ভোটের হার কত? ‘শেষ পর্যন্ত’ অপেক্ষা করতে বললেন ইসি সচিব
“আপনারা এত অধৈর্য হলে আমি এটা বন্ধ করে দিয়ে ওইটার দিকে যাই,” বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, সেই প্রশ্নে সবগুলো আসনের ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে বললেন ইসি সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন আসনের কেন্দ্রভিত্তিক ‘আংশিক ফলাফল’ ঘোষণা শুরু করেন তিনি।
ফল ঘোষণা চালিয়ে যাওয়ার প্রায় ২০ মিনিট পর উপস্থিত সাংবাদিকরা ভোট পড়ার হার জানতে চান।
জবাবে ইসি সচিব বলেন, “আপনারা এত অধৈর্য হলে আমি এটা বন্ধ করে দিয়ে ওইটার দিকে যাই।”
পরে তিনি নিজেই জিজ্ঞাসা করেন, “আপনারা (সাংবাদিকরা) কোনটা চাচ্ছেন?”
পরে সাংবাদিকদের একই প্রশ্নের জবাবে তিনি বলেন, “কত শতাংশ ভোট পাওয়া গেছে, এটা বলা হবে ২৯৯টা আসনের ভোট কাউন্ট করার পরে। কাজেই ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরে অপেক্ষা করেন অনুগ্রহ করে।”
এরপর তিনি আবারো আসনভিত্তিক ‘আংশিক ফল’ ঘোষণা চালিয়ে যান।
ফলাফল ঘোষণার আগমুহূর্তে সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছিলেন, গণভোট ও পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত থাকায় ফলাফল চূড়ান্ত করতে সময় লাগছে। তবে এতে কোনো ‘কারসাজি’ বা ‘অনিয়মের সুযোগ’ নেই।
তার কাছেও সাংবাদিকরা ভোটের হার জানতে চাইলে তিনি বলেন, ‘ইসি সচিব বলবেন’। এরপর বক্তব্য শেষ করেন সিইসি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
বৃহস্পতিবার ভোটের দিন প্রথম সাড়ে ছয় ঘণ্টায় ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের ভোটগ্রহণের কথা জানিয়েছিলেন ইসি সচিব আখতার আহমেদ।
বিকাল সোয়া ৪টায় ব্রিফিংয়ে বলেন, “সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। তার মানে ৬ হাজার ৬২০টা কেন্দ্রের ফলাফল আমরা তথ্যটা পাই নাই।”
নির্বাচনের আগে কমিশনের তরফে বলা হয়েছিল, প্রতি দুই ঘণ্টা পরপর কেন্দ্রীয়ভাবে সাংবাদিকদের ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। কিন্তু সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর পর ইসির তরফ থেকে প্রথমবার দুপুর সোয়া ১টায় ব্রিফিংয়ে আসেন সচিব আখতার।
সে সময় তিনি দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়ার তথ্য দিয়েছিলেন।
