২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমের খোলস ভেঙে

আনন্দময়ী মজুমদার

Published : 04 Mar 2017, 01:31 PM

Updated : 23 Jun 2022, 04:02 PM

ডিমের খোলস ভেঙে বারবার
বারবার বেরিয়ে এসে
যেন জাতকের প্রেমে নতুন মানুষ
হওয়া যায়
নতুন প্রাণ যেন কৃষ্ণঅভিসারে যাবে
এমন প্রণয়, সব মৃত্যু ভুলে
পথ সামনে বা পিছনে চলে যায়
নদীরা মরার আগে জন্মে নেয় শেষে
অতীত-অববাহিকায়
দেহের রিরংসা, হতাশা, ম্লানতায় রক্ত
সমুদ্রের লবণে কি তবু জলের মতো মেশে?
সমুদ্রে যে লোবানের ঘ্রাণ আছে
বেদনার অপার অন্তিম স্বাদ
আলোর ত্বক চিতার ফোঁটার মতো
ঢেকে আছে পৃথিবীর দাফনপোশাক
আমরা এখানেই বীতংসী মনে

মানুষ এনেছি
হাওয়ার আঙুল লাগার আগে নীলাভ শরীর যার
সে মানুষ মৃত্যু চেনে না
সে মানুষ জড়িয়ে ধরে আছে জীবনের তাবৎ শেকড়
যেন অনন্ত জীবন বাঁচবে বলে এসেছে সে
ভিক্ষুকের থালা নিবারণ করবে ব'লে
যেন খেলার কাঁথায়
মগ্ন মাটির আঙুলে জড়িয়ে নিতে চায়
ফসল ফলন মাঠ আর
নক্ষত্রের প্রেম যা কিছু বিলায়