দ্য ফিঙ্কলার কোয়েশ্চেন প্রসঙ্গে ঔপন্যাসিক জ্যাকবসন
………
প্রচ্ছদ: দ্য ফিঙ্কলার কোয়েশ্চেন
………
[ব্রিটিশ লেখক হাওয়ার্ড জ্যাকবসন (জন্ম ২৯.৮.১৯৪২) দ্য ফিঙ্কলার কোয়েশ্চেন (২০০৯) উপন্যাসের জন্য ২০১০ সালের ম্যান বুকার পুরস্কার পান। এই উপন্যাস রচনার প্রণোদনা ও প্রেক্ষাপট নিয়ে লেখক Jewish Chronicle -এ লিখেছেন, এবছর জুলাইয়ে। এর বাংলা অনুবাদ এখানে প্রকাশ করা হলো।—বি.স.]
——————————–
অনুবাদ: শরৎ চৌধুরী
উৎসব কিংবা আড়ম্বরপূর্ণ ছুটির দিন না হলে প্রতি বুধবার, লজ্জিত ইহুদীবৃন্দ (ASHamed Jews) নামের একটি জায়নিজম বিরোধী দল মিলিত হয় সোহো'র গ্রৌশে ক্লাবের উপরতলার একটি কক্ষে। উদ্দেশ্য—ইসরায়েল থেকে নিজেদের বিচ্ছিন্ন করা, ইসরায়েলী পণ্যদ্রব্য বর্জন করার তাগিদ অনুভব করা এবং অন্যভাবে বললে এক ধরনের মানবতার প্রদর্শন, যেই মানবতা অনুযায়ী তাঁরা মনে করে—যেসব ইহুদী লজ্জিত নয় তাঁরা আসলে ভালো ইহুদী নয়। বিখ্যাত ইহুদী গণমাধ্যম দার্শনিক স্যাম ফিঙ্কলার, ডেজার্ট আইল্যান্ড ডিস্ক (Desert Island Disc) নিয়ে তাঁর লজ্জার কথা বিবৃতি দিয়ে স্বীকার করেন। এর ফলাফল হিসেবে এই লজ্জিত ইহুদীদের উৎপত্তি। বোঝাই যায় মিডিয়া দার্শনিক স্যাম ফিঙ্কলার লজ্জিত ইহুদীদের গুরু।
খুব সৎভাবে না হলেও তিনি রেডিও ফোর-এর শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, "আমার ইহুদীপনা সবসময়ই আমার কাছে গর্ব আর সান্ত্বনার উৎস। কিন্তু প্যালেস্টাইনিদের উচ্ছেদ করার ঘটনায় একজন ইহুদী হিসেবে আমি অত্যন্ত লজ্জিত"।
মানে "খুবই আত্ম-মর্যাদামূলক"—এটাই তুমি বোঝাতে চাইছো—তাঁর স্ত্রীর প্রতিক্রিয়া ছিল এমন । কিন্তু তাঁর স্ত্রী ইহুদী না হবার কারণে তাঁর পক্ষে বোঝা সম্ভব ছিল না যে—ইহুদীপনা নিয়ে কীভাবে একজন লজ্জিত হয় আর একজন লজ্জিত ইহুদী কেমন হতে পারে।
আমি জানি, স্যাম ফিঙ্কলার নামে কোন ইহুদী গণমাধ্যম দার্শনিক নেই, এমনকি কোন প্রতি-ইহুদীবাদী দলও গ্রৌচো/গ্রৌশে ক্লাবে নিয়মিত মিলিত হয় না। তাঁদের অস্তিত্ব কেবল আমার নতুন উপন্যাস, ফিঙ্কলার কোয়েশ্চেন-এর পাতায়। তাদের সাথে বাস্তবের মানুষজন বা কোন দল এর যেকোন সম্পর্ক নিতান্তই কাকতালীয়।
এই দেশের বহু ইহুদী এবং অ-ইহুদীর কথা বলার একটি বিষয় হয়ে উঠেছে ইসরায়েল। যদিও লজ্জিত ইহুদী একটি ব্যাঙ্গাত্মক উদ্ভাবন, আমার উপন্যাসটি আদতে বিদ্রুপাত্মক নয়। এটি ভালোবাসা আর বিশ্বস্ততার একটি করুণ কাহিনি, এবং উভয়ের লুপ্ত হওয়ার গল্পও। এটি তিনজন পুরুষের কথা বলে, যারা পুরোনো বন্ধু, এদের মধ্যে দুজনার সম্প্রতি স্ত্রীবিয়োগ হয়েছে এবং তৃতীয়জনের হারানোর মত কোন স্ত্রী ছিল না।
বিপত্নীক দুজন ইহুদী, তৃতীয়জন নন। যদিও তাঁর ইহুদী হবার বাসনা প্রবল। সে তাঁর ইহুদী বন্ধুদের ঈর্ষা করে, তাদের উষ্ণতার জন্য, তাদের চালাকির জন্য, যে ভালোবাসা তাঁরা প্রাণিত করে, এমনকি তাদের বিয়োগান্তক শোকের জন্যও।
মর্মান্তিক শ্লেষের মত দেখালেও ইহুদীদের যে বিষয়গুলির প্রতি তাঁর অনুরাগ, সে সেগুলোর প্রতিরোধ করে। ঠিক একইভাবে যেমনটা অনেক ইহুদী করে থাকে, ইহুদী হয়ে ওঠার আকাঙ্ক্ষাকে দমন করার মাধ্যমে। মনে হতে পারে—ইঁদুরেরা যেহেতু ডুবন্ত জাহাজ ছেড়ে যায়, সে একাই আছে জাহাজ আঁকড়ে থাকার জন্য।
এই দলত্যাগের প্রকাশ্য কারণ অবশ্যই ইসরায়েল। প্রকৃত ইসরায়েল নয়। আমার বয়ানের স্বার্থে ইসরাইলের অস্তিত্ব কাব্যিক কেবল। বিশেষত তাদের কল্পনার মধ্য দিয়ে, যারা এটা ছাড়া নিজেদের বিবরণ পুরোটা দিতে পারে না।
আমার উপন্যাসের বাইরেও এটা একটা সত্য, এভাবেই আমি মনে করতাম। ইসরায়েল তার নিজের অস্তিত্বের চাইতেও বড় একটি ভূমিকা পালন করে, সেটা অধিকারবোধ বা বিচ্ছিন্নতার ধারণাকে সচল বা অচল করা থেকে শুরু করে প্রাচীন ঐক্য বা বৈরিতার আগুন জ্বালানো, সবক্ষেত্রেই। এই রাষ্ট্রে ইহুদী ও অ-ইহুদী অনেকের জন্যই ইসরায়েল হয়ে উঠেছে আলাপ-আলোচনার একটি উপাদান, বন্য ও ঘোরালো শব্দ ব্যবহারের উপলক্ষ, আবেগের উন্মোচন অথবা চেপে যাওয়ার একটি পরিক্ষেত্র, আদতে যার উৎপত্তি সম্পূর্ণ অন্য কোথাও।
ফিঙ্কলার কোয়েশ্চেন আমি লিখতে শুরু করি ২০০৮ সালে, কিন্তু ২০০৯-এর শুরুর মাসগুলোতে এটি সত্যিকার গতি পায়। বিশেষতঃ অপারেশন কাস্ট লিড (Operation Cast Lead) এর সময়টাতে। এই ঘটনার ফলশ্রুতিতে অথবা এর উপর রিপোর্টের ফলশ্রুতিতে—ইসরায়েলের বাইরে ইসরায়েল নিয়ে সবক্ষেত্রে যেমনটা ঘটে থাকে—একটা ঘোর তৈরি হয় আর সে সময়কার ইংল্যান্ড, তার এতদিনকার ঐতিহ্যের বিপরীতে ইহুদীদের জন্য একটি ভীতি জাগানিয়া স্থান হয়ে ওঠে।
আমি কেবল শারীরিক ভীতি প্রদর্শনের কথা বলছি না, এমনকি সেইসব ক্ষতির কথাও নয়, কতিপয় ইহুদী যার শিকার হয়েছেন। ব্যক্তি, সিনেগগ* (synagogues) বা কবরে আক্রমণ কিংবা প্রাইমারী স্কুলের বাচ্চাদের ইহুদীবিদ্বেষ প্রদর্শনের বিষয়েও নয়। আমি বলছি সেইসব প্রতি-ইহুদীবাদী প্রচারণা বিষয়ে যার প্রবল উদ্দীপনা ও বাড়াবাড়ি বাস্তবতার সাথে যেকোন সম্পর্ক ছাড়াই উচ্ছ্বসিত অতিশয়োক্তি উৎপাদন করছে। পুরো বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।
আপনি আক্রান্ত কিনা সে অনুভূতির জন্য নিজের মুখে ঘুষি খাওয়াই একমাত্র রাস্তা নয়: বুদ্ধিবৃত্তিক সহিংসতা সমানভাবেই আক্রমণাত্মক।
সেই মাসগুলোর মেজাজ অপ্রতিরোধ্যভাবেই আমার উপন্যাসে তাদের জায়গা করে নিয়েছে। আমি ধরে রাখতে চেয়েছিলাম সেই সময়ে এই দেশে ইহুদী হবার মানে কী। যখন এই প্রশ্ন করা যৌক্তিক ছিল যে, ইসরায়েলের প্রতি ঘৃণা ইহুদীদের প্রতি ঘৃণায় পর্যবসিত হয় কিনা। এই প্রশ্ন তখন সম্ভাবনার সীমার বাইরের কিছু ছিল না, অথবা আবার একটি ক্রিস্টালনাখট* (Kristallnacht) ঘটতে যাচ্ছে কিনা&mgadh;সেই প্রশ্নও অবান্তর ছিলো না।
১৯৩০-এ বহু জার্মান ইহুদী যেহেতু সন্দেহ করছিল যে তাঁরা মারাত্মক বিপদে আছে, আমাদেরও একই সন্দেহ করা কতটা বিজ্ঞজনোচিত হবে? আহ হা! আমরা নিজেদের বলতে থাকি, কিন্তু ইংল্যান্ড তো জার্মানী নয়। এই ধরনের সান্ত্বনার কেবল একটাই সমস্যা, ১৯৩০-এ জার্মান ইহুদীরাও জার্মানীকে জার্মানী বলে চিন্তা করেনি।
যেমন থাকে সব সময়, সেখানেও বিদ্রুপকারী ইহুদী কণ্ঠের একটা কোরাস কাঁদুনে নেকড়ে সম্পর্কে সতর্ক করে যাচ্ছিল। তারা বলে, এই দেশে ইহুদী-বিদ্বেষ আদৌ কিছু নেই, কিন্তু আমরা যদি এই বিষয়ে আরো গভীরে যাই, অর্থাৎ একটা নির্বোধ বৈপরীত্যমূলক সতর্কতামূলক ব্যবস্থা মাত্র—ইহুদীবিদ্বেষ নিয়ে সামান্য নাড়াচাড়ায় যদি সেটির নিদ্রাভঙ্গ হয়, তাহলে তো সেটি গভীর নিদ্রা হতে পারে না।
আসুন আমরা এবারে ভিন্ন কিছু পাবার চেষ্টা করি। আমি মনে করি না যে ইসরায়েলের প্রতি সমালোচনামনষ্ক হলেই কেউ ইহুদী-বিদ্বেষী হয়ে যান। কেবল একজন নির্বোধ এমনটা মনে করতে পারে।
কিন্তু একজন নির্বোধই এমনটা ভাবতে পারে—ইসরায়েলের প্রতি সমালোচনামনষ্কতা কখনোই ইহুদীবিদ্বেষে রূপান্তরিত হতে পারে না। অথবা এই ভাবনাও যে জায়নিজম বিরোধিতা এমন কিছু যেটি কখনোই ইহুদীবিদ্বেষ বিকশিত হবার সুযোগ করে দেবে না।
কিছু কিছু ক্ষেত্রে জায়নিজম বিরোধিতা ইহুদী-বিদ্বেষকে যে প্রণোদনা দেয় তা অনিচ্ছাকৃত। আমি বিস্মিতই হব, যদি সেই নিন্দামূলক প্রপাগান্ডা—"সাত ইহুদী শিশু" বইটির লেখিকা ক্যারিল চার্চিল ব্যক্তিগতভাবে একজন ইহুদী-বিদ্বেষী হিসেবে আত্ম-প্রকাশ করেন। কিন্তু ভাষার নিজস্ব একটি মন রয়েছে এবং শূচিতামূলক যে কোন কিছুই সংক্রামক।
তাঁর এই বিষময় নাটিকাটি জায়নিজম বিরোধিতার যাবতীয় ক্লিশে ভাবনার সন্নিবেশ ঘটিয়েছে এবং রক্তচোষা ইহুদীদের একটি মধ্যযুগীয় সংস্করণ পরিবেশন করবার মধ্য দিয়ে এটি বিকশিত হয়েছে। এক্ষেত্রে তাঁর দাবি এবং আমি তাকে বিশ্বাস করি—এমন প্রতিকৃতি উপস্থাপন করা কখনোই তাঁর উদ্দেশ্য ছিল না।
যদি তাঁর নাটক শিল্প ও ইতিহাসের বিরুদ্ধে একটি পাপ হয়, তাহলে এই ঘটনার পর ব্যক্তি থেকে ব্যক্তিতে ব্যাপ্ত তাঁর বৃহত্তর অপরাধ হল—তিনি আসলে কি ঘটিয়েছেন সেটি দেখতে না পাওয়া।
তিনি নিশ্চিত করেন যে তিনি সেই প্রচলিত অসৎ কৌশলের শিকার যার মাধ্যমে ইসরায়েল-এর বিরুদ্ধে একটি শব্দ বলতে ভয় পায় (যেন বা এটি একটি নায়কোচিত ঘটনা) এমন কারো বিরুদ্ধে ইহুদীবিদ্বেষের অভিযোগ আনা হয়।
আক্রান্ত হওয়ার এই ধরনের বয়ান সর্ম্পকে আমরা ভালোভাবেই জানি। এটি নিজেই একটি ঘৃণ্য অসৎ কৌশল, যা আত্মতুষ্টি সহকারে নিজের ভিতর উচ্চম্মন্যতা ধারণ করে, বিভ্রান্তিকর, আর যেই ইহুদী-বিদ্বেষকে এটি অস্বীকার করতে সচেষ্ট, উদ্বিগ্ন ইহুদীদের সম্পর্কে হিস্টিরিয়া ও ঈর্ষার পূর্বানুমানের মাধ্যমে সেই ইহুদীবিদ্বেষের চিহ্ন বয়ে বেড়ায়। জায়নিজম বিরোধিতা যাদের রুটি আর পানীয় তাঁরা ইহুদীবিদ্বেষী! বলে চিৎকার করতে থাকা ইহুদীদের অভিযোগের মুখে ইহুদীদের নির্যাতিত সংখ্যালঘু বলে দেখান আর এর মধ্য দিয়ে তাঁরা ন্যায্য সমালোচনার দায় এড়িয়ে যান।
প্রকৃত প্রস্তাবে, যেই ভোঁতা যুক্তির মাধ্যমে তাঁরা কার্য-কারণ সম্পর্ক তৈরি করে তাতে ন্যায্য সমালোচনার কোন সুযোগ থাকে না; কারণ ঐ যুক্তি প্রথমেই ধরে নেয়—যারা তাঁদের বিরুদ্ধে যুক্তি দেয় তারা আদতে এক একজন ইহুদী, যারা জায়নিস্ট কুঠার হাতে ধ্বংসোন্মুখ হয়ে আছেন। একই প্রক্রিয়ায় যারা, "ব্লাকমেইল" বলে চিৎকার করেন, তাঁরা নিজেরাই ব্লাকমেইলকারী হয়ে ওঠেন। তাঁরা জায়নিজম বিরোধী তাদের সকল কর্মকাণ্ড ঘিরে অলঙ্ঘনীয় এক দেয়াল খাড়া করেন। একইভাবে তাঁরা ইহুদীবিদ্বেষের যেকোন অভিযোগ থেকে নিজেদের মুক্ত মনে করেন। কেননা, তাঁদের ভাষ্য অনুযায়ী—যারা অভিযোগ করছেন ইহুদীবিদ্বেষ আছে তাদের মাথায়।
জায়নিজম বিরোধী ইহুদী যাঁরা আছেন তাঁদের ইহুদী-ঘৃণা প্রায়শঃ আড়াল ছাড়াই প্রকাশিত হয়—সেটা ইসরায়েল সম্পর্কে তাদের বক্তব্যে নয় বরং অন্যান্য ইহুদী, যাঁরা তাঁদের মতো করে ভাবে না, তাঁদের প্রণোদনা ও অনুভূতির প্রতি অশ্রদ্ধার মধ্য দিয়ে প্রকাশিত হয়। এই ধরনের মতবিরোধে নতুন কিছু নেই। ইহুদীরা শুরু থেকেই পরস্পরের বিরুদ্ধে, ইহুদীদের ধর্ম (Judaism)-এর প্রতি পরিহাস করে এসেছে; একজন ইহুদী-ই খ্রীষ্টধর্ম আবিষ্কার করেছে।
একেশ্বরবাদ সম্ভবতঃ বিদ্রোহের প্রতি এই আগ্রহের ব্যাখ্যা দিতে পারে। ইহুদী ঈশ্বর যে একত্ব দাবি করেন তাকে প্রত্যাখ্যান করা একটি অবশ্য কর্তব্য হিসেবে প্রতীয়মান হয়। এটা এমনকি আমাদের আরো গৌরবের বিষয় যে আমরা এত ধারাবাহিকভাবে এবং আনন্দের সাথে বিচ্ছিন্ন হতে পারি। আমাদের বহুমাত্রিকতাতেই আমাদের শক্তি।
কিন্তু আসুন, যার যথার্থ নাম আমাদের তাড়িত করে, আমরা তাকে সেই নামে ডাকি। ইহুদীপনার বিরোধিতা করাতে ইসরায়েলের আড়ালে লুকানো—একটি কাপুরুষোচিত রাস্তা, একজন ইহুদীর জন্য। আমার কোন সন্দেহ নেই—অর্ধেকটা সময় সে মনস্তাত্ত্বিক স্বদেশের জন্য যুদ্ধ না করে মনস্তাত্ত্বিক পিতার জন্য করে, আমি যদিও এটাকে রাজনৈতিক ডিসকোর্সে গ্রহণ করি, তবু আমাদের স্পষ্ট করে বলতে হবে—আমরা যা নিয়ে কথা বলছি, সেটা আসলে তাই।
কিন্তু এখানেই ঔপন্যাসিক হবার সৌন্দর্য্য—আমার যাকে পছন্দ তার উপর রোগের নিদান আরোপ করতে পারি। আসলে কী তাদের উপর চেপে বসে আছে, আমি জানি । সবকিছুর পরও তারা আমার সৃষ্টি।
…………..
অনুবাদকের টিকা
* সিনেগগ (synagogues) — বড় হলঘরঅলা ইহুদীদের উপাসনালয়।
* ক্রিস্টালনাখট (Kristallnacht) — ১৯৩৮ সালের ৯-১০ নভেম্বর পুরো জার্মানি আর অষ্ট্রিয়ার কোথাও কোথাও পরিকল্পিত ইহুদীনিধন।
