২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ নিয়ে কথা

admin

Published : 09 Aug 2013, 12:40 AM

Updated : 23 Jun 2022, 04:06 PM

ঈদ মানে আনন্দ। জগতে আনন্দলোকে সবার আমন্ত্রণ। এবারের ঈদে বিশ্বজুড়ে আমাদের সম্মানিত পাঠক-পাঠিকা ও শুভার্থীদের জন্যে রইলো বহুবর্ণিল শুভেচ্ছা। ঈদের সেকাল-একাল নিয়ে কথা বলছেন আমাদের তিন শীর্ষ সংস্কৃতিজন : প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, প্রফেসর আনিসুজ্জামান ও প্রফেসর সিরাজুল ইসলাম। – বি. স.


সিরাজুল ইসলাম চৌধুরী
ঈদের সামাজিক এবং সাংস্কৃতিক তাৎপর্যটাই প্রধান। এটা হচ্ছে একটা সামাজিক মিলনের জায়গা। এখানে এই যে নামাজের থেকে শুরু করে বাড়িতে আত্মীয়স্বজন আসা, আত্মীয়স্বজনের বাসায় যাওয়া, এগুলো হচ্ছে একটা সামাজিক ব্যাপার। ঈদের জামাতেও অনেক মানুষ একসাথে হয়। তার পরে আত্মীয়ের বাড়ি যায় এবং নিজের বাড়িতে অন্য আত্মীয়রা আসে।

এই যে মেলামেশাটা, এর ফলে একটা সৌজন্যবোধের সুযোগ তৈরি হয় ঈদে। এমনিতে তো যোগাযোগগুলো খুব কম, কিন্তু ঈদে এই যোগাযোগটা আরো বেশি ঘটে। এটাই হচ্ছে ঈদের প্রধান ব্যাপার । এছাড়া ঈদ হচ্ছে শিশু এবং কিশোর কিশোরীদের জন্য। তারাই এটা সবচেয়ে বেশি উপভোগ করে। তারা জামাকাপড় উপহার পায়, এটার মধ্যে একটা আনন্দের ব্যাপার আছে। এটার জন্য তারা অপেক্ষা করতে থাকে।
আর প্রবীণদের মধ্যে এটা সৌজন্য এবং সম্প্রীতি বৃদ্ধি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে।

আজকাল সরাসরি যোগাযোগটা কমে যাচ্ছে মানুষের সাথে মানুষের। এই উপলক্ষে সেই যোগাযোগটা হয়। আরো একটা ব্যাপার এই যে, যারা শহরে থাকে, যাদের ঘর-বাড়ি গ্রামে তারা ঐখানে চলে যায়; এবং সেই চলে যাওয়াটা একটা মিলনের ব্যাপার হয় তাদের জন্য। তারা আত্মীয়স্বজনের মাঝে একসাথে মিলতে পারে। তো এই মেলাটাতো একটা বড় সুযোগ, ঈদ এই সুযোগটা করে দেয় ।

আনিসুজ্জামান

ঈদকে কেবল সামাজিক অনুষ্ঠান হিসাবে আমি দেখি না। এটার একটা ধর্মীয় তাৎপর্য আছে। কিন্তু সামাজিক ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। সবার সঙ্গে আনন্দময় মেলামেশা ইত্যাদির সুযোগ করে দিচ্ছে এই ঈদ। তবে এর ধরন যে বদলাচ্ছে তা খুবই স্বাভাবিক। যেহেতু সামাজিক অনুষ্ঠান তাই সামাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিংবা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তা বদলাবে।

এখন এর সাথে উপহার দেওয়া নেওয়ার ব্যাপারগুলো যুক্ত হয়েছে। এটা হচ্ছে নাগরিক মধ্যবিত্তের আর্থিক সচ্ছলতার কারণে। যে যত সচ্ছল হচ্ছে তত তার ব্যয় বাড়ছে।

আমরা তো একেবারেই মধ্যবিত্ত পরিবার ছিলাম সবসময়। এ উপলক্ষে নতুন কাপড় পরেছি, তাও মনে পড়ে না। খাওয়া দাওয়াও তখন বাড়ির মধ্যেই ছিলো । আত্মীয়স্বজন এসে যে খেত না, তা নয়। ঈদের দিনের সেমাই টেমাই খেয়ে সবাই বের হয়ে যেতেন। আমাদের সময়ে আড়ম্বর ছিল না।


সিরাজুল ইসলাম

আমাদের দেশের ঈদ এখন যেভাবে করা হচ্ছে আজ থেকে তিরিশ বছর আগে সেভাবে করা হতো না। এটা তখন একেবারেই ধর্মীয় অনুষ্ঠান ছিল । কিন্তু এখন ঈদের ধরন অনেক বদলে গেছে। আজকের পুঁজিবাদী অর্থনীতিতে এটা কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছে। বিশেষ করে কেনাকাটার ক্ষেত্রে। কেউ বিক্রি করছে, কেউ কিনছে। হাজার হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে এবং ঈদকে পুঁজিবাদী সমাজ প্রমোট করছে। কাজেই ঈদকে প্রমোট করার ফলে ঈদের যে আনুষ্ঠানিকতা, সেটা ধর্মীয় আনুষ্ঠানিকতাকে ছাড়িয়ে গিয়ে সামাজিক আনুষ্ঠানিকতায় ঝুঁকে পড়েছে। এটা এমন রূপ ধারণ করছে যে ছেলে মা-বাবাকে গিফট না দিলে লজ্জা বোধ করে । আবার মা-বাবা ছেলেমেয়েদেরকে না দিলে লজ্জা বোধ করে।

তখনকার দিনে ঈদের আনন্দ হলো ঈদের ময়দানে যাওয়া, নামাজ পড়া, কোলাকুলি করা, বাড়িতে এসে সেমাই-টেমাই খেয়ে স্বাভাবিক জীবনযাত্রা আবার শুরু করা। কিন্তু এটার চেয়ে খাবারটা এখন শুধু ঈদের দিনেই নয়, সারা ঈদের মাসে, অর্থাৎ পুরো রমজান মাস জুড়েই বিপুল খাওয়া দাওয়া হয়। তো এখন যারা ধনীলোক, তারাই এটা বেশি করে। এমন কী পলিটিক্যাল পার্টিগুলোর ডিনার হচ্ছে, ইফতার পার্টি হচ্ছে। এই উদযাপনটা পুঁজিবাদী উন্নয়ন। ফলে পুঁজিবাদীরা এটার ষোল আনা সুবিধা নিচ্ছে এবং অন্যরাও যে সেই সুবিধার ভাগ পাচ্ছে না তা নয়। এটাকে কেন্দ্র করে মার্কেট তৈরী হচ্ছে। এর কিছু সুবিধা শ্রমিকরা পাচ্ছে, মালিকরা পাচ্ছে, প্রত্যেকেই এর কিছু-কিছু সুবিধা পাচ্ছে।