চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, দুজনের কারাদণ্ড
চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবং ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে চার দফায় উত্তেজনা সৃষ্টি হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা ও সংঘর্ষের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে।
বৃহস্পতিবার রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়া।
ফরিদগঞ্জ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশিদ এবং দলের ‘বিদ্রোহী’ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিংড়ি প্রতীকে নির্বাচন করছেন আবদুল হান্নান।
রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবং ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে চার দফায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আবুল কাশেম (৩৬) ও আল আমিন (২৬) নামে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।
তিনি বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসন কঠোর ব্যবস্থা নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উভয় প্রার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে সংঘর্ষের পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
