২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমাবেশ: পলোগ্রাউন্ডে ‘৩ স্তরের নিরাপত্তা’

“সাড়ে তিন হাজার ফোর্স ও কর্মকর্তা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন,” বলেন পুলিশ কর্মকর্তা আমিনুর রশিদ।

বিএনপির সমাবেশ: পলোগ্রাউন্ডে ‘৩ স্তরের নিরাপত্তা’
প্রায় ২০ বছর পর তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে নগরীর পলোগ্রাউন্ড মাঠে জনসভার জন্য প্রস্তুত সভা মঞ্চ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 07:51 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ ঘিরে ‘সর্বোচ্চ’ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের কথা বলেছে পুলিশ।

রোববার সকাল ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে এই মহাসমাবেশ শুরু হওয়ার কথা। এতে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, “মহাসমাবেশ ঘিরে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু মাঠেই থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

“চট্টগ্রাম নগর পুলিশের সাড়ে তিন হাজার ফোর্স ও কর্মকর্তা মহাসমাবেশ ঘিরে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।”

তিনি বলেন, “গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনার জন্যও অতিরিক্ত ফোর্স থাকবে। সবমিলিয়ে সমাবেশ ঘিরে নিরাপত্তার জন্য যা যা করার, সবকিছু করা হবে।”

এদিকে সকালে সমাবেশস্থল পরিদর্শন করে চট্টগ্রামে সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, “ইতোমধ্যে বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তা কর্মীরা চলে এসেছেন। সকাল ৭টায় তারা পৌঁছেছেন। তারা পুরো স্থান রেকি করবেন।”

২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম আসছেন তিনি।

পলোগ্রাউন্ড মাঠে সমাবেশের জন্য ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের মঞ্চ তৈরি হচ্ছে। মঞ্চের উচ্চতা ৭ ফুট। যেখানে অন্তত ৩০০ জন বসতে পারবেন।

পুরানো খবর-

তারেকের জনসভা: পলোগ্রাউন্ড মাঠে 'জনসমুদ্রের' প্রস্তুতি

চট্টগ্রামে তারেক রহমানের 'মহাসমাবেশে' ব্যাপক জমায়েতের পরিকল্পনা