মানিকগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬ টার মঙ্গল প্রদীপ জ্বালিয়ে নয় দিনব্যাপী উৎসবের সূচনা করা হয়। এরপর ঢাকার জেলা প্রশাসক কামাল উদ্দিন সন্ধ্যা ৭ টায় প্রতীকী রশি টেনে রথযাত্রা উদ্বোধন করেন।
আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, সকাল ১০ টায় পৌর এলাকার কায়েতপারার মাধব মন্দিরের প্রধান পুরোহিত চপলেশ গাঙ্গুলী রথখোলা আঙ্গিনায় ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ করেন। বিকেল ৫ টার দিকে মাধব মন্দির থেকে মাধব মূর্তি রথে বসানো হয়। এরপরই রথখোলার মঞ্চে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।
রথযাত্রা উপলক্ষে ধামরাই পৌর এলাকায় মাসব্যাপী মেলা শুরু হয়েছে। উৎসব আঙ্গিনায় পরিচালনা কমিটির পাশাপাশি পুলিশ ও র্যাব নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
যশোমাধব মন্দির পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অসিত কুমার গোস্বামী জানান, প্রায় দুশ বছর আগে ধামরাইয়ে রথযাত্রা উৎসব শুরু হয়। তখন উৎসব উপলক্ষে সাটুরিয়া উপজেলার বালিয়াটির জমিদাররা সাত তলা রথ তৈরি করেছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২০৩৬ ঘ.
bdnews24