২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের পোলিং এজেন্টদের সইযুক্ত ফাঁকা রেজাল্ট শিট উদ্ধার

নির্বাহী হাকিম সেলিম রেজা বলেন, বুধবার রাত ৮টার দিকে সই করা ফাঁকা ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 12:28 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদর আংশিক) একটি কেন্দ্রের বিএনপি ও জামায়াতে ইসলামীর পোলিং এজেন্টদের সই করা ফাঁকা রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।   

নির্বাহী হাকিম ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, বুধবার রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এজেন্টের সই করা ফাঁকা ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। 

এই কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। 

তাকে পরিবর্তন করে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে জানিয়ে সেলিম রেজা বলেন, “রেজাল্ট শিটগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন শিট তৈরির জন্য বলা হয়েছে। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।” 

এ ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা নাহিদ। 

ইউএনও রিজওয়ানা নাহিদ বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। পরিদর্শনের সময় মানুষের জটলা দেখে জানতে পারেন স্বাক্ষর করা কিছু রেজাল্ট শিট উদ্ধার হয়েছে। তবে তিনি সেগুলো দেখেননি।

ইউএনও বলেন, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহারের প্রক্রিয়া চলছে।

প্রিজাইডিং কর্মকর্তা জেসমিন আরা বলেন, তিনি বুঝতে না পেরে ধানের শীষের এজেন্ট জিল্লুর রহমান এবং দাঁড়িপাল্লার ওমর ফারুকের স্বাক্ষর নেন। ভুল বুঝতে পেরে তা ছিঁড়ে ফেলা হয়।

কালীগঞ্জ থানার ওসি মো. জেল্লাল হোসেন বলেন, “প্রিজাইডিং কর্মকর্তাকে বদল করে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে।”