২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাবোর সাথে মস্করা

যুবায়ের মাহবুব

Published : 17 Apr 2015, 12:42 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

জন লি অ্যান্ডারসন (জন্ম ১৯৫৭) প্রখ্যাত মার্কিন সাংবাদিক ও লেখক। মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ বিশ্বের নানা যুদ্ধক্ষেত্র থেকে রিপোর্টারের দায়িত্ব পালন করেছেন। 'নিউ ইয়র্কার' পত্রিকার জন্যে নিয়মিত লিখছেন ১৯৯৮ সাল থেকে। ১৯৯৯ সালে 'গার্সিয়া মার্কেসের শক্তি' শিরোনামে একটি দীর্ঘ প্রবন্ধ প্রকাশ করেন। আধ ডজন বই লিখেছেন, এর মধ্যে চে গেভারার জীবনীটি সবচেয়ে বিখ্যাত। চে'র মৃত্যুরহস্য অনুসন্ধান করতে গিয়ে তিনিই প্রথম বলিভিয়ায় হারানো সমাধিস্থল আবিষ্কার করেন, চে'র মৃত্যুর প্রায় তিন দশক পর। গত বছর এপ্রিলে গার্সিয়া মার্কেসের মৃত্যুর পর এই প্রবন্ধটি 'নিউ ইয়র্কার' পত্রিকায় প্রকাশ পায়। গাবোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটির ইংরেজি অনুবাদ করেছেন অনুবাদ ও প্রাবন্ধিক যুবায়ের মাহবুব। বি. স.

গত সপ্তাহে মেক্সিকো সিটির বাড়িতে মৃত্যুবরণ করলেন ৮৭ বছর বয়সী গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। পৃথিবীর জন্যে রেখে গেলেন সুবিশাল সাহিত্য সম্ভার। খুব কম লেখকই এতগুলো ভাষায় অনুদিত হয়েছেন, এত দেশের পাঠকদের কাছে পৌঁছুতে পেরেছেন। তার মৃত্যুতে ইংরেজ ঔপন্যাসিক ইয়ান ম্যাকইউয়ান যথার্থ মন্তব্য করেছেন – 'আমাদের নতুনভাবে দেখতে শিখিয়েছিলেন গাবো।'

অগুণতি ভক্ত-পাঠকদের কাছে গাবোর একটি অসামান্য গুণ কিন্তু মোটামুটি অজানাই রয়ে গেছে – তার ক্ষুরধার রসবোধ, তার প্রত্যুতপন্নমতিত্ত। গাবোর মাতৃভূমি কলম্বিয়াতে এই বৈশিষ্ট্যের একটি আলাদা নাম রয়েছে – 'মামার গাইয়ো' (mamar gallo)। এর আক্ষরিক অর্থ 'মোরগ চোষা', কিন্তু ব্যবহারিক অর্থ হলো 'ঠাট্টাবাজি করা'। গাবো ছিলেন অসাধারণ ঠাট্টাবাজ, বা 'মামাদোর দে গাইয়ো'। মৃত্যুর দিন তার চরিত্রের এই আকর্ষনীয় দিকটি পুনরায় স্মরণ করিয়ে দিলেন বন্ধুপ্রবর আরিয়েল পালাসিওস। তার পাঠানো এক ঝাঁক গাবো-বাণীর মধ্যে আমার সবচেয়ে প্রিয় এটি – 'বিষ্ঠা যেদিন থেকে বাজারে বিকোবে, সেদিন থেকে গরীবের শরীরে আর পায়ু থাকবে না।' ('El día que la mierda tenga algún valor, los pobres nacerán sin culo.') আরো অনেক ছিল এমন – কিছু ছিল ননসেন্স চুটকি, যেমন 'জন্মের আগে থেকে আমি কলম্বিয়ায় শান্তির জন্যে ষড়যন্ত্র পাকাচ্ছি', আবার কিছু ছিল মার্ক টোয়েইনের ঢংয়ে লোকজ প্রবাদ – 'সবচেয়ে সেরা আবিষ্কারের নাম হলো জীবন।'

অতিরঞ্জন বা অত্যুক্তি ছিল গাবোর কল্পনাশ্রয়ী জীবনদর্শনের অন্যতম প্রধান উপাদান। তিনি দাবী করতেন যে Of Love and Other Demons উপন্যাসটি একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা, তিনি নিজেই নাকি সংবাদপত্রে এই নিয়ে প্রতিবেদন লিখেছিলেন ১৯৪৯ সালে। বন্দর নগরী কার্তাহেনার সান্তা ক্লারা কনভেন্টের এক পাতালকক্ষে মৃত নারীর কঙ্কাল পাওয়া যায় সে বছর, তার খুলির সোনালী চুলের দৈর্ঘ্য ছিল নাকি সত্তর ফুট! আরেকটি গল্প বলতে পছন্দ করতেন গাবো – ফিদেল কাস্ত্রো নাকি তার সামনে এক বসায় ছাব্বিশ স্কুপ আইসক্রিম খেয়েছিলেন! ১৯৯৯ সালে 'নিউ ইয়র্কার' পত্রিকার জন্যে গাবোর উপর একটি দীর্ঘ ফিচার লেখার পরিকল্পনা করছি , সাক্ষাৎকার পাবার আশায় তার সাথে প্রথম যোগাযোগ করলাম টেলিফোন মারফত। নিজেই ফোন ধরলেন। যখন আমার নাম উল্লেখ করলাম, উল্লসিত কন্ঠে বলে উঠলেন – 'আরে অ্যান্ডারসন! ধুরো, তোমাকে কতদিন ধরে গরুখোঁজা খুঁজছি, জানো? কোথায় লুকিয়ে ছিলে বলো তো?'

একদম স্বভাবসিদ্ধ গাবো। আমাদের তখনও দেখাই হয়নি, অথচ কয়েক মুহূর্তের পরিচয়কে ঘিরে ঠিক ঠিক একটা চমৎকার গল্প বানিয়ে ফেললেন। আর একবার যদি মনের মতো গল্প সাজিয়েছেন তো সেরেছে – সত্যি মিথ্যা যাই হোক, আজীবন সেভাবেই ঘটনাটি মনে রাখতেন তিনি।

কিছুদিন বাদে স্পেনের বার্সেলোনায় আমাদের সাক্ষাৎ হলো, গাবোর বিশ্বস্ত এজেন্ট কার্মেন বালসেল্স-এর অফিসে। আমাকে আপাদমস্তক দেখে নিলেন একবার, শুধালেন – 'তোমার বয়স কত?' জবাবে বললাম 'বিয়াল্লিশ'। শুনে তিনি সট করে ঘুরে দাঁড়ালেন, বালসেল্স-এর অফিসে কর্মরত মাঝবয়েসী মহিলা অ্যাসিস্ট্যান্টদের উদ্দেশ্যে হাঁক ছেড়ে বললেন – 'তোমরা শুনছো? মাত্র বিয়াল্লিশ! মনে আছে সেই বয়সটা কেমন ছিল?' পুনরায় আমার দিকে ফিরে বললেন – 'কি দারুণ! আর একটিবার যদি বিয়াল্লিশে ফিরে যেতে পারতাম।' আবারও চিরন্তন গাবো – অন্তরঙ্গ, অমায়িক, নিজের সেলিব্রিটি পরিচয় ঝেড়ে ফেলে বন্ধুদের সাথে একাত্ব হতে সর্বদা সচেষ্ট থাকতেন তিনি।

কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস গাবোর মৃত্যুতে তিন দিনের সরকারী শোক ঘোষণা করেছেন, বলেছেন যে 'সর্বকালের শ্রেষ্ঠ কলম্বিয়ান' গার্সিয়া মার্কেজ। আমার মনে হয় না খুব বেশি সংখ্যক কলম্বিয়ান এই মূল্যায়নের সাথে দ্বিমত পোষণ করবেন। মানুষের নিখাদ ভালোবাসা পেয়েছিলেন তিনি। সহিংসতা আর মাদক পাচারের জন্যে বিশ্বব্যাপী পরিচিত যে দেশটি, তার জনগনের কাছে গার্সিয়া মার্কেজের সাহিত্য ছিল এক অমূল্য অর্জন, কৃতজ্ঞচিত্তে জাতি তা গ্রহণ করে নিয়েছিল। শ্রেণী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরের মানুষ তাকে ভালোবাসতো। ১৯৮২ সালে নোবেল পুরস্কার বিজয়ের পর থেকে অনেক কলম্বিয়ানের কাছে স্রেফ একটি নামে তিনি পরিচিত হয়ে যান – এল নোবেল (El Nobel) – এতটুকু বললেই সবাই বুঝে যায় কার কথা বলা হচ্ছে।

স্প্যানিশ ভাষায় যাকে বলে 'কন্সপিরার' – গাবো সেই ফন্দি আঁটতে খুব পছন্দ করতেন। ফিদেল কাস্ত্রো-র সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং মিল-মহব্বতের পেছনে অন্যতম প্রধান কারণ, ফিদেল নিজেই একালের সেরা কন্সপিরাদোর বা ফন্দিবাজদের একজন। কিউবান বিপ্লবের নায়ক এবং মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মাঝে কূটনৈতিক আলাপে গাবো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন, উদ্দেশ্য ছিল শত্রুভাবাপন্ন দুটি দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে সাহায্য করা। খুব আমোদের সাথে সে গল্প করতেন তিনি। তার উপর এতখানি আস্থা রাখা হয়েছে ভেবে গর্ববোধ করতেন, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসতেন ফিসফিস কন্ঠে সরকারী হাড়ির খবর, পর্দার আড়ালের গোপন আলোচনা, কূটনীতির মারপ্যাঁচ।

একবার যদি সিদ্ধান্ত নিয়ে ফেলতেন যে কাউকে বিশ্বাস করা যায়, তারপর থেকে সে মানুষের সাথে আর কোনো তফাৎ রাখতেন না। 'নিউ ইয়র্কার' পত্রিকার প্রোফাইলটির জন্যে বেশ কয়েকবার দীর্ঘ আলোচনায় বসেছিলাম আমরা। একটি ব্যাপারে তাকে ঘুরে ফিরে বারবার প্রশ্ন করেছিলাম – ক্ষমতা এবং ক্ষমতাধর লোকদের প্রতি যে প্রবল আকর্ষণ অনুভব করেছেন সারাজীবন, যার প্রতিফলন ঘটেছে তার সাহিত্য এবং ব্যক্তিজীবনেও, এর নেপথ্য রহস্য কী? জবাবে চেয়ারটা আরেকটু কাছে টেনে নেন, আমার হাঁটু আলতো স্পর্শ করে বলেন – 'আচ্ছা দেখো, আত্মজীবনীর জন্যেও তো কিছু কথা বাকি রাখতে হবে, না কি?' এভাবে করেই তার দলে আমাকে ভিড়িয়ে নিলেন, যেমনটা এর আগেও নিয়েছিলেন অগুণতি ভক্তকে। নিমেষে তার ফন্দির অংশীদার হয়ে যাই আমিও।

গগনচুম্বী সাফল্য সত্ত্বেও গাবো তার কপালকে কখনো পুরোপুরি বিশ্বাস করতে পারতেন না। কলম্বিয়ার ক্যারিবীয় উপকুলের দরিদ্র, দুর্গম আরাকাতাকা গ্রাম থেকে উঠে এসেছিলেন তিনি, নিজের পরিচয় দিতেন 'টেলিগ্রাফ অপারেটরের ছেলে' হিসেবে। সৌভাগ্য আর সাফল্য ভাগ করে নিতে চাইতেন সবার সাথে। ২০০৭ সালে কার্তাহেনা শহরে তার ৮০তম জন্মদিন উদযাপিত হয়, সে অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলেন আমাকে। একদিন তার প্রিয় এক রেস্তোরাঁর প্রাইভেট কক্ষে বসে আছি আমরা, এমন সময় লাঞ্চের উদ্দেশ্যে রেস্তোরাঁয় ঢুকলো একদল তরুণী। চোখ পড়ে গেলো তাদের গাবো'র ওপর। ব্যাস, আনন্দ-উত্তেজনায় তো প্রায় দিশেহারা হবার যোগাড়, আঙ্গুল দিয়ে এদিকে দেখাচ্ছে, হাত নেড়ে হাসছে। খানিক বাদে ওয়েটারকে দিয়ে অনুরোধ পাঠালো – গাবো কি অনুগ্রহ করে তাদের সাথে একটি ফটো তুলবেন? গাবো সাথে সাথে রাজী হয়ে গেলেন, চলে গেলেন মেয়েদের মাঝে। এরপর দশ মিনিট আমরা যেন তার কাছে নেই হয়ে গিয়েছিলাম। ফ্যানদের সাথে একের পর এক ছবি তুললেন তিনি। তরুণীরা তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, আর এদিকে গাবোর মুখে একান-ওকান হাসি, ফিটফাট পোজ দিচ্ছেন যেন মেলার 'সবচেয়ে সুদর্শন যুবক' প্রাইজটি জিতে নিয়েছেন মাত্র।

পরিপাটি থাকতে ভালোবাসতেন, সুন্দর জামাকাপড় পছন্দ করতেন। স্ত্রী মের্সেদেস তার স্নেহময় চোখ কপালে তুললেও গাবো অনেকটা জোর করেই নিজের কাপড় নিজে বেছে নিতেন। মের্সেদেস তার নাম দিয়েছিলেন 'ত্রাপোলোকো' বা 'পাগলাত্যানা'। সেবার কার্তাহেনা সফরের সময়ে গাবোর সান্ধ্যকালীন পোশাক ছিল সবুজ-হলুদ চেক নকশার একটি ব্লেজার। দেখে মনে হয় সত্তর দশকের মাঝামাঝি হয়তো হাল ফ্যাশনের আইটেম ছিল এই বস্তু, কুংফু ছবির জনপ্রিয়তার তুঙ্গে হয়তো এমন জামা নাইটক্লাবের ডান্সফ্লোরে শোভা পেতো। কিন্তু জ্যাকেটটা গাবোর ভীষণ প্রিয় ছিল, বুক ফুলিয়ে হাঁটতেন সেটা পরে।

শেষবারের মত তার সাথে দেখা হয় গত বছর, মেক্সিকো সিটির বাড়িতে। গাবো, মের্সেদেস, আমি, আর মের্সেদেসের এক বন্ধু একসাথে লাঞ্চ করি। গাবো ছিলেন তার স্বভাবসুলভ কেতাদুরস্ত সাজে – মার্জিত কিন্তু বেশ চোস্ত একটি ছাইরঙ্গা থ্রি-পিস স্যুট, পায়ে তার স্বভাবসুলভ উঁচু "কিউবান হিল"-ওয়ালা বুট। (গাবো খুব একটা লম্বা ছিলেন না।)

খানাপিনা করলাম, আড্ডা মারলাম, সবাই মিলে ফটো তুললাম। বিদায় বেলায় গাবো নাছোড়, আমাকে অপেক্ষমান ট্যাক্সি পর্যন্ত এগিয়ে দিয়ে তবেই ছাড়বেন। একসাথে বাড়ির বাইরে চলে এলাম আমরা, ট্যাক্সিচালক যখন বুঝতে পারলো তার সামনে কে দাঁড়িয়ে, মুখে বিস্ময়ের হাসি ফুটলো। রাস্তার ওপাশে মালী কাজ করছিলো, সেও উঠে দাঁড়িয়ে হাত নাড়লো। গাবো সবার দিকে হাসিমুখে তাকালেন, পাল্টা হাত নাড়লেন। বিদায় জানিয়ে আলিঙ্গন করলাম তাকে। 'কুয়ান্দো ভুয়েল্ভেস? আবার কবে আসবে?' আমি হ্যাঁ-না কিছু না বলায় গাবো নিজেই স্মিত হেসে বললেন – 'শিগগিরই হয় যেন।' প্রতিবার তা-ই বলতেন গাবো।