২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধানের শীষের পক্ষে বিএনপি নেত্রীর ‘ব্যতিক্রমী’ প্রচার

এ নিয়ে নগরীতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 09:10 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

বরিশাল নগরীতে ‘ব্যতিক্রমধর্মী’ নির্বাচনি প্রচার চালিয়েছেন বিএনপির কিছু নেতাকর্মী। 

শনিবার দুপুরের দিকে বরিশার মহানগর বিএনপির এক নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে নেতাকর্মীরা এই প্রচার চালিয়েছেন। 

ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিতরণ করা প্রচারপত্রে কোনো প্রার্থীর নাম ছিল না। এ নিয়ে নগরীতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। 

নগরীর সদর রোডের বাসিন্দা মো. মিলন বলেন, “বিএনপি নেত্রী নাসরিন লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চায়। কিন্তু সেখানে কোনো প্রার্থীর নাম নেই। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছে। লিফলেটে প্রার্থী মজিবর রহমান সরোয়ারের নাম ও ছবি নেই। এটা কোন ধরনের প্রচার?” 

পাশ থেকে আরেকজন মন্তব্য করেন, এ ধরনের প্রচারের মাধ্যমে নিজেদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি আসলে সামনে এসেছে। 

এ বিষয়ে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন বলেন, “আমাকে তো কেউ ডাকেনি। আমি বিএনপির রাজনীতি করি। দলীয় চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রার্থী নয়, ধানের শীষে ভোট দিতে। তাই আমি ধানের শীষে ভোট চেয়ে প্রচার করেছি। শুধু প্রচারই নয়, ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিরও পালন করা হবে।” 

এভাবে প্রচারের ফলে দলীয় দ্বন্দ্বে বিষয়টি সামনে এসে পড়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই দ্বন্দ্ব তো রয়েছে। আমি মজলুমের পক্ষে। আমি আমার মত রাজনীতি করি।” 

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন কিনা আমাদের জানা নেই। যদি করে থাকেন এটার দায়ভার তার নিজের। মহানগর বিএনপি দায়ভার নেবে না।”