সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শুরু হয়েছে স্বাধীনতা উৎসব ২০০৭
স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘স্বাধীনতা উৎসব ২০০৭’ শুরু হয়েছে ২৪ মার্চ। শহীদ মিনারে এই আয়োজনের উদ্বোধন করেন এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার।
প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস।
সভাপতিমন্ডলির সভাপতি আসাদুজ্জামান নুর বলেন, “যারা স্বাধীনতার ইতিহাসকে ভুল ভাবে উপস্থাপন করতে চেয়েছে, তারাও দুর্নীতিবাজ। আমি আশা করবো তাদেরও শাস্তি হবে।”
এবারের উৎসবের শ্লোগান হচ্ছে ‘আপনা মাঝে শক্তি ধরো, নিজেকে করো জয়।’
একই দিন এই উৎসব ধানমন্ডির রবীন্দ্রসরোবরেও শুরু হয়েছে। দু’জায়গাতেই প্রতিদিন সাড়ে ৪টা থেকে অনুষ্ঠান শুরু হবে। চলবে তিনদিন।
