নেতারা কে কোথায় ভোট দেবেন
ভোটের দিনের সকালেই স্ত্রী-কন্যাকে নিয়ে কেন্দ্রে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এক দিন পরই ত্রয়োদশ সংসদ নির্বাচন; সাত-সকালে ভোটকক্ষের দরজা খোলার পর থেকেই সেখানে পছন্দের প্রার্থীকে খুঁজে নেবেন ভোটাররা।
তবে ভোটাররা যাদের বেছে নেবেন, সেই রাজনৈতিক নেতা বা প্রার্থীরাও ভোট দেবেন। তারা কে কোন কেন্দ্রে ভোট দেবেন, ইতোমধ্যে সেটিও ঠিকঠাক করে ফেলেছেন অনেকে।
ভোটের দিনের সকালেই স্ত্রী-কন্যাকে নিয়ে কেন্দ্রে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে তার কার্যালয়ের পাশেই গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন ঢাকা-১৭ আসনের এ প্রার্থী।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারেক রহমান সবশেষ ২০০১ সালের নির্বাচনে ভোট দিয়েছেন। সেসময় তার ভোটকেন্দ্র ছিল আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এবার বাসস্থানের ঠিকানা পরিবর্তন হয়ে গুলশানে আছেন তারেক রহমান।
তারেক রহমান ঠিক কখন ভোট দেবেন, সেই সময় এখনো ঠিক হয়নি বলে জানান শায়রুল কবির।
এবারের নির্বাচনে আলোচিত ঢাকা-৮ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দেবেন শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে। সকালেই তিনি কেন্দ্রে যাবেন। সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস থাকতে পারেন বলে মির্জা আব্বাসের মিডিয়া বিভাগ জানিয়েছে।
বিএনপির মিডিয়া সেল বলছে, দলটির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন। খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দির গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাবেন।
গয়েশ্বর চন্দ্র রায় কেরাণীগঞ্জে আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আব্দুল মঈন খান নরসিংদীর পলাশের চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইসহাক সরকারি গার্লস স্কুলে, হাফিজ উদ্দিন আহমেদ ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জে মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট সড়কের মনিপুর বয়েজ হাই স্কুলে ভোটে দেবেন বলে দলটির প্রচার বিভাগের একজন জানিয়েছেন। তবে ঠিক কখন ভোট দেবেন, সেটি এখনো জানা যায়নি।
ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী খালেদুজ্জামান গুলশানের একটি কেন্দ্রে ভোট দেবেন। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ভোট দেবেন।
অপরদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কোন কেন্দ্রে ভোট দেবেন সেটি জানা যায়নি। দলটির আরেক নেতা আখতার হোসেন ভোট দেবেন রংপুরে তার বাড়ির পাশেরই একটি কেন্দ্রে।
হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বারের গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা খিলগাঁওয়ের একটি কেন্দ্রে ভোট দেবেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বরিশালের চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রে ভোট দেবেন। দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
