২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সংঘর্ষ নিয়ে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি দোষারোপ

সদর উপজেলার মাখনা কোমলগোটা গ্রামে জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 07:07 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

নির্বাচনি প্রচারে হামলা-সংঘর্ষ নিয়ে নওগাঁয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা একে অপরকে দোষারোপ করেছেন। 

বুধবার দুপুরে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু অভিযোগ করেন, জামায়াতের হামলায় তাদের পাঁচ কর্মী আহত হয়েছেন। 

অপরদিকে জামায়াতে ইসলামী মঙ্গলবার রাতে শহরের দয়ালের মোড়ে পৌর কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করে, বিএনপির হামলায় তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। 

মঙ্গলবার বিকালে সদর উপজেলার মাখনা কোমলগোটা গ্রামে জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। 

নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম বলেন, “প্রচার শেষে আমি গোপাই মাখনা গ্রামে আমাদের এক কর্মীর বাড়িতে বিশ্রাম নেই। সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের উপর হামলা চালায়।” 

এতে ১০ নেতাকর্মী আহত হয়েছে দাবি করে সায়েম বলেন, ৫ ফেব্রুয়ারি জামায়াতের আমিরের জনসভা যেন সফল না হয় সেজন্য তারা হামলা চালিয়েছে। 

অপরদিকে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে খাওয়া-দাওয়ার আয়োজন করেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ভিডিও ধারণ করতে গেলে জামায়াতের নেতাকর্মীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় এবং তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। 

“এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে গ্রামবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা গ্রামবাসী ও বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে; যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।” 

তিনি বলেন, এই হামলা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনি বিধি লঙ্ঘনের ঘটনা আড়াল করতেই নিরীহ মানুষ এবং বিএনপির নেতা-কর্মীদের ওপর এই বর্বর হামলা চালানো হয়েছে।”