বৃহস্পতিবার হলেও ভীড়-বিক্রি কিছুই থেমে নেই
বইমেলায় বৃহস্পতিবার দিনটাকে তুলনামুলক স্বস্তির মনে করেন অনেকে। কারণ এদিন ভিড় একটু কম হওয়ার কথা। কিন্তু এই বৃহস্পতিবার ছিল অন্যরকম। লিখেছেন মোস্তফা মামুন
বইমেলায় যারা ঘুরতে যায় তাদের জন্য বৃহস্পতিবার দিনটা খানিকটা স্বস্তির। বইমেলায় যারা বেচতে আসে তাদের জন্য এ দিনটা অস্বস্তির।
কারণ ধরেই নেয়া হয় পরদিন শুক্রবার বলে যারা বই কিনতে মেলায় যান তারা নিজেদের লাগামটা একটু টেনে রাখে। কেনা-কাটাটা বরং ওরা শুক্রবারের জন্য বরাদ্দ রাখেন। তাই এ দিন ভীড় কম। লাইন নেই। ঘোরাঘুরিতে বিস্তর আরাম।
এই চিন্তাভাবনা করে যে বা যারা দুলকি চালে বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসি বা দোয়েল চত্বরে গিয়ে নামলেন তারা গিয়ে একটা ধাক্কা খেলেন। কারণ একদিকের লাইনটা টিএসসি ছাড়িয়ে প্রায় চারুকলা পর্যন্ত পৌঁছেছে। অন্যদিকের লাইনটাও দোয়েল চত্বরে থেমে থাকতে চাইছে না। কাজেই মেলায় ভীষণ ভীড়।
মেলার ভীড় কখনোই বিক্রির সমানুপাতিক নয়, কিন্তু এবার এই প্রথাটা রোজই ভাঙ্গছে, ভীড়ের মতো বিক্রিও ব্যাপক, কালও বিক্রি হলো বিস্তর। বড় প্রকাশনাগুলোর সামনে ঠেলাঠেলি-ধাক্কাধাক্কিতে কেউ কেউ হাপিয়ে পর্যন্ত উঠলেন।
অন্য প্রকাশ, অনন্যা, সময়ের সামনের এই ভীড় কাল আফসার ব্রাদার্সের স্টলেও সঞ্চারিত হলো। ওখান থেকে যে হুমায়ূন আহমেদের বই বেরিয়েছে। ‘কিছুক্ষণ’ নামের বইটি কালই মেলায় নিয়ে এসেছে তারা। আর হুমায়ুন আহমেদের বই আনলে স্টলের সবার মুখে হাসি লেগে থাকবে স্বাভাবিক। লোকজনের টানা চাহিদা মেটানোর ক্লান্তিও ছিল, কিন্তু বই বিক্রির ক্লান্তি মুছে যায় কাঁচা পয়সার আনন্দে। তাছাড়া নিজের স্টলের সামনে ভীড় থাকাটা গৌরবেরও।
এসব স্টলের কথা এসব প্রকাশনার কথা তো রোজই বলা হয়। চলুন আজ আমরা বরং যেসব স্টলের সামনে ভীড় থাকে না তাদের কথাও কিছু শুনি।
বটমুল নামে একটা প্রকাশনীতে একজন মধ্যবয়সী লোক বসে হাই তুলছিলেন। এত বড় হাই যে মশা-মাছি ঢুকে যাওয়া বিচিত্র নয় এবং বিচিত্র নয় এই হাই দেখেই ঘুমিয়ে পড়া। সেই ভয়েই কিনা লোকজন যেন হার্ডল লাফিয়ে পার হওয়ার মতো লাফ দিয়ে দিয়ে বটমুল পেরিয়ে গেলেন। ছায়াবীথি নামের আরেকটি প্রকাশনীতে হাই তোলারও লোক নেই। সম্ভবত কোন ছায়াতলে গিয়ে...। এক গাদা বই পড়ে আছে, মেলায় চোরের প্রাদুর্ভাবও কম নয়, কিন্তু স্টলের বিক্রেতা নেই। তার বইগুলো তার নিজের হিসাবেই সম্ভবত চুরিযোগ্য নয়। কিংবা হয়ত চুরি করেও যদি কেউ দুয়েকটা বই নিয়ে যায়।
মেলায় স্টল দিয়েছে, বই বিক্রির চেষ্টা করছে, সেটা খারাপ কাজ নয় নিশ্চয়। কিন্তু খারাপ কাজ হলো এরা নামে প্রকাশক হলেও এদের ব্যবসা অন্য প্রকৃতির। ধুরন্ধর এসব লোকজন নতুন লেখকদের কাছ থেকে বই প্রকাশের জন্য টাকা নেয়, তারপর সেই টাকার অর্ধেক বা তারও কম ব্যয় করে নিম্নমানের ছাপা-বাইন্ডিংয়ে অল্প কিছু বই বের করে বাকি টাকা নিশ্চিন্তে পকেটে পুরে বলে এন্তার অভিযোগ আছে।
এদের সবাইকেও ইনিংস ব্যবধানে হারানো উঁচুদরের একজন ‘ধান্ধাবাজের’ খবর পাওয়া গেলো। এক তরুণের কাছ থেকে বই প্রকাশের জন্য ২০ হাজার টাকা নিয়েছিলেন তিনি, তারপর কম্পিউটার থেকে গোটা দশেক প্রচ্ছদের প্রিন্ট আউট নিয়ে এবং কম্পোজের পর ফটোকপি করে ১০ টা বই লেখকের হাতে ধরিয়ে দিয়ে তিনি বই প্রকাশের ‘মহত’ কাজটি শেষ করেছেন। ভাবা যায়! প্রতারণার তো একটা সীমা আছে!
লেখক-কবিদের কেউ কেউ ক্যানভাসারের মতো সৃজনী বিক্রির যে চেষ্টাটা করেন সেটা বড় দৃষ্ট্-িকটু। দৃশ্য হিসাবে করুণ। বইমেলায় টিভি চ্যানেলে ইন্টারভিউ দেয়ার জন্য ধাক্কাধাক্কি এবং হুড়োহুড়ি দেখে দেখে সবাই অবশ্য এখন অভ্যস্ত। কবি-লেখকদের এসব ‘পাগলামি’ তাই সহ্যসীমার মধ্যে চলে এসেছে।
কিন্তু মেলায় গায়ক ফকির আলমগীর এদের সবাইকে হারানোর জন্য এসেছিলেন কিনা কে জানে। পরিচিতমুখদের এমন সমাগম এবং তাদের এত কাছে পাওয়ার ঘটনা বইমেলার মতো আর কোথাও বোধহয় ঘটে না। মানুষ তাই তারকা দেখলেই ভীড় করে। তা ফকির আলমগীরকে ঘিরেও ভীড়। বিভিন্ন জনের বই নিয়ে এসে তার কাছে লোকজন অটোগ্রাফ চায়। ফকির আলমগীর অটোগ্রাফ দিচ্ছিলেন, সঙ্গে চলছিল তার মুখও। নিজের কৃতিত্বের এমন জাহির যে শ্রোতাদের অনেকে সরে গেলেন। তবু যারা থেকে গেলেন তাদের ওপর দিয়ে ঝড় বয়ে গেলো রীতিমতো। এক ফাঁকে তিনি তার ঝোলা থেকে একটা ম্যাগাজিনে নিজের প্রকাশিত ওয়াহিদুল হকের ওপর একটা লেখা বের করে বললেন, ‘‘বই হবে এই লেখা। এটা কেউ বের করেনি, অথচ বইমেলা হচ্ছে! এই বইমেলার কী কোনো মানে আছে?’’ এই প্রশ্নের পর সামনের ভীড় আরও কমলো। পাগল বাংলাদেশে প্রচুর বটে, তবু দুই পৃষ্ঠার একটা লেখা বই না হলে বইমেলাই হওয়া উচিত নয়-এটুকু গেলার মতো পাগল এখনও কম আছে। তবু কিছু তো আছে। তারা হু-হা করে যাচ্ছিল। তাদের উদ্দেশ্যে তার শেষ অমৃতবানীটা হলো, ‘‘গায়েবুল মালিক আল্লার দান
সেই দানের নাম হলো গান’’
গানের মাহাত্ম প্রচার করা অন্যায় কিছু না। কিন্তু বই এবং গানের লড়াই বাঁধিয়ে দেয়াটা অন্যায়েরও বেশি কিছু।
দেখতে দেখতে মনে হলো বইমেলার মতো গানমেলা জাতীয় কিছু যদি সত্যিই কখনো হয় তাহলে আর কিছু হোক না হোক বইমেলার চেয়ে কয়েকগুন বেশি হাসির উপাদান অন্তত পাওযা যাবে!
নতুন বই
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ বইমেলা সারাক্ষণই মাতিয়ে রেখেছিল। তবে এর বাইরেও উল্লেখয়োগ্য কিছু বই এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেলিনা হোসেনের ‘‘নারীর রূপকথা’’, বের করেছে অনন্যা। সাহিত্য বিকাশ থেকে এসেছে হুমায়ূন আজাদকে নিয়ে হাসান আব্দুল্লাহর স্মৃতিচারণমূলক বই ‘‘হুমায়ূন আজাদ রক্তাক্ত কবির মুখ।’’ সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ ‘পিতৃতান্ত্রিকতার বিপক্ষে’ বইটি মেলায় এনেছে বিদ্যা প্রকাশ। পার্ল পাবলিকেশসন্স বের করেছে মোস্তফা মামুনের উপন্যাস ‘দ্বিতীয প্রিয় মানুষ’। পুনম প্রিয়ামের রূপচর্চা বিষয়ক বই ‘‘মেক আপ এবং রূপচর্চা’’ মেলায় এনেছে আকাশ প্রকাশনী।
