ঢাকার আসনগুলোর ফল প্রকাশে দেরি
এখন পর্যন্ত শুধু দুটি আসনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা; দুটোতেই জয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা।
রাজধানীসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ফল প্রকাশ হতে অন্য এলাকার আসনগুলোর তুলনরায় সময় বেশি লাগছে।
বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত শুধু দুটি আসনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এ দুটোতেই জয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা।
রাজধানীর দুই আসন থেকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধানরা প্রতিযোগিতা করছেন।
ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখন পর্যন্ত তাদের ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি।
অপরদিকে ঢাকা-১১ আসন থেকে লড়ছেন এনসিপির নাহিদ ইসলাম। এ আসনের কিছু কেন্দ্রের ফল এসেছে। ১৬৩টি কেন্দ্রের মধ্যে ৩২টির ফলে শাপলা কলির নাহিদ এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৮৫৭ ভোট। আর ধানের শীষের এম এ কাইয়ুম পেয়েছেন ১৫ হাজার ৪০০ ভোট।
এখন পর্যন্ত রিটার্নিং অফিসারের ঘোষণা করা ফলে ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান বড় জয় পেয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট।
অপরদিকে ঢাকা-১ আসনে বিএনপির আবু আশফাক জয় পেয়েছেন। ধানের শীষের প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯১০ ভোট।
ফল ঘোষণা না হওয়া অন্য আসনগুলোর মধ্যে ঢাকা-৪ এর ১১৬ কেন্দ্রের মধ্যে চারটির ফলে জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন ২৩৪৩ ভোট নিয়ে এগিয়ে আছেন। বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ২২৯৬ ভোট।
ঢাকা- ৬ এ ১০১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২টির ফলে এগিয়ে রয়েছে ধানের শীষের ইশরাক হোসেন। তিনি পেয়েছেন ১৭ হাজার ২০ ভোট। আর দাঁড়িপাল্লার আব্দুল মান্নান পেয়েছেন ১০ হাজার ৯৩৫ ভোট।
ঢাকা- ৭ এর ১৬৫ কেন্দ্রের মধ্যে ১৬টিতে দাঁড়িপাল্লার এনায়াত উল্লা পেয়েছেন ৯৬২১ ভোট। আর ধানের শীষের হামিদুর রহমান ৯৩৯৭ ভোট।
ঢাকা- ৮ এর ১০৯টির মধ্যে ৩৩ কেন্দ্রের ফলে ধানের শীষের মির্জা আব্বাস সামান্য এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৭৯০ ভোট। আর শাপলা কলি প্রতীকে নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১৫ হাজার ৪৭০ ভোট।
ঢাকা- ৯ এ ১৭০টি কেন্দ্রের মধ্যে ১১টির ফলে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৫৯৫৯ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা পেয়েছেন ২৫১৭ ভোট।
ঢাকা- ১৬ এ ১৩৮টির মধ্যে ২৯টির ফল এসেছে। তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ধানের শীষের আমিনুল হক পেয়েছেন ১৬ হাজার ১৭৫ ভোট আর দাড়িপাল্লার আব্দুল বাতেন পেয়েছেন ১৫ হাজার ৫১৬ ভোট।
ঢাকা- ১৮ এ ২১৯টি কেন্দ্রের মধ্যে ৩৪টির ফলে এগিয়ে আছেন ধানের শীষের এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি পেয়েছেন ২০ হাজার ৮৩৬ ভোট। আর শাপলা কলির আরিফুল ইসলাম পেয়েছেন ১৪ হাজার ৮৮৯ ভোট।
