Published : 06 Mar 2020, 11:54 AM

বসন্তবিরহ
চুম্বন খসে যেতেই
বেদনা মাথা তুলে দাঁড়ায়!
সিন্দুক খুলে দিলে যেভাবে গড়িয়ে পড়ে
রূপকথার সোনাদানা
হাসির গমকে গমকে তেমনি খসে পড়ে
মধুক্ষরা ঠোঁটের লাবণ্য!
তোমাকে নিয়ে রচিত চিত্রকল্পসমূহ
ঠিক ভাঁটফুলের মতো ফুটে আছে পথের পাশে
পথকেই আমি নিজের করে ঘরে তুলে আনি!
তুমি যা-ই বলো এই বসন্তে বিরহ বলে কিছু নেই!
বিরহের ভান ধরে সবখানে ঘুরে বেড়ায় প্রেম
তোমার মন যতই বিরহ খুঁজুক
নদীরা জানে অগণন ঢেউ কী করে সমুদ্র মেশে!
তোমার চুমুর গন্ধ
তোমার সাফল্যে কোনো খেদ নেই আমার
কেবল আনন্দ ঝরে পড়ে বিপুল বিভায়…
আমি তো বিনা মেঘে বজ্রপাতে এক আহত মানুষ!
তবুও ক্লেদাক্ত জীবনের রঙিন ফানুস ওড়াই!
আপাতত চুম্বনেই সীমারেখা টানো!
মৃত্যু যদি তেড়ে আসে বর্শার তীক্ষ্ণ ফলার মতো
তবে তাকে জীবনের গল্প শুনিয়ে দাও!
আকাশ ভেঙে যদি ঝরঝর বৃষ্টি নেমে আসে
তবে কণ্ঠে তুলে নাও জলপুরাণের গান
ডুব দাও জলজ্যোৎস্নার নিয়ন আলোয়
সাঁতার কাটো নদীস্বপ্নে…
সিরিয়ার যে শিশুরা রক্তাপ্লুত দেহে গড়াগড়ি খায়
তোমার চুম্বন হতে পারে তার কোমল শুশ্রূষা
দুধে আর্দ্র স্তনযুগল তুলে দাও আর্ত সব মুখে
হাসির রেখায় ফুটুক গোলাপের সমূহ বোঁটা
কাঁটায় কাঁটায় বিদ্ধ হোক জগতের সকল অসূয়া!
তোমার সাফল্যে কোনো খেদ নেই আমার
পাতাঝরা বসন্ত জানে, জানে ভোরবেলা
ভাঁটফুলরাশি
তোমার চুমুর গন্ধ…মৃত্যুলেখা… খুব ভালোবাসি!
আমার বসন্ত
বসন্ত এসেছে আজ কোকিলের উতরোল নহবতে
হৃদয়ে গেঁথেছি প্রেম তোমার সুতোয়, তুমি যদি কথা
বলো, উড়ে যায় বসন্তের পাখি, যাও পাখি দিগন্তের
কোণে, ধু-ধু নীল আকাশের মিলনরেখায় নৃত্যপরা
কামার্ত কুহক ডানা নাড়ে! চরাচরে জিজ্ঞাসার রোদ,
কী এক অদ্ভুত বোধ নগ্ন হয়ে ওঠে, তোমার ঠোঁটের
কোণে গেঁথে দিই বসন্তের পদাবলি, এসো আজ
স্পষ্ট করে তুলি আমাদের ভালোবাসাবাসি! এই ভোর
আলোময় মোহন সকাল বিধিমুক্ত প্রেমের বিধান!
গোলাপ ফুটেছে যদি বনে-বনান্তরে, হৃদয় কি থাকে
আর প্রস্ফুটন ছাড়া? ঝিনুকের মুক্তোরাশি তোমার
হাসির কাছে পরাজয় মানে! জগতের এই আলো
হৃদয়ে হৃদয়ে, ও প্রেম ও তৃষ্ণা ছোটো আজ প্রণয়ের রথে!
বসন্ত এসেছে আজ কোকিলের উতরোল নহবতে!
বসন্তলিপি
ধূলির আসনে বসে রোজ সারহীন বাহবা কুড়াও
এ জীবন রঙ্গশালা, ভোজবাজি, কত আর ফানুস
ওড়াও! চারদিকে ভুলভাল ধ্বনিপুঞ্জ বৃথা আস্ফালন
তবু আমি গড়ে তুলি আলোময় রাশি রাশি পৃথক
ভুবন! কী করে শোধ করি শব্দবন্ধ অক্ষরের ঋণ?
এ যে প্রাণবায়ু বৃক্ষপ্রায় বাঁচায় জীবন। পাতাঝরা শীত
শেষে গাছে গাছে কুসুমিত কুঁড়ি, আমার তালাশে
আমি নিত্যদিন হন্যে হয়ে ঘুরি! তুমি হাসো, তুমি
কাঁদো, তোমার অসুখ! আমারও বুকে নাচে
ব্যথারাশি যন্ত্রণার করুণ কুহক! বসন্ত এসেছে
দেখো, ছড়িয়ে পড়েছে প্রেম পাতায় পাতায়…
কাঁটাগুল্মে পা কাটুক, কাটুক হৃদয়, উদ্ধারের
গান ধরো, যেতে চাই ফুল্লবনে যুগলভ্রমণে
ঝেড়ে ফেলো সংশয়, তুচ্ছ সব নিন্দুকের কাঁটারাশি
পৃথিবীর মতো আজ খুলে খুলে হৃদয় বাড়াও
ধূলির আসনে বসে কেন রোজ বাহবা কুড়াও!