২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেইমাস হিনি: উপনিবেশ-বিরোধিতা আর জাতিসত্তার কবিকে শ্রদ্ধাঞ্জলি

মাসুদুজ্জামান

Published : 31 Aug 2013, 10:32 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

১
এডওয়ার্ড সাঈদ তাঁর সংস্কৃতি ও সাম্রাজ্যবাদ গ্রন্থে কবি শেইমাস জাস্টিন হিনিকে [১৯৩৯-২০১৩] সমকালীন আইরিশ কবিতার প্রধান প্রতিনিধি বলে উল্লেখ করেছিলেন। আধুনিক কবিতার অন্যতম প্রধান কবিপুরুষ হিনির কবিতা প্রসঙ্গে যদিও এই ছিল সাঈদের সামান্য সমীক্ষণ, তবু ওই গ্রন্থে সেদেশের সাহিত্যের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে তিনি যে মন্তব্য করেন, সেই সূত্রে হিনির কবিতাকে বুঝে নেওয়া যায় সহজেই। অবশ্য শুধু কবি হিসেবে নন, ঔপনিবেশিকতার দ্বারা জীর্ণ-আক্রান্ত, সংস্কৃতি-সচেতন ভাবুক হিসেবেও সাঈদের কাছে হিনির গুরুত্ব অপরিসীম।

সাঈদ বলেছেন, আইরিশ সাহিত্যে গতশতকের প্রথম দিকে ঘটেছে একধরনের 'পুনর্জাগরণ'। 'জাতীয় অভিজ্ঞতা'কে সেদেশের লেখক ও ভাবুকেরা সমকালীন ভাবকল্পনার দ্বারা নবায়িত করে নিয়েছেন। তাঁদের লেখায় ফুটে উঠেছে জাতিগত আত্মপরিচয়, স্থানিকতা ও কেল্টিক শেকড়ের প্রতি তীব্র টান। এই অভিজ্ঞতা হিনির কবিতা ও গদ্য যাঁরা পড়েছেন, তাঁদের মধ্যেও সঞ্চারিত হয়ে যায়। তাঁর প্রথম কবিতার বই একজন প্রকৃতিবাদীর মৃত্যু থেকে সর্বশেষ গদ্যগ্রন্থ কবিতা নিয়ে পুনর্কথন : অক্সফোর্ড বক্তৃতামালা পর্যন্ত ঘটেছে এই ভাবকল্পনার সম্প্রসারণ।

হিনি কবিতা লেখা শুরু করেছিলেন গতশতকের মধ্য-ষাটের দশকে। সেই হিসেবে, ভাবতে অবাক লাগে, মাত্র তিন দশকের মধ্যে বিকশিত হয়ে উঠেছে তাঁর কবি-প্রতিভা। ১৯৯৫ সালে সাহিত্যে চুরানব্বইতম নোবেল পুরস্কার পাওয়ার পর পূর্ণায়ত হয়ে ওঠে তাঁর সাফল্যের সীমা। কবি হিসেবে পেয়েছেন সর্বোচ্চ স্বীকৃতি।

২
আইরিশ কবিতাকে যে-দুজন কবি সমৃদ্ধ করে তুলেছেন হিনি তাঁদের একজন। তাঁর কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে বিষয়ের দ্যুতি আর তীব্র সংবেদনার সূত্রে পাঠকের কাছে দারুণভাবে আকর্ষক মনে হয়েছে। তাঁর প্রথম দিকের কবিতা, লক্ষ করলে দেখা যাবে, নিস্তরঙ্গ গ্রামীণ প্রেক্ষাপটে অপাপবিদ্ধ এক মানুষের সজীব অভিজ্ঞতায় ঋদ্ধ, ঐতিহ্যের প্রতি গভীরভাবে শেকড়ায়িত। প্রথম কাব্যগ্রন্থের নামকরণের মধ্যেও লক্ষ করা যাবে অভিজ্ঞতার বহুবর্ণিল উৎসারণ। কিন্তু ধীরে ধীরে তাঁর কবিতা হয়ে উঠতে থাকে আইরিশ-ব্রিটিশ সমাজের রূঢ় প্রতিচ্ছবি। সামাজিক দ্বন্দ্ব-সংঘাতকে প্রাধান্য দিতে থাকেন তিনি। হিনির কবিতায় এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ করেই বেলফাস্টে জন্ম নেওয়া কবি টম পাউলিন প্রখ্যাত মার্কিন কবি রবার্ট ফ্রস্টের সঙ্গে তাঁর তুলনা টেনেছেন।


গতশতকের সত্তর দশকের প্রথমার্ধে উত্তর অ্যায়ারল্যান্ডের সমস্যা যখন তুঙ্গে ওঠে, তখন হিনির প্রকাশিত হয় তৃতীয় কাব্যগ্রন্থ শীতের পরিভ্রমণ। ওই বছরই বেলফাস্ট ছেড়ে আইরিশ প্রজাতন্ত্রে চলে আসেন তিনি, জীবনের সঙ্গে মিলিয়েই যেন কাব্যগ্রন্থের নামকরণ করেন। উল্লিখিত এই বইয়ের কবিতাগুলোকে দ্বন্দ্ব-সংঘাতে বিপর্যস্ত উত্তর আয়ারল্যান্ডের বিশদ বিবরণ নয়, পরোক্ষ উল্লেখ পাওয়া যায়। ১৯৭৫ সালে প্রকাশিত হয় তাঁর চতুর্থ কাব্যসংকলন উত্তরাঞ্চল। এতে অন্তর্ভুক্ত কবিতায় জাতিগত সংঘাতে জড়িয়েপড়া আইরিশ জাতির মর্মান্তিক অভিজ্ঞতাকে প্রথম হিনি উপজীব্য করে তুলেছেন। তিনি যে ধর্মীয় কারণে বিভক্ত আইরিশ জাতি নিয়ে কতটা বিপর্যস্ত ছিলেন, তার পরিচয় ছড়িয়ে আছে এই বইয়ের নানা কবিতায়। বইয়ের নামকরণটি তাই তাৎপর্যপূর্ণ। 'যে-কথা বল, তাতে আসলে বলা হয় না কিছুই' শীর্ষক কবিতাটি তো রীতিমত সংঘাতময় আইরিশ জাতির কেন্দ্র থেকে উঠে আসে কবির ভাবনায়। ধর্ম যে কতটা অর্থহীন, সমাজ যে ধর্মীয় সংঘাতে ক্ষত-বিক্ষত, রূপকধর্মী এই কবিতায় হিনি সেকথাই ব্যক্ত করেছেন এইভাবে :

ধোঁয়ার চিহ্নে আচ্ছন্ন মানুষের সঙ্গে আমাদের তুলনা হতে পারে :
নাম এবং স্কুলে খুঁজে পাওয়ার জন্যে চেষ্টা করছি,
সূক্ষè বিভেদ শুধু ঠিকানায়,
খুব কমই ব্যতিক্রম হয় এই নিয়মের …
মৃত্যুর আগে কী কোনো জীবন আছে? তারই রূপরেখা আঁকো
বলমারফিতে। বেদনাতেই সিদ্ধি
দুর্ভাগ্যই এখন স্পষ্ট, কামড় আর মধ্যাহ্নভোজ,
আমরা আমাদের ছোট্ট
পরিণামকে আবার এভাবেই আলিঙ্গন করছি।

হিনির কবিতায়, বোঝা যায়, আইরিশ রাজনীতির জাতীয়তাবাদী ভাবনা, ব্রিটিশ হস্তক্ষেপ, ক্যাথলিক সংবেদনা থেকে বিচ্ছিন্ন নয়। তাঁর কবিতার ভাষার স্বতশ্চল গতিভঙ্গি পুরনো রীতিকে অস্বীকার করে সম্মোহ সৃষ্টিতে যে কৃতিত্ব দেখায়, তাও বিস্ময়কর। জাতিগত আত্মপরিচয় আর সমকালীন সংকটকে একইসঙ্গে ধারণ করেও শিল্পসাফল্যে কবিতাগুলো উজ্জ্বল।
হিনির ভাবকল্পনা আসলে এতটাই অসম্পূর্ণ অথচ আকর্ষক যে, পাঠকের নিজের মতো করে কিছু-না-কিছু ভাববার, কল্পনা করবার অবকাশ থেকে যায়। তাঁর উচ্চারিত দার্শনিক ভাবনাও শুধু অনুভববেদ্য হয়ে উঠতে থাকে, কিন্তু সেই ভাবকল্পনা কখনোই বস্তুপরিপ্রেক্ষিত বর্জন করে না। এমনকি যেসব প্রসঙ্গ তাঁর কবিতায় উঠে আসে, সেসব প্রসঙ্গে আনন্দানুভূতির রেশ থাকলেও, অনেক সময় তা প্রায় অনির্দেশ্য থেকে যায়। আর এই অনির্দেশ্য অনুভবই তৈরি করে দেয় তাঁর কবিতার সৌন্দর্য। একটি কবিতায় তিনি তাঁর আত্ম-অনুভবকে চমৎকারভাবে তুলে ধরেছেন এইভাবে : 'আত্মবন্দি নই, নই কোনো সংবাদদাতা / নিজের ভেতরেই আমি অভিবাসী, আমার মাথায় দীর্ঘ চুল / আর কী যে চিন্তামগ্ন আমি।'

::::::::::::::::::::::::::::::::::

শেইমাস হিনির কবিতা

জ মি ন

১
একটু একটু করে আমি মাড়িয়ে গেলাম।
লকলক করে বেড়ে ওঠা ঝোঁপঝাড়, ঘাস।
পুরনো নিচু জায়গাটা আমি মুক্ত করে নিয়েছি
পেরিয়ে এলাম ওই জায়গা জমিন
একটা স্মৃতিসৌধ গড়বো বলে
চাষাবাদ করে খুঁড়ে তোলা মাটি থেকে
তুলে নিলাম কত যে পাথর।
নালাটাকে ছাপছুৎরো করে নিলাম
ঝোঁপঝাড়ের মধ্যে তবু আটকে আছি
কখনও কখনও সেই-যে ভোরবেলা উঠি
জমিনের ওপর দিয়ে হেঁটে হেঁটে চলি।

এভাবেই আমি ওই দামি জমিটাকে ঠিকঠাক
করে নিয়েছি, যাতে আমার শেষ ভোজনটা
দেখতে বাড়াবাড়ি রকমের বলে মনে না হয়
অথবা আমকে ক্ষুধার্ত থাকতে না হয়।

২

এই হচ্ছে সেই জায়গা যেখানে আমি বাস করতে চাই,
জড়াজড়ি করে, মিলেমিশে, শাখা-প্রশাখাময়।
খড়ের গাদার মসৃণ ঢালু জায়গাটার কাছাকাছি।
সিক্ত বুড়ো মেয়েলোকটি কীভাবে যে ভেজা পাতা আর খড়কে
আলতো করে ঝটপট বেঁধে ফেলছে, বানাচ্ছে
বসবাসের ঘর, তার খোলা বুকেই যেন চলছে এইসব কাজ

নতুন নতুন খড় আর যত ফসল, নুয়ে আছে।
দেখতে দেখতে কত যে সময় পার হয়ে গেল
খরগোশের পরে অতিক্রম করে গেল আরেকটি খরগোশ।

৩
ঘাস আর দারুচিনি গাছের তলায় আমি
আবিষ্কার করলাম নরম জমিন
এই নৈঃশব্দ্যের মধ্যে যদি আমি আমার
কর্ণেন্দ্রিয় নিয়ে শুয়ে থাকি
কিছুটা বেশি সময়
উরুর হাড় আর আমার স্কন্ধ
মাটি থেকে কিছুটা উঁচুতে যদি উঠে থাকে, থাক,

তাহলে হয়তো আমি শুনতে পাব ড্রামের
দ্রিমি দ্রিমি শব্দ

একটুও অবাক হব না যদি-বা তখন
উন্মত্ত বাতাস আমাকে ছুঁয়ে যায়

কোথাও না কোথাও আটকে থাকি,
যেন আমি তার দিয়ে তৈরি কানের দুল
দুলছি আর দুলছি।

ক ল তা ন

উইলো গাছের ফাঁপা গুঁড়ির মধ্যে
লুকিয়ে থাক,
শুনতে এটা বেশ পরিচিত পরিচিত লাগছে
যতক্ষণ না, সাধারণত যেমনটা হয়,
পাঠের ওপার থেকে
তোমাকে কোকিল নামে ডাকে।

তুমি তাদের সেই ডাক শুনতে পার
আর ওইভাবে ডাকতে ডাকতে যখন ওরা
তোমার খুব কাছাকাছি চলে আসবে,
তুমি একটা লম্বমান দ- নিয়ে
দাঁড়াতে পার :
ছোট্ট মুখ আর কান
বিখণ্ডিত কাঠের মতো পরস্পর বিচ্ছিন্ন
স্কন্ধ আর বুক
কুয়াশাচ্ছন্ন চারদিক।

(অনুবাদ : মাসুদুজ্জামান)

::::::::::::::::::::::::::::::::::

হিনির কবিতা বুঝতে হলে পাঠককে তাই কিছুটা হলেও চিন্তাশীল হতে হবে, কবিতার ন্যূনতম শর্ত কী বুঝে নিয়ে পড়তে হবে তাঁর কবিতা। তাঁর কবিতার ভাববস্তু ও স্বরায়ন গভীর, পাঠককে সহজেই তা সংবেদশীল করে তুলতে পারে। ভাবনার দিক থেকে কবিতাগুলো আবার একরৈখিক নয়, অর্থাৎ একধরনের ভাবকল্পে স্থির থাকেনি। বিষয়বস্তুর বহুমাত্রিকতা হিনির কবিতার প্রধান প্রবণতা। কবিতাচর্চার কুড়ি বছর পরেও তিনি তাই লিখতে পেরেছিলেন এইধরনের চমৎকার প্রেমের কবিতা : 'ভেবেছিলাম সে হয়তো কোনো ইচ্ছেবৃক্ষ, যে মরে গেছে / কিন্তু দেখলাম সে উঁচু হয়ে উঠছে, শেকড়ে-শাখায় / বনপথের তীব্র বৃষ্টি সরে গেল / সে তো একখনও কতটা স্বাস্থ্যবতী / শাঁসালো আর মুখর।'

কিন্তু শুধু কবিতা নয়, কবিতা ও সংস্কৃতি সম্পর্কে হিনির ছিল নিজস্ব ভাবনা। এজন্যে তিনি গদ্যচর্চাতেও ছিলেন সমান নিবিষ্ট। এই উৎসাহের সঙ্গত কারণ খুঁজে পাওয়া অবশ্য কঠিন নয়। সাহিত্যের অধ্যাপক ছিলেন তিনি। কবিতা লেখা শুরুও করেছিলেন ১৯৬১ সালে বেলফাস্টের কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে গ্রাজুয়েট হওয়ার পর। তারও আগে গতশতকের পঞ্চাশের দশকে উত্তর আয়ারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর লন্ডনডেরিতে শুরু হয়েছিল তাঁর শিক্ষাজীবন। সেই ছেলেবেলায় ওই শহরে থাকতেই ক্যাথলিক ও প্রোটেস্টানদের মধ্যে কীভাবে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, সে সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা হয় তাঁর। গতশতকের ষাটের মাঝামাঝি কুইন্স কলেজেই অধ্যাপনার মাধ্যমে শুরু হয় হিনির শিক্ষকতার জীবন। তিনি উত্তর আয়ারল্যান্ডের প্রথম প্রজন্মের ক্যাথলিক বংশোদ্ভূতদের এমন একজন উজ্জ্বল প্রতিনিধি, যিনি প্রোটেস্টান সংখ্যাগরিষ্ঠ এলাকায় অ্যাকাডেমিক দিক থেকে প্রতিষ্ঠা পেয়েছিলেন। শিক্ষকতা শুরুর দু'বছরের মাথায় ১৯৬৮ সালে কট্টরপন্থী প্রোটেস্টানদের সঙ্গে ক্যাথলিক মানবতাবিরোধীদের শুরু হয়ে যায় একধরনের টানাপোড়েন। হিনি এইসময়ে সারা প্রদেশ ঘুরে আগ্রহীদের পড়ে শোনাতেন গ্রামীণ পটভূমিতে রচিত তাঁর প্রথম দিকের কবিতা। ধর্ম নিয়ে কোনো আগ্রহ ছিল না হিনির। প্রোটেস্টান বা ক্যাললিক সবার মাঝে তাই তাঁর ছিল সহজ বিচরণ। স্মৃতিচারণা করতে গিয়ে এই কথাগুলো বলেছেন তাঁর সেই সময়ের সঙ্গী, দীর্ঘদিনের বন্ধু, চিত্রপ্রযোজক ডেভিড হ্যামন্ড।

এরপর অধ্যাপনা ও কবিতা লেখার জন্যে ১৯৭২ সালে হিনি চলে আসেন ডাবলিনে। এইসময় তাঁর কবিতায় উঠে আসে ধর্মীয়ভাবে বিভক্ত দুই সম্প্রদায়ের পরস্পর হানাহানি সম্পর্কিত নানা অনুষঙ্গ। উত্তরাঞ্চল আর মাঠপর্যায়ের কাজ (১৯৭৯) শীর্ষক গ্রন্থে এই হানাহানি, ভয়-ভীতি, সাম্প্রদায়িক দ্বন্দ্বই উপজীব্য হয়েছে। 'মিলনের ভাবনা' নামের একটা কবিতায় তো ব্রিটেনকে তিনি রীতিমত পেশীবহুল পুরুষশক্তি হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে আয়ারল্যান্ড বা তাঁর নিজের অন্বিষ্ট হচ্ছে কোমল নারীত্বের প্রতীক মাতৃভূমির বন্দনা করা। এই নারীকে কষ্ট দিচ্ছে তার সন্তান উত্তর আয়ারল্যান্ড : 'বুড়িয়ে গেছি আমি / অর্ধ-স্বাধীন সমুদ্র সৈকতকে হারিয়েছি তোমার কাছে / ওই সীমান্ত এখন বোঝা হয়ে চেপে বসে আছে আমার ওপর / ঘনিয়ে উঠছে অনিবার্য সংকট …।'

ডাবলিনের ক্যারিসফোর্ট কলেজে দীর্ঘ ছ'বছর অধ্যাপনার পর ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তিনি। ওই বিশ্ববিদ্যালয়ের তিনি ছিলেন কবিতা বিষয়ক অধ্যাপক– 'প্রোফেসর অব পোয়েট্রি'। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আবার অলঙ্কারশাস্ত্র পড়িয়েছেন দীর্ঘ দিন। স্বভাবকবিদের যেমন একটা ভুল ধারণা আছে– শিক্ষকতা হচ্ছে কবিতার শত্রু, তেমন কোনো বিধ্বংসী ঘটনা হিনির জীবনে ঘটেনি। অধ্যাপনা তাঁর কবিতাচর্চায় পরিপূরক শক্তি হিসেবেই সাহায্য করেছে বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি।
হিনি কবিতাচর্চার পাশাপাশি গদ্য রচনাতেও যে কতটা পারদর্শী ছিলেন, তা তাঁর গদ্যগ্রন্থগুলোতে অন্তর্ভুক্ত প্রবন্ধগুলো পড়লেই বোঝা যাবে। পূর্বানুভব : নির্বাচিত গদ্য ১৯৬৮-৭৮ নামের গদ্য গ্রন্থটিতে এলিয়টের কবিতা সম্পর্কিত ভাবনাকে অগ্রাহ্য করে তিনি গড়ে তুলেছেন নিজস্ব ডিসকোর্স বা বয়ান। আধুনিকতার প্রথম পর্বে কবিতার চরিত্র কী দাঁড়াবে, এলিয়টের গদ্য ছিল সেই ভাবনার দ্বারা আবর্তিত। প্রতিতুলনায় এলিয়টের নতুন কবিতার ভাষিক বৈশিষ্ট্যকে গ্রহণ করে 'ইংরেজ পরিমণ্ডলে' নতুন নতুন নানা কবির আবির্ভাব ঘটেছে বলে উল্লেখ করেছেন হিনি। তাঁর মতে ব্রিটিশ সাম্রাজ্য আর নেই, কিন্তু ইংরেজি ভাষা ও সংস্কৃতির সঙ্গে সমন্বয় সূত্রে গড়ে উঠেছে গ্রেট ব্রিটেনের অন্তর্ভুক্ত সমগ্র দ্বীপাঞ্চলের কবিতা। 'মনোলোকে ইংল্যান্ড' নামের একটা প্রবন্ধে ইংরেজের ক্ষমতা যে আজ অপসৃয়মান, টেড হিউজ, জিওফ্রে হিল আর ফিলিপ লারকিনের কবিতা ব্যাখ্যা করতে গিয়ে সেকথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি।

হিনির গদ্যভাবনা সমকালীন ইঙ্গ-মার্কিন কাব্যভাবনাকে নানা দিক থেকে সমৃদ্ধ করেছে। ইংরেজি কবিতাকে নতুনভাবে বুঝতেও সাহায্য করে তাঁর গদ্য। হিনির এইধরনের একটা প্রভাবসঞ্চারী গদ্যগ্রন্থ হচ্ছে কবিতা নিয়ে পুনর্কথন : অক্সফোর্ড বক্তৃতামালা। হিনি যে ধীরে ধীরে তাঁর কাব্যজীবনের পরিণত পর্যায়ে পৌঁছেছেন, এই গ্রন্থে অন্তর্ভুক্ত প্রবন্ধগুলোর সঙ্গে তাঁর কবিতা মিলিয়ে পড়লেই সেটা বোঝা যায়। অক্সফোর্ডে ছ'বছর অধ্যাপনা-কালে কবিতা সম্পর্কে হিনি দিয়েছিলেন পনেরটি বক্তৃতা। এই বইতে ওই পনেরোটি বক্তৃতা থেকে বাছাই করে ছাপা হয়েছে নয়টি প্রবন্ধ। এই গ্রন্থের ভূমিকায় হিনি বলেছেন, 'নতুন কোনো প্রসঙ্গ নয়', যা কিছু চিরায়ত, তাকেই সূত্রবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। 'কাব্যিক ষষ্ঠ অনুভব' দিয়ে 'সমালোচনার সত্যিকার সূত্রগুলো আবিষ্কার' করেছেন তিনি। পূর্ববর্তী দুটি বইয়ের মতো অক্সফোর্ড বক্তৃতামালার প্রবন্ধগুলোও ভাবনার অভিনবত্ব এবং যুক্তির প্রাখর্যে উজ্জ্বল। সেই সঙ্গে এর ভাষায় সঞ্চারিত হয়ে গেছে হিনির নিজস্ব বাকভঙ্গি, কণ্ঠস্বর। পাণ্ডিত্যের অভিমান তাঁকে কখনই পেয়ে বসে নি বলে মুখের ভাষার চালে প্রবন্ধের ভাষিক-যৌক্তিক গড়ন তুলতে দ্বিধা হয় নি তাঁর। তবে কিছুটা অভিনিবেশ সহকারে পড়লে বোঝা যাবে, এ এক কবির গদ্য, ভাব-ঐশ্বর্যে যা ঋদ্ধ।


প্রথম পাঠে অক্সফোর্ড বক্তৃতামালার প্রবন্ধগুলো অনেকের কাছে তাই কিছুটা নিষ্প্রভ মনে হতে পারে, কিছুটা কম দ্বান্দ্বিক। এমনকি 'পুনর্কথন' বলতে হিনি যা বুঝিয়েছেন, তার ব্যাখ্যাও মনে হতে পারে রোমান্টিক ভাবাবেশের দ্বারা আক্রান্ত। পুনর্কথনের অর্থ, হিনি বলেছেন, 'কবিতায় পাঠকের আস্থা অর্জন করা।' 'অপ্রাপ্তি, শূন্যতা, হাহাকার, নিগ্রহের বিরুদ্ধে ভারসাম্য অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে'– এর বিরুদ্ধে দাঁড়ানো। হিনির কথায়, 'এ হচ্ছে অনুভূতি-নির্ভর এমন একধরনের কাজ যা পরিবেশ ও পরিস্থির দ্বারা অব্যাহতভাবে বাধা পেয়ে থাকে। তবে সাফল্য এসে যখন ধরা দেয়, তখন সাধারণ জীবনবৃত্তে ঘটে যাওয়া ঘটনা ঊর্ধ্বায়িত হয়ে শিল্প হয়ে ওঠে।' হিনির এই ভাবনারই প্রতিফলন দেখা যাবে তাঁর প্রায় সব প্রবন্ধে। নাদেজদা মান্দেলস্তামের মতো তাঁরও দৃষ্টিভঙ্গি হচ্ছে : 'কবিতা বিশ্বসংহতির বাহন।' এই দৃষ্টিকোণ থেকেই অক্সফোর্ডে বক্তৃতা করেছিলেন হিনি।

হিনির এই দৃষ্টিভঙ্গি, আইরিশ জাতির দ্বন্দ্ব-সংঘাতের পরিপ্রেক্ষিতে নিঃসন্দেহে অভিনব। নোবেল পুরস্কার পাওয়ায় এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করা তাঁর পক্ষে আরও সহজ হয়েছিল। তবে উগ্র জাতীয়তাবাদ নয়, ধর্মীয়ভাবে বিভক্ত [প্রোটেস্টান-ক্যাথলিক] আয়ারল্যান্ডের পরিবর্তে ধর্মনিরপেক্ষ অভিন্ন এক আইরিশ জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চেয়েছিলেন তিনি। এজন্যেই অক্সফোর্ড বক্তৃতার বেশ কিছু জায়গায় উত্তর আয়ারল্যান্ডের অনেক কবির প্রসংশা করেছেন হিনি। শুধু তাঁদের কবিতার ভাষাগত ঐশ্বর্য নয়, দৃষ্টিভঙ্গিও প্রসংশা পেয়েছে। হিনি মনে করেন, 'কবিতা হচ্ছে একধরনের প্রতিশেধক। মানবতার পক্ষেই তাকে কাজ করতে হবে।'

অক্সফোর্ড বক্তৃতাগুলো লক্ষ করলেই বোঝা যায়, ব্রিটিশ শ্রোতাদেরকে ব্রিটিশ-বিরোধী কথাবার্তা বলে চটিয়ে দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না। যা ঘৃণা সৃষ্টি করে, তাকে হিনি কখনও সমর্থন করেননি। এজন্যেই যেসব লেখক বিরোধ ছড়ান, তাদের 'বিধ্বংসী' লেখক বলে চিহ্নিত করেছেন। মার্লোর লেখা দ্বিচরণবিশিষ্ট কবিতাগুলো [কাপলেট] এজন্যে 'উত্তর-উপনিবেশবাদী' ভাবনা হিসেবে গ্রাহ্য হলেও সেগুলো এলিজাবেথীয় কালের আধিপত্যবাদী ডিসকোর্স হিসেবে তাঁর কোনো সহানুভূতি অর্জন করেনি। কবিতা হচ্ছে, হিনির কাছে, একদিকে 'ধ্বনিমাধুর্য' Ñ যা উদ্দীপ্ত করে কিন্তু আহত করে না আর ভালোবাসার গভীর গল্প; অন্যদিকে এই পৃথিবীতে খুব ভালোভাবে বেঁচে থাকার মসৃণ প্রার্থিত এক পথ।'

উল্লিখিত ভাবনাকে এলিজাবেথ বিশপ ও ডিলান টমাসের কবিতার সূত্রে ওই বক্তৃতামালায় আরও বিস্তার দিয়েছেন হিনি। তুলনা করেছেন ইয়েটস্ ও লারকিনের। ইয়েটস তাঁর কাছের 'মানুষ ও প্রতিধ্বনি'। বিষণ্ন মনকে আনন্দে ভরিয়ে দেন বলেই ইয়েট্স এক মহান কবি। কিন্তু লারকিনের কবিতা প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়াতে শেখায় না। জীবনকে সুন্দর করে তুলবার জন্যে কবিকেও যে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়, হিনি সেই দায়িত্বের প্রতিই ইঙ্গিত করেছিলেন। কবি হিসেবে তাঁর দৃষ্টিভঙ্গি কী, অক্সফোর্ড বক্তৃতামালার প্রবন্ধগুলো পড়লেই তা স্পষ্ট হয়ে যায়। লক্ষ করলে দেখা যাবে, কথিত ভাবনার সূত্রে উত্তর-উপনিবেশবাদী আইরিশ কবি হিসেবেই তিনি প্রতিষ্ঠা পেয়ে যান। উপনিবেশের বিরুদ্ধে সংগ্রামে তাঁর অবদান তাই নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে।

এডওয়ার্ড সাঈদ তাঁর সংস্কৃতি ও সাম্রাজ্যবাদ গ্রন্থে ইয়েটসের কবিতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে এ বিষয়ে সামান্য ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু বিস্তারিত বলার অবকাশ পাননি। উপনিবেশবাদ-বিরোধী সংগ্রাম ও আন্দোলনের হিনি ছিলেন প্রবল সমর্থক। এ প্রসঙ্গে আইরিশ পুনর্জাগরণ সম্পর্কিত ভাবনার প্রেক্ষাপটে গড়ে ওঠা 'ফিল্ড ডে' আন্দোলনের কথা উল্লেখ করা যেতে পারে। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত লন্ডনডেরিকেন্দ্রিক এই সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে শুরু থেকেই যুক্ত ছিলেন হিনি। এই আন্দোলনের অংশ হিসেবে প্রকাশিত ফিল্ড ডে আইরিশ রচনা শীর্ষক বইটিও তিনি সম্পাদনা করেছিলেন।

ফিল্ড ডে আন্দোলনের মূল কথা ছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদ ধর্মীয় যে পার্থক্যের সূত্রে আয়ারল্যান্ডকে বিভক্ত [আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড] করে রাখা হয়েছে, তাকে পুরোপুরি অগ্রাহ্য করে সম্পূর্ণ দ্বীপাঞ্চল মিলিয়ে আইরিশদের জাতীয় ঐতিহ্যের পুনর্গঠন এবং সাহিত্যিক ঐতিহ্যের প্রতিষ্ঠা ঘটানো; যা হবে একক এবং অভিন্ন বোধে প্রাণিত, প্রতিষ্ঠিত। সাম্প্রদায়িকতা, উপনিবেশবাদী হস্তক্ষেপ, সম্প্রদায়গত বিভক্তি এবং বর্ণবিভেদকে তাই অগ্রাহ্য করেছিল এই আন্দোলন। অভিন্ন জাতিসত্তা নির্মাণের বা পুনর্জাগরণের প্রয়োজনে এই আন্দোলনের সঙ্গে যুক্ত লেখক, কবি, নাট্যকার ও ভাবুকেরা চেয়েছেন 'মূলে' ফিরে যেতে। দরকার হলে, তাঁদের মতে, যে-সময়বিন্দুতে ধর্মীয় বিভক্তি সৃষ্টি হয়েছিল, তারও আগের ইহজাগতিক ধর্মনিরপেক্ষ কালে ফিরে যেতে হবে। এই লক্ষেই সেই ইতিহাসকে সমকালীন ইতিহাসের কেন্দ্রে ব্যবহার করে অভিন্ন জাতিসত্তার সন্ধান করেছেন তাঁরা। হিনি যে তাতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন, সেকথা বলাই বাহুল্য। তাঁর কবিতাচর্চার এও ছিল লক্ষ্য, উপনিবেশ-বিরোধী জাতিসত্তার আবেগিক, কাব্যিক, সৃষ্টিশীল বয়ান রচনা করা। বিপন্নতায় আক্রান্ত প্রথাবদ্ধ আধুনিকতার বিরুদ্ধে দাঁড়িয়েও যে কবি-লেখক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া যায়, সেটাই প্রমাণ করেছেন এই ভাবুক কবি। এই প্রেক্ষাপটে তাঁর নোবেল পুরস্কারপ্রাপ্তি তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সমকালীন বিশ্বের তিন প্রধান কবি – চেশোয়াভ মিউশ, জোসেফ ব্রদস্কি এবং ডেরেক ওয়ালকটের পাশাপাশি তাঁর নামও তাই পরম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তবে অন্যদের তুলনায় অনন্য কবিসত্তার অধিকারী ছিলেন হিনি। উপনিবেশ বিরোধিতার সূত্রেই তাঁর এই অনন্যতা; এই একই কারণে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন এই আইরিশ কবি। তাঁর প্রয়াণে বাংলাদেশের একজন পাঠক হিসিবে তাই বেদনাবোধ করছি। কেননা, যে উপনিবেশ বিরোধিতা আর জাতিসত্তার সংকটের ভেতর দিয়ে আইরিশরা তাঁদের জীবন অতিক্রম করছে, বাংলাদেশের মানুষও এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। এখনও এই জাতিসত্তা এবং আত্মপরিচয়ের সংকট থেকে আমরা যে পুরোপুরি ম্ক্তু হতে পেরেছি, সেকথা বলা যাবে না।
হিনির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।