Published : 20 Jan 2026, 08:13 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে যে ১৬২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছিল, তাদের মধ্যে ২৭ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
সোম ও মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়।
ঢাকা বিভাগীয় কমিশনারের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য প্রধানকারী কর্মকর্তা তাহজীব হাসান হৃদম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-১৮ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত বিলকিস নাসিমা রহমান সোমবার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বাকিরা করেন মঙ্গলবার।
ফলে ঢাকার ২০ আসনে চূড়ান্ত প্রার্থী থাকলেন ১৩৫ জন।
ভোট থেকে সরে গেলেন যারা
ঢাকা-১: খেলাফত মজলিশের ফরহাদ হোসেন
ঢাকা-৫: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মোখলেছুর রহমান কাছেমী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. লুৎফুর রহমান, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির এস এম শাহরিয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আতিকুর রহমান নায়ু মুন্সী।
ঢাকা-৬: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) গাজী নাসির।
ঢাকা-৭: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির তারেক আহম্মেদ আদেল, স্বতন্ত্র মনির হোসেন।
ঢাকা-৯: খেলাফত মজলিসের মো. ফয়েজ বখশ্ সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কবির আহমদ।
ঢাকা-১০: খেলাফত মজলিসের আহমদ আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।
ঢাকা-১২: বাংলাদেশ লেবার পার্টির মুহাম্মদ মুস্তাফিজুর রহমান
ঢাকা-১৩: ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন।
ঢাকা-১৫: গণফোরামের এ কে এম শফিকুল ইসলাম।
ঢাকা-১৬: বাংলাদেশ খেলাফত মজলিসের আহসানউল্লাহ, খেলাফত মজলিসের মো. রিফাত হোসেন মালিক।
ঢাকা-১৭: খেলাফত মজলিসের মো. এমদাদুল হক, স্বতন্ত্র মোহাম্মদ সরোয়ার হোসেন।
ঢাকা-১৮: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মফিজুল ইসলাম, খেলাফত মজলিসের সাইফ উদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নেয়ামতুল্লাহ (আমীন)।
ঢাকা ১৯: খেলাফত মজলিশের একে এম এনামুল হক, জামায়েতে ইসলামীর আফজাল হোসাইন।
ঢাকা ২০: জামায়েত ইসলামীর আব্দুর রউফ।
গণপ্রতিনিধিত্ব আদেশের ১৬ অনুচ্ছেদে দলীয় মনোনয়ন ও প্রার্থিতা প্রত্যাহারের বিধানে বলা হয়েছে, বৈধভাবে মনোনীত প্রার্থী তার সইযুক্ত কোনো লিখিত নোটিসের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত দিন বা তার আগে নিজে অথবা লিখিত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের নিকট প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন।
কোনো নিবন্ধিত রাজনৈতিক দল একটি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়ে থাকলে ওই দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী ব্যক্তিকে লিখিত পত্রের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে।
মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় বুধবার প্রতীক বরাদ্দ পাবেন প্রার্থীরা, পরদিন থেকে প্রচার শুরু করতে পারবেন তারা।
প্রার্থীতা প্রত্যাহারের পরের কার্যক্রম নিয়ে ইসির পরিপত্রে বলা হয়েছে, “প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে নামের তালিকা প্রকাশ করতে হবে। এক্ষেত্রে আইন ও বিধি অনুসারে নির্ধারিত ফরম-৫ এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের তালিকায় নামগুলো বাংলা বর্ণক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে।”
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।