২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকর্ষণীয় নয়, তবুও দেদারসে বিক্রি হচ্ছে বাংলা একাডেমীর বই

‘শব্দের অর্থ থাকে ব্যবহারকারীদের মধ্যে, অভিধানে নয়’। তারপরও প্রতিদিনের জীবনে অভিধানের দরকার যে কত সেটা বাংলা একাডেমীর স্টলে এলেও বোঝা যায়। বইমেলাতে গল্প উপন্যাস বা মননশীল প্রবন্ধের বইই বেশি বিক্রি হয়, তাতে কোন সন্দেহ নেই, কিন্তু একাডেমীর স্টলে যে হারে অভিধান বিক্রি হয় সেটা দেখলে যে কারো ধন্দ লাগতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 07:20 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

একাডেমীর মোট ১৭ রকমের অভিধান গ্রন্থ রয়েছে। এর মধ্যে ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ তো আছেই, আরো আছে ব্যবহারিক বাংলা অভিধান, উচ্চারণ অভিধান, সংক্ষিপ্ত বাংলা অভিধান, ছোটদের বাংলা অভিধান, সহজ বাংলা অভিধান, আরবী বাংলা অভিধান ৩ খন্ড, ইত্যাদি। বাংলা একাডেমীর পুরোনো ও নতুন ২টি স্টলেই বিক্রি হচ্ছে এসব বই। স্টলের এক বিক্রয় সমন্বয়কারী জানালেন, প্রতিদিন গড়ে সাড়ে ৬ শত করে অভিধান বিক্রি করছেন তারা। সরবরাহ বেশি থাকলে বিক্রি আরো বেশি হতো বলে জানালেন তিনি। বললেন একটা আক্ষেপের কথাও, “ অনেকে এখান থেকে কম দামে এসব অভিধান কিনে নিয়ে নীলক্ষেতসহ বিভিন্ন জায়গায় বেশি দামে বিক্রি করছে।” অভিধানগুলোর দাম ৮০ থেকে ২২৫ টাকার মধ্যে বলে জানালেন তিনি। পুরাতন বিক্রয় কেন্দ্রে ৫০% নতুন বিক্রয় কেন্দ্রে ৩০% কমিশনে বিক্রি হচ্ছে এসব বই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আকিমুন রহমান বললেন, “একাডেমীর বইগুলো দরকারী। তবে এদের কাগজ, ছাপা বা বাধাইয়ের মান ভালো নয়। শিল্পসৌকর্যের দিকে কোন নজর আছে বলে মনে হয় না।” একটা জাতীয় প্রতিষ্ঠান থেকে আরো মানসম্পন্ন বই বের হওয়া উচিত বলে মনে করেন তিনি। ইডেন কলেজ থেকে এসেছিলেন সাবিনা তাবাসসুম। তিনিও অভিধান কিনছিলেন। বললেন, “অভিধান খুব কাজে লাগে। আর এদের অভিধানটা দামেও কম। তাই নিচ্ছি।”

শুধু অভিধান নয়, অন্যান্য বইও বিক্রি হচ্ছে বেশ। বিস্ময়করভাবে প্রতিবছরই বই বিক্রির দিক দিয়ে বাংলা একাডেমী এগিয়ে থাকে। ১৯ ফেব্র“য়ারি পর্যন্ত মেলায় বাংলা একাডেমী মোট ২৬ লক্ষ ৭৯ হাজার ৩৪৬ টাকার বই বিক্রি করেছে। বিজ্ঞান বিশ্বকোষ, কোরাণসূত্র ইত্যাদি বইই বিক্রি হচ্ছে বেশি।

বাংলা একাডেমীর বিপণন বিভাগ সুত্রে জানা গেল, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে ডিসেম্বর ২০০৬ পর্যন্ত  একাডেমী ৪৪৩০টা বই প্রকাশ করেছে, বর্তমানে তাদের হাতে বিক্রয়যোগ্য বইয়ের সংখ্যা ১৩৩৭টা। এর মধ্যে একই বইয়ের একাধিক মুদ্রন ও সংস্করণও রয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত  মেলায় বই এসেছে ৭১টি এবং বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে ৯টার।

নবাগত বইয়ের মধ্যে রয়েছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রবন্ধ গ্রন্থ ‘সাদা কালো’। প্রকাশক আগামী। ড. মুহাম্মদ ইউনুস এর ‘যোগ্য প্রার্থী আন্দোলন’ বের করেছে মাওলা ব্রাদার্স। প্রয়াত কবি শামসুর রাহমানের ‘ছড়াসমগ্র’ প্রকাশ করেছে সাহিত্য বিলাস। বিদ্যাপ্রকাশ এনেছে আল মাহমুদের উপন্যাস ‘কলঙ্কিনী জ্যোতিবলয়’। করুণাময় গোস্বামীর ‘আফ্রিকার কবিতা’ প্রকাশ করেছে গ্লোব লাইব্রেরি। সাহিত্য প্রকাশ বের করেছে রামেন্দু মজুমদারের ‘প্রথম তিরিশ’। মোস্তফা মামুনের ‘ক্রিকেটের আড়ালে’ প্রকাশ করেছে পাঠসূত্র।