২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ

শরবিন্দুর মা ছেলেকে নিয়ে পড়েছিলেন মহাচিন্তায়। কোথায় হৈ হুল্লোড় করবে এই বয়সের ছেলে, তা না, সময় সুযোগ পেলেই দেখা যায় ধ্যানমগ্ন হয়ে সে তাকিয়ে আছে আকাশের দিকে। ছেলের এই ধরনের কাণ্ডকীর্তিতে মা খুব চিন্তায় পড়ে গেলেও বাবা ভাবলেন না মোটেও। বরঞ্চ বিষয়টা নিয়ে ছেলের সঙ্গে কথা বলে খুশিই হলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 08:18 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

তখন থেকেই সেই যে শরবিন্দুর আকাশ দেখা শুরু সেটা আর থেমে থাকেনি। এখনও প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা, মধ্যরাত আর ভোররাতে আকাশের তারা দেখে সে। প্রথমবারের মতো অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে দুই সদস্য বিশিষ্ট যে দলটি অংশগ্রহণ করছে তাতে শরবিন্দু একজন।

থাইল্যান্ডের রাজা ভূমিবলের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চীনমাই প্রদেশে এবার আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড।

অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের খুঁজে বের করার জন্য বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন ২০০৬ সালের আগস্ট মাসে দেশের ৬টি বিভাগীয় শহরে বাছাই প্রক্রিয়া শুরু করে। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর রোববার বিকেলে চূড়ান্তভাবে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা হয়।

জোতির্বিজ্ঞানে আগ্রহী ১৪ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কাছ থেকে প্রথমে নাম আহ্বান করা হয়েছিলো। তারপর হয় লিখিত পরীক্ষা। সেখানে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ছোট ছোট প্যারা, শূণ্যস্থান পূরণ, চারটি উত্তরসহ প্রশ্ন আর বিভিন্ন আলোকচিত্রের সমন্বয়ে তৈরি করা হয় প্রশ্নপত্র। ছয়টি বিভাগের বাছাইকৃত ১২০ জন প্রতিযোগীর মধ্যে ৫৬ জন অংশ নেয় চূড়ান্ত পরীক্ষায়।

১০০ নম্বরের মধ্যে ৫৫ নম্বর পেয়ে প্রথম হয় ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র রাফিদ মাহবুব। আর ৫৪ নম্বর পেয়ে খুলনা জেলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র শরবিন্দু গোপাল কীর্ত্তনীয়া হয় দ্বিতীয়।

রাফিদ তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানায়, “এ অনুভূতি ভাষাতীত। বিজয়ী হয়ে আমি বেশ অবাক হয়েছি। প্রাথমিক পর্যায়ে পরিবার থেকে উৎসাহ না পেলেও নিজ আগ্রহ আর চেষ্টা থেকে আমি এ অবস্থায় আসতে পেরেছি। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই।”

শরবিন্দু বললো, “মহাকাশ আর তারকারাজি নিয়ে ছোটবেলা থেকেই আমার প্রবল আগ্রহ। এখনও সন্ধ্যা, মধ্য ও ভোর রাত এ তিন পর্যায়ে আকাশের তারা দেখি আমি। ভবিষ্যতে একজন অ্যাস্ট্রোনমার কিংবা অ্যাস্ট্রোফিজিসিস্ট হওয়ার স্বপ্ন দেখি আমি।”

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাস্ট্রো--অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক ড.এ.এ. জিয়াউদ্দিন আহমেদ বলেন, “দেশকে প্রগতির পথে এগিয়ে নিতে প্রয়োজন বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্টতা। বিজ্ঞানের একটি অংশ অ্যাস্ট্রনমি। উপস্থিত শিক্ষার্থীদের অ্যাস্ট্রনমি বিষয়ে আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণকে স্বাগত জানাই। আশা করছি, ওরা দুজন দেশের জন্য সম্মান বয়ে আনবে।”

অনুষ্ঠানের প্রধান অতিথি ইনাম আল হক বলেন, “বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রের তুলনায় অ্যাডভেঞ্চারধর্মী অ্যাস্ট্রনমি অনেক পিছিয়ে রয়েছে। এখন সুযোগ এসেছে এটাকে এগিয়ে নেবার। এ ধরনের উদ্যোগ এর প্রসারের ক্ষেত্র তৈরিতে সহায়ক হবে। আমি আয়োজকদের এ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।”

বাংলাদেশ অ্যাস্ট্রো-- অলিম্পিয়াড ২০০৬ এর সাধারণ সম্পাদক মসহুরুল আমিন বলেন, “প্রথম আলোর আয়োজনে গণিত অলিম্পিয়াডের সাফল্যে উৎসাহিত হয়েই অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এই প্রথম বাংলাদেশ অ্যাস্ট্রো-- অলিম্পিয়াডের পরিকল্পনা নেয়। বিজ্ঞানের এ নতুন বিষয়টি কেমন সাড়া জাগাবে ভেবে প্রথমে শংকিত ছিলাম, কিন্তু পরে এ ধারণাটা ভুল প্রমাণিত হয়।”

তিনি বলেন, “মহাকাশ ও অনন্ত নক্ষত্রবীথি সম্পর্কে বর্তমান শিক্ষার্থীদের আগ্রহ আমাকে অভিভূত করেছে।”