কেন্দ্রে যা দেখা গেল: কক্সবাজারের এক কেন্দ্রে তিন ঘণ্টায় ১৬ শতাংশ ভোট
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের চকরিয়া কোরক বিদ্যাপীঠ ভোটকেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
প্রথম তিন ঘণ্টায় এই কেন্দ্রে ১৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা মো. ইদ্রিস।
মো. ইদ্রিস বলেন, “এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১৬৫ জন। সকাল থেকেই এই কেন্দ্রে ভালো উপস্থিতি ছিল ভোটারদের। সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে প্রায় সাড়ে ৩০০, যা মোট ভোটারের প্রায় ১৬ শতাংশ।”
কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে ধীরস্থিরভাবে ভোট দিচ্ছেন।
প্রথমবারের মতো ভোট দিতে আসা ৩০ বছর বয়সী শামীম আমিন রোজি বলেন, “এবারই প্রথম ভোট দিতে এলাম। পরিবেশ দেখে ভালো লাগছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, তাই আগ্রহ নিয়েই এসেছি।”
চকরিয়ার হাসপাতাল সড়ক পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আয়েশা নূর বলেন, “ঘর থেকে বের হওয়ার সময় একটু ভয় ছিল। কিন্তু কেন্দ্রে এসে মনে হচ্ছে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। অনেক বছর পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারছি।”
মুক্তির বন্ধন ফাউন্ডেশনের পর্যবেক্ষক হিসেবে কেন্দ্র পরিদর্শনে আসা ডা. মোহাম্মদুল হক জনি বলেন, “শান্তিপূর্ণ পরিবেশ দেখছি। সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে মনে হচ্ছে। ভোটার উপস্থিতিও সন্তোষজনক।”
চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৯০ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
