা। তিনি কতকটা নারী,
অধিকাংশটাই মানুষ।
নারী-পুরুষ ভেদাভেদ নিয়ে
তাঁর মাথা ব্যথা ছিলো না কোনো।
আমার রোজ ঘুমের আগে
যে সুখস্বপ্ন তাড়া করে আজও
সত্যিই বলছি,
তারও গভীর গোপনে লুকিয়ে থাকে
একটি পৌরুষদেহ।
একান্ত নিবিড় ক্ষণে পেয়ে
যতবার স্পর্শ করে সে-
ঠিক ততবারই নারী হয়ে উঠি আমি,
বাকী সববেলাতেই আমি মানুষ।
ঋতুস্রাবের বেদনা ওগলানো
শরীরি দিনগুলি বাদে
নারীত্বের অহঙ্কারী খোলস কৈলাসে
ফেলে এসেছি বহুজনম আগেই।
রক্তের ছন্দে, মাংসের কোষে
আমি যতটা নারী
ঠিক ততটাই মানুষ।
একদিকে আদিম প্রেম-যৌনতা,
অন্যদিকে ধ্যান-জগত-কর্মযজ্ঞ
সবেতে আমার আধিপত্য সমসমান।
