সার্ক উপলক্ষে ঢাকায় যুব র্যালি ও পোস্টার প্রদর্শনী
মূল সড়ক থেকে শিশু একাডেমিতে ঢোকার পথের দুধারে সাজিয়ে রাখা বাংলাদেশ বিষয়ক নানান পোস্টার ফুটপাথ ধরে চলা মানুষদের হাঁটার গতি শ্লথ করে দিচ্ছিল। দূর রাস্তা থেকেই শোনা যাচ্ছিল ঢাকার ঐতিহ্যবাহী ব্যান্ড পার্টির আওয়াজ।
ভারতের নয়াদিল্লিতে চলমান সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে ‘ঢাকাবাসী’ সংগঠন বাংলাদেশ শিশু একাডেমির প্রাঙ্গণে বুধবার আয়োজন করে সার্ক যুব র্যালী ও ‘বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক পোস্টার প্রদর্শনীর।
র্যালি ও এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকাবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী। উদ্বোধনী ভাষণে তিনি সার্ক সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করে বলেন, “দক্ষিণ এশিয়ার এই সংগঠন এ অঞ্চলের জাতি সত্তাগুলোর মধ্যে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এই আমাদের প্রত্যাশা। পৃথিবীর বিভিন্ন দেশ একত্রীভূত হয়ে তাদের উন্নতি করতে পারলে আমাদের সার্কও পারবে আমাদের জন্য মঙ্গলবার্তা বয়ে আনতে। আমরা সবাই সার্কের সাফল্য কামনা করি।”
যুব র্যালী প্রসঙ্গে তিনি বলেন, “যুব সমাজই একটি দেশের ভবিষ্যত এবং বর্তমান চালিকা শক্তি। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবকদের অংশগ্রহণ খুবই ভালো লক্ষণ।”
এরপর তিনি ফিতা কেটে পোস্টার প্রদর্শনী ও যুব র্যালির উদ্বোধন করেন ও প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন প্রকৃতিক দৃশ্যাবলী ছাড়াও ছিলো সার্কভুক্ত দেশগুলোর পতাকা দিয়ে তৈরি ঘুড়ি ও বাংলাদেশবিষয়ক বিভিন্ন তথ্য সম্বলিত পোস্টার।
যুব র্যালিটি শিশু একাডেমি থেকে হাইকোর্টের রাস্তা ঘুরে আবার শিশু একাডেমিতে এসে শেষ হয়।
এ আয়োজন প্রসঙ্গে ঢাকাবাসী সংগঠনের সভাপতি শুকুর সালেক বলেন, “আগামী কয়েকদিনের ভেতরই আমাদের ছয় সদস্যবিশিষ্ট একটি যুবদল সার্কের বিভিন্ন দেশ সফরে যাচ্ছে। তারা বাংলাদেশের সংস্কৃতি ও সৌন্দর্য সার্কভুক্ত অন্যান্য দেশের বাসিন্দাদের কাছে তুলে ধরবে। সেই যাত্রার প্রাক্কালেই আমাদের এ আয়োজন।”
পুরো অনুষ্ঠান জুড়ে বীণের সুর ও পুরান ঢাকার ব্যান্ড পার্টি সবাইকে বেশ আনন্দ দেয়।
