খাগড়াছড়ি আসন পুনরুদ্ধার চায় বিএনপি, লড়াই ত্রিমুখী
দলীয় প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করতে ধানের শীষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৯৮ নম্বর সংসদীয় আসন পার্বত্য জেলা খাগড়াছড়িতে ভোটের উত্তাপ এখন তুঙ্গে। এ আসনে বাঙালি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভোটারদের সমন্বয় থাকায়, এখানে রাজনৈতিক সমীকরণ অন্যান্য সমতল জেলার তুলনায় কিছুটা ভিন্ন এবং জটিল।
খাগড়াছড়ির একটিমাত্র আসনে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পর্যটন নির্ভর এই পাহাড়ি জেলা এখন প্রচারে মুখর। প্রার্থীরা উপজেলা, গ্রাম ও শহরে গণসংযোগ চালাচ্ছেন। শহর ও পাহাড়ি এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এ আসনে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূইয়া, স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ও সমীরণ দেওয়ানের মধ্যে তীব্র প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে। তবে দীর্ঘ দুই দশক পর এই আসনটি ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি।
দলীয় প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করতে ধানের শীষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। হারানো আসন ফিরে পেতে প্রার্থী ওয়াদুদ ভূইয়াও সমান তালে জনসংযোগে নেমেছেন। জয়ের ব্যাপারে আশাবাদীও তিনি।
ওয়াদুদ ভূইয়া বলেন, “২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির মেয়াদকালে খাগড়াছড়ির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। গত ১৫ বছর আওয়ামী লীগ পাহাড়ি-বাঙালি কারো জন্য কোনো উন্নয়ন করেনি। আমি ক্ষমতার থাকার সময় পাহাড়ি-বাঙালি উভয় জনগোষ্ঠীর মানুষের কর্মসংস্থান করে দিয়েছি।”
ক্ষমতায় গেলে খাগড়াছড়ির মানুষকে ‘বিনা ঘুষে’ চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি প্রার্থী।
ধর্মজ্যোতি চাকমা সবশেষ উপজেলা নির্বাচনে দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এবার প্রথম বারের মত সংসদ নির্বাচনে লড়াই করছেন। প্রচারে পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত গ্রামগুলো চষে বেড়াচ্ছেন।
শুক্রবার খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে মিছিল নিয়ে পুরো শহর ঘোরেন তিনি। ভেটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন।
ধর্মজ্যোতি চাকমা তার ইশতেহারে বলেছেন, “বাংলাদেশের সংবিধান এবং পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত বিশেষ আইনসমূহ- যেমন পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি, ১৯০০; পার্বত্য জেলা পরিষদ আইনসমূহ; পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন; ভূমি কমিশন আইনের প্রতি পূর্ণ সম্মান বজায় রেখে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করব।”
এদিকে বিভিন্ন পাড়া ও গ্রামে গ্রামে গণসংযোগ চালাচ্ছেন ফুটবল প্রতীকের সমীরণ দেওয়ান। গত ১ ফ্রেব্রুয়ারি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ।
নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যতীন্দ্র লাল ত্রিপুরা কাছে বিপুল ভোটে হেরে যান সমীরণ দেওয়ান। যতীন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীকে পান ১ লাখ ২২ হাজার ৭৫০ ভোট; বিপরীতে সমীরণ পান ৬৩ হাজার ৪৮ ভোট।
সংশ্লিষ্টরা বলছেন, সমীরণ দেওয়ান বিএনপির বিদ্রোহী হলেও ধানের শীষের জন্য খুব একটা ‘বিপদজনক নন’। ১৭ বছরের দূরত্বের কারণে তিনি বিএনপির ‘ভোট ব্যাংকে’ ভাগ বসাতে পারবেন না। তিনি মূলত ভাগ বসাবেন স্বতন্ত্র প্রার্থী ‘ধর্মজ্যোতি চাকমার ভোট ব্যাংকে’।
সমীরণ বলছেন, “ভোটাররা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমার প্রতীক ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি তাদের কাছে ওয়াদা করছি, আমি আজ বয়সের প্রায় শেষপ্রান্তে দাঁড়িয়ে আছি।
“জীবনের এই শেষ সময়টুকু আমি সব জনগণের জন্য; সকল সম্প্রদায়ের জন্য সম্পূর্ণভাবে দিয়ে যেতে চাই।”
প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বী করছে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর এয়াকুব আলী চৌধুরী। নির্বাচনে জয় নিয়ে আশাবাদী তিনিও।
এয়াকুব বলেন, “আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলব।”
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে খাগড়াছড়ির জেলা প্রশাসক ও রির্টার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত জানিয়েছেন।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার জোরদার করা হরেয়ছে বলেও জানিয়েছেন তিনি।
পর্যটন নির্ভর জেলা খাগড়াছড়িতে ৩৮ ইউনিয়ন, নয়টি উপজেলা ও তিনটি পৌরসভা রয়েছে। ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি ছাড়া বাকি ১৮৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
খাগড়াছড়িতে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন। নতুন ভোটার ২৭ হাজারের বেশি।
