২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই যুগ আগের ফল ছাপিয়ে যাচ্ছে বিএনপি

জামায়াতের ভোট অধ্যুষিত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে এবারও সুবিধা করতে পারেনি দলটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 09:46 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে ১২টিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। আগের নির্বাচনগুলোতে যেসব আসনে জয় পেতেন ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এবারও সেগুলোতে জিতে সংসদে যাচ্ছেন তারা।

তবে জামায়াতে ইসলামীর ভোট অধ্যুষিত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে এবারও সুবিধা করতে পারেনি দলটি। উল্টো চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের অঙ্কের হিসাবে জামায়াতের কাছে আসনটি খু্ইয়েছে বিএনপি।

এতদিনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ভোটে না থাকায় দুই দশক পর আবার জেলার বেশির ভাগ আসন ফিরে পাবার সুযোগ তৈরি হয় বিএনপির প্রার্থীদের সামনে। যে দুটি আসনে আদালতের নিষেধাজ্ঞা থাকায় ফল ঘোষণা করা হয়নি সেগুলোতেও দলটির প্রার্থীদের বড় ব্যবধানে এগিয়ে থাকার খবর এসেছে।

এ দুই আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থীতা বিষয়ে আদালতে আপিল নিষ্পত্তি না হওয়ায় ফল ঘোষণা করেননি রিটার্নিং অফিসার।

চট্টগ্রাম নগরীর চারটি আসনের সবগুলোতে জয় পেয়েছে বিএনপি। উত্তর চট্টগ্রামের সাতটির মধ্যে পাঁচটিই ধানের শীষের। বাকি দুটির ফল ঘোষণা স্থগিত রয়েছে।

দক্ষিণ চট্টগ্রামের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছে বিএনপি। আর নিজেদের পুরনো দুর্গ হিসেবে পরিচিত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে এবারও জয় পেয়েছে জামায়াতে ইসলামী। 

দুই যুগ আগের অবস্থানকে ছাড়াচ্ছে বিএনপি

১৯৯১ সালের নির্বাচনে নগরী ও জেলা মিলে চট্টগ্রামে সংসদীয় আসন ছিল ১৫টি। সেবার বিএনপি ৮টি, আওয়ামী লীগ ৪ ও অন্যান্য দল ৩টি আসনে জয়ী হয়েছিল। 

১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে বিএনপি ১১টি এবং আওয়ামী লীগ ৪টি আসনে জয় পায়। 

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় সংসদীয় আসন একটি বেড়ে হয় ১৬টি। সেবার বিএনপির প্রার্থীরা ১২টি এবং আওয়ামী লীগ ৪টি আসনে জয়ী হয়।

২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে নিজেদের দুর্গ চট্টগ্রামে প্রথমবারের মত পিছিয়ে পড়ে বিএনপি। সেবার আওয়ামী লীগ ৯টি, বিএনপি ৩টি এবং অন্যান্য দল ৪টি আসনে জয় পায়। 

এরপর ২০১৪ সালে বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনেরর সবগুলোতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা নির্বাচিত হয়েছিল। ২০১৮ সালের ত্রয়োদশ নির্বাচনেও সুবিধা করতে পারেনি বিএনপি মহাজোট।   

এ হিসাবে ২০০১ সালের ফলকেও এবার ছাপিয়ে যাচ্ছে বিএনপি। 

কোন আসনে কে জয়ী

চট্টগ্রাম-১ (মীরসরাই)

বিএনপির প্রার্থী নুরুল আমিন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট। 

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) 

জয়ী বিএনপির মোস্তফা কামাল পাশা পেয়েছেন ৭৩ হাজার ৩৭ ভোট। তার নিকটতম জামায়াতের মুহাম্মদ আলাউদ্দিন পান ৩৯ হাজার ৬৬২ভোট।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী এবং নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড)

জয়ী বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট। তার নিকটতম জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দিন (রিকশা প্রতীক) পান ৪৬ হাজার ৫৮৯ ভোট।

চট্টগ্রাম-৬ (রাউজান) 

বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী (মোমবাতি) প্রতীকে ২৭ হাজার ১৪৬ ভোট পেয়েছেন। 

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) 

জয়ী বিএনপির হুমাম কাদের চৌধুরী পান ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট। তার নিকটতম জামায়াতের এটিএম রেজাউল করিম পান ৪১ হাজার ৭১৯ পান ভোট।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী এবং সিটির ৩-৭ নম্বর ওয়ার্ড)

বিজয়ী বিএনপির এরশাদ উল্লাহ ১ লাখ ৬১ হাজার ৭৩৭ ভোট পান। তার নিকটতম জামায়াতের আবু নাছের (দাঁড়িপাল্লা) পান ৫২ হাজার ৩৩ ভোট।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া)

জয়ী বিএনপির আবু সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৮৮ভোট। তার নিকটতম জামায়াতের একেএম ফজলুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮০৭ ভোট।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) 

বিএনপির সাঈদ আল নোমান তূর্য ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম জামায়াতের শামসুজ্জামান হেলালীর ভোট ৭৬ হাজার ৯১৯।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) 

বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী (ধানের শীষ) ১ লাখ ১৫ হাজার ২১ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম জামায়াতের মোহাম্মদ শফিউল আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৩ হাজার ৭৫২ ভোট। 

চট্টগ্রাম-১২ (পটিয়া)

জয়ী বিএনপির মোহাম্মদ এনামুল হক এনাম পান ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট। তার নিকটতম বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু পেয়েছেন ২৮ হাজার ৯৯৯ ভোট।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী)

জয়ী বিএনপির সরোয়ার জামাল নিজাম পান ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট। তার নিকটতম বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এসএম শাহজাহান পেয়েছেন ৫১ হাজার ৪৫০ ভোট এবং জামায়াতের মাহমুদুল হাসান পেয়েছেন ৩৫ হাজার ৩০ ভোট।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর ও পুরানগড়)

জয়ী বিএনপির জসীম উদ্দীন আহমেদ পান ৭৬ হাজার ৪৯৩ভোট। তার নিকটতম এলডিপির ওমর ফারুক (ছাতা) পান ৭৫ হাজার ৪৬৭ ভোট। 

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়ার অংশ)

জামায়াতের শাহজাহান চৌধুরী ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির নাজমুল মোস্তফা আমীন পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) 

জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম ৯৩ হাজার ১৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট। এই আসনে বিএনপির বিদ্রোহী মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল) স্বতন্ত্র হিসেবে ৫৫ হাজার ৪৯২ ভোট পেয়েছেন। 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) স্থগিত

বিএনপির সরোয়ার আলমগীর (চট্টগ্রাম-২) এবং আসলাম চৌধুরীর (চট্টগ্রাম-৪) প্রার্থিতা বিষয়ে আপিল বিভাগে জামায়াতের প্রার্থীদের করা আপিল নিষ্পত্তি হয়নি। আদালতের আদেশে তারা নির্বাচনে অংশ নিতে পারলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ করা যাবে বলে নির্দেশনা আছে।