২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে কারাভোগকারী বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা

এতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 08:22 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের শিকার ও কারাভোগকারী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দিনব্যাপী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উপজেলা বিএনপি আয়োজিত এ মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এ সময় তিনি বলেন, “দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী জননেত্রী ছিলেন খালেদা জিয়া। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ ও বেদনা ধারণ করেও তিনি কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি। নির্যাতন, শোষণ ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। 

“তার রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা নির্যাতন, মামলা ও কারাবরণ সহ্য করেছেন, তারা ইতিহাসের সাহসী সৈনিক। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না।” 

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দর সভাপতিত্বে এতে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, মো. শামীম মোস্তফা।     

আয়োজকরা জানান, মিলনমেলায় কারাভোগকারী সাত শতাধিক বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিচারণ ও আলোচনা সভা। 

শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মো. আবুল হোসেন।