২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু উৎসব: কলকাকলীতে পূর্ণ চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গন

সবুজে ছাওয়া ডিসি হিল প্রাঙ্গনটি শুক্রবার দুপুরে শিশু কিশোরদের কল-কাকলিতে মুখর হয়ে উঠেছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 08:53 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

শিশুদের পাঠশালা নামক একটি সংগঠনের আয়োজনে শুরু হওয়া দুই দিনব্যাপী শিশু উৎসবের প্রথম দিনে শিশুদের সরব উপস্থিতি গাছ-গাছালি শোভিত ডিসি হিল পায় ভিন্ন এক রূপ।

বিভিন্ন বয়সী শিশুদের উচ্ছল পরিবেশনা উপস্থিত আমন্ত্রিত ব্যক্তি ও হাজারখানেক অভিভাবক ও দর্শনার্থীদেরও বিমোহিত করে।

নগরীর বিভিন্ন স্কুলের শিশুদের আঁকা বাছাই করা চিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হয় দুইদিনব্যাপী এ উৎসবের। এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। বিকালে আলোচনা সভা শুরুর আগে শিশুদের নিয়ে নাটক, চলচ্চিত্র প্রদর্শিত হয়।

অধ্যাপক গাজী মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, বিশিষ্ট শিশু সাহিত্যিক আলী ইমাম, চিটাগাং প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান ও দৈনিক পূর্বকোণের বার্তা সম্পাদক আবু তাহের।

আলোচনা সভায় আলোচকবৃন্দ বলেন, শিশুদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে তাদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে হবে। এজন্য তাদের সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত করতে হবে।

তারা বলেন, শিশুদের দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের মানসিক বিকাশের জন্য খেলাঘর ও কচি-কাঁচার আসরের মতো সংগঠনগুলোকে আবার গড়ে তুলতে হবে।

আলোচনা সভা শেষে বিকালে ডিসি হিলের পাদদেশে স্থাপিত মঞ্চে বিভিন্ন বয়সী শিশুরা গান পরিবেশন করে। এরপর সুরের তালে তালে শিশুদের নাচ, ছড়া ও আবৃত্তি অনুষ্ঠানটিকে ভিন্ন এক দ্যোতনা এনে দেয়।

শনিবার শিশু উৎসবের দ্বিতীয় দিন শিশুদের নিয়ে ডিসি হিলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে।