১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা-৯: বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ দোলা

“দলের স্বার্থে আমিও সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমার নেতাকর্মীদের বিএনপির জন্য কাজ করতে বলেছি।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 11:38 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে প্রচার শুরুর আট দিন পর বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দলের ‘বিদ্রোহী’ প্রার্থী সামিরা আজিম দোলা।

এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন দলের শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। 

বৃহষ্পতিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দুই প্রার্থী এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেন। 

তাদের মধ্যে সমঝোতার মধ্যস্থতা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্বাচনি সমন্বয়ক দলের চেয়ারম্যানের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন। 

মনোনয়নপত্র সংগ্রহের আগেও কেন্দ্রীয় নেতারা আবুল কালাম ও সামিরা আজিম দোলার মধ্যে সমঝোতা করে দেন। কিন্তু কিছু দিন পরই সমঝোতা ভেস্তে যায়।

সাবেক এমপি প্রয়াত আনোয়ারুল আজিমের মেয়ে দোলা প্রার্থী হওয়ার আগ্রহ জানালেও বিএনপি আবুল কালামকে মনোনয়ন দেয়। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন দোলা। 

তিনি ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের প্রচার শুরু করেন। আট দিন পর ফের বিএনপির প্রার্থী আবুল কালাম ও বিদ্রোহী দোলাকে এক মঞ্চে বসালেন দলের নেতারা।

নির্বাচনি সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “আমিও প্রার্থী হয়েছিলাম। কিন্তু দল ও দেশের স্বার্থে ছাড় দিয়েছি। আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশে আজ সামিরা আজিম দোলাও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসে ধানের শীষের পক্ষে কাজ করবে বলে কথা দিয়েছেন।”

দোলা বলেন, “দলের স্বার্থে আমিও সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমার নেতাকর্মীদের বিএনপির জন্য কাজ করতে বলেছি।”

বিএনপির প্রার্থী আবুল কালাম বলেন, “আমি আগেও সামিরা আজিম দোলাকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছিলাম। তারপর আজকে আবারও চেয়ারম্যানের নির্দেশে নির্বাচনি সমন্বয়কের মাধ্যমে আমরা তাকে এক সাথে পাচ্ছি। 

“আশা করি আমরা সবাই একসাথে বিএনপিকে জয়ী করতে পারবো।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।