Published : 23 Jan 2026, 10:23 PM
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির নির্বাচনি জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এক পক্ষ দাবি করেছে তাদের অন্তত ২০ জন আহত হয়েছে। অন্য পক্ষ বলেছে, তাদের ৮ থেকে ১০ জন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে অষ্ট্রগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এই সংঘর্ষ হয় বলে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছেন।
স্থানীয় লোকজন বলেছেন, বিকালে ভাতশালা গ্রামে বিএনপির প্রার্থী ফজলুর রহমানের নির্বাচনি জনসভা চলছিল। অসুস্থতাজনিত কারণে তিনি জনসভায় উপস্থিত থাকতে পারেননি। জনসভার শেষ পর্যায়ে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়। এ সময় চেয়ারে বসা নিয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে মাহবুব আলম কিসমত অভিযোগ করে বলেন, মিছিল নিয়ে জনসভায় পৌঁছানোর পর সাদেক মিয়া ও তার লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তিনিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে সাদেক মিয়া বলেন, কিসমত ও তার লোকজনের হামলায় তিনিসহ ৮-১০ জন আহত হয়েছেন।
অষ্টগ্রাম থানার ওসি সোয়েব খান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।