বাংলাদেশের এসিডদগ্ধ নারীদের সম্পর্কে নোবেলবিজয়ী মারিও বার্গাস যোসা
২০১০ সালে সাহিত্যে নোবেলবিজয়ী লেখক মারিও বার্গাস যোসা উপন্যাস, গল্প ও সাহিত্যসমালোচনা ছাড়াও, লিখেছেন বিশ্বরাজনীতি ও সংস্কৃতি বিষয়ে অসংখ্য প্রবন্ধ। ইউরোপ ও মধ্যপাচ্যের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে তাঁর মন্তব্য ও পর্যবেক্ষণ পাঠকদের ভাবনা ও অনুভূতিকে করেছে সমৃদ্ধ । তাঁর সার্বজনীন কৌতূহলের কাছে বাদ যায়নি, বাংলাদেশের এসিডদগ্ধ নারীদের করুণ ঘটনাও। ১৯৯৯ সালে স্পানঞা থেকে প্রকাশিত এল পাইস পত্রিকায় বাংলাদেশের এসিডদগ্ধ নারীদেরকে নিয়ে এই লেখাটি প্রকাশিত হয়। পরে ২০০১ সালে লেঙ্গুয়াহে দে লা পাশিয়ন গ্রন্থে এটি প্রথম অন্তর্ভুক্ত হয়, আর ইংরেজি তর্জমায় গ্রন্থটি দ্য লেঙ্গুয়েজ অব প্যাশন নামে ২০০৪ সালে প্রকাশিত হয়। ইংরেজি গ্রন্থে অন্তর্ভুক্ত `Weaker sex' নামক প্রবন্ধের প্রাসঙ্গিক অংশটি কবি-প্রাবন্ধিক রাজু আলাউদ্দিনের অনুবাদে এখানে হাজির করা হলো। বি. স.
আমার সামনে যে ছবিটি আছে তা হতে পারত হরর্ মুভির কোনো স্থিরচিত্র। এতে দেখা যাচ্ছে বাংলাদেশের ছয়টি মেয়ে, দু'জন নিতান্তই শিশু, সালফিউরিক অ্যাসিডে যাদের চেহারা নষ্ট হয়ে গেছে। একজন ছিল অন্ধ আর তার শূণ্য চোখের কোটরকে আড়াল করে রেখেছে কালো চশমা। এটা রাসায়নিক পরীক্ষাগারে কোনো দুর্ঘটনা ছিল না, যা তাদের চেহারাকে ভৌতিকভাবে বিকৃত করে তুলেছে। অজ্ঞতা, বোকামি আর নিষ্ঠুরতার শিকার তারা। মানবতাবাদী সংগঠনের সহায়তায় তারা নিজ দেশ থেকে এসেছে বালেনসিয়ার আগুয়াস বিবাস হাসপাতালে, যেখানে তাদের অপারেশন হবে এবং চিকিৎসা সেবা দেয়া হবে। তবে শরীরবিদ আর সার্জনের দক্ষতা সত্ত্বেও এই মেয়েগুলোর জীবন যে চিরদিনের জন্য মর্মান্তিক বেদনার সাক্ষ্য হয়ে থাকবে, তা বুঝবার জন্য ওদের চেহারা দেখাই যথেষ্ট। ওদের সঙ্গে আসা ঢাকার ডাক্তার লুনা আহমেদ জানালেন, বাংলাদেশে মেয়েদের মুখে সালফিউরিক অ্যাসিড ছুঁড়ে মারার প্রথার অবসান ঘটানো কঠিন, যেখানে প্রতিবছর ২৫০টি ঘটনা নথিবদ্ধ হয়। প্রত্যাশিত যৌতুক না পেয়ে ক্রুদ্ধ স্বামীরা সাধারণত এ ধরনের কাজ করে থাকে। আবার পারিবারিক ঐকমত্যে আয়োজিত বিয়ের ক্ষেত্রেও নারীদের দ্বারা প্রত্যাখ্যাত হবু বরও এমন কাজ করে।
সালফিউরিক অ্যাসিড তেলের পাম্পে হয়তো কেনা যায়। অপরাধীদের কদাচিৎ গ্রেফতার করা হয়; হলেও বিচারক সচরাচর ঘুষ খেয়ে তাদের খালাস দিয়ে দেয়। আর তারা অপরাধী সাব্যস্ত হলেও তা-ও খুব গুরুতর বিষয় নয়, যেহেতু কোনো নারীকে দানবে রূপান্তরিত করার জন্য বড়জোর চার কি পাঁচ ডলার জরিমানা দিতে হয়। (The Language of Passion: Selected Commentary, Picador; Reprint edition (June 1, 2004), p 218-219)
