আদিবাসীসহ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটাধিকার দাবি
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটি বিশেষ নিরাপত্তাসহ পাঁচ দফা দাবি তুলে ধরে।
আদিবাসীসহ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের দাবি জানিয়েছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি বিশেষ নিরাপত্তাসহ পাঁচ দফা দাবি তুলে ধরে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত টুডু লিখিত বক্তব্যে বলেন, আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানা ধরনের বৈষম্য, নিপীড়ন ও সহিংসতার শিকার হচ্ছে। নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে ভোটকেন্দ্রে যেতে বাধা, হুমকি কিংবা জোরপূর্বক ভোটাধিকার থেকে বঞ্চিত করার ঘটনা ঘটে।
তিনি বলেন, এটি মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি সংবিধান পরিপন্থি। সংবিধানের ১১, ২৭, ২৮ ও ৩৭ অনুচ্ছেদে সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা এবং স্বাধীনভাবে মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না।
“ভোটাধিকার কোনো দয়া নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব।”
সংগঠনের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- নির্বাচন ও নির্বাচনকালীন আদিবাসী ও সংখ্যালঘুদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা; নির্বাচনপূর্ব ও পরবর্তী সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর আগাম পদক্ষেপ; নির্বাচন কমিশনের সক্রিয় ও নিরপেক্ষ ভূমিকা; রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, উত্তরবঙ্গ থেকে একজন আদিবাসী টেকনোক্র্যাট মন্ত্রী, সংরক্ষিত আসনে প্রতিনিধি নির্বাচন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন অন্তর্ভুক্ত করা; এবং সংখ্যালঘু ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি।
প্রভাত টুডু বলেন, “আমাদের ট্যাগ দেওয়া হয়, আমরা আওয়ামী লীগের ভোটার। কোনো দল পরাজিত হলে মনে করবে আদিবাসী ও সংলঘুরা ভোট দেয়নি। পরাজিতদের পক্ষ থেকে হামলার আশঙ্কা রয়েছে। এ ছাড়া এ পরিস্থিতির সুযোগ নেয় ভূমিগ্রাসী মহল। এমন পরিস্থিতির শিকার হতে পারে সদর উপজেলার টংপাড়ার আদিবাসীরা। তাদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। জমি নিয়ে একটি পক্ষের সঙ্গে মামলা-মোকদ্দমা চলছে। ওই পক্ষের লোকজন এই হুমকি দিচ্ছে। এতে করে টংপাড়ার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছে।”
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাজশাহী মহানগর সভাপতি সুমি মুরমু। উপস্থিত ছিলেন সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, কোল জনগোষ্ঠীর নেত্রী রুমালী হাসদা, সাঁওতাল নেত্রী মনিকা সরেন।
