২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা থেকে গিয়ে ভোট সংশ্লিষ্টদের নিয়ে সভা, সরকারি কর্মচারীকে জরিমানা

এরফান আলী ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে কর্মরত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 07:31 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনি এলাকা ভোলাহাট উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক সরকারি কর্মচারীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভোলাহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শামীম হোসেন বলেন, শনিবার বিকাল ৪টায় উপজেলার বীরেশ্বরপুর গ্রামে এই অভিযান চালানো হয়। 

এ সময় মো. এরফান আলী নামে ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে কর্মরত একজন কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

শামীম হোসেন বলেন, তিনি বীরেশ্বরপুর গ্রামের বাসভবনে গোপনে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সম্ভাব্য সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় এরফান আলীকে হাতেনাতে ধরা হয়। 

“নির্বাচনি কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ এর ২১(খ) ধারা লঙ্ঘনের অপরাধে ২৭(ক) ধারায় তাকে শাস্তির আদেশ দেওয়া হয়। তিনি জরিমানার টাকা পরিশোধ করেন।”