Published : 27 Jan 2026, 03:24 PM
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভার জন্য প্রস্তুত ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠ।
দলের নেতাকে স্বাগত জানিয়ে মঙ্গলবার সকাল থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে ওই মাঠে জড়ো হচ্ছেন।
খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সার্কিট হাউজ মাঠে প্রবেশ করছেন; হাতে বিভিন্ন প্রার্থীর ছবি সম্বলিত প্ল্যাকার্ড এবং বিএনপির নির্বাচনি প্রতীক ধানের শীষ শোভা পাচ্ছে।
দুপুর ২টায় কোরআন তেলোয়াতে মধ্য দিয়ে শুরু হয়েছে সমাবেশের কার্যক্রম।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ময়মনসিংহ-৫ আসনের প্রার্থী জাকির হোসেন বাবুল এ সমাবেশে সভাপতিত্ব করছেন।
তিনি বেলা ৩টায় বলেন, “আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমানের অপেক্ষায় আছি। আশা করছি, আধা ঘণ্টার মধ্যে তিনি সমাবেশস্থলে আসবেন।”
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুর হাজার হাজার নেতা-কর্মী সমবেত হচ্ছেন এই মাঠে।

নেত্রকোণার সদর উপজেলা থেকে শিহাব সরকার বলেন, “এই সার্কিট হাউজ মাঠ ঐতিহাসিক মাঠ। এই মাঠে বক্তব্য রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই প্রথম বক্তব্য রাখবেন তার উত্তরসূরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
“সকালে বাস ভাড়া করে আমরা নেত্রকোণা থেকে ময়মনসিংহে এসেছি। উদ্দেশ্য একটাই—খুব কাছ থেকে তারেক রহমানকে দেখব। তার বক্তব্য প্রতিদিনই লাইফে শুনছি। কিন্তু কাছ থেকে দেখার স্বপ্ন ছিল অনেক দিনের। আজকে এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।”
জামালপুরের বাস চালক সোহেল মানোয়ার বলেন, “নির্বাচন সামনে। বিএনপির জোয়ার নেমেছে সবখানে। দেখুন, কীভাবে মানুষের মিছিল আসছে। মনে হচ্ছে যে, মানুষের বন্যা নেমেছে। এটা শুরু তারেক রহমানের জন্যই।”

ময়মনসিংহ জেলা মহিলা দলের কর্মী আফিয়া বেগম বলেন, “আমাদের নেতা তারেক রহমান এখন দেশের মানুষের কাছে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব। তাকে দেখার জন্য তার কথা শুনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যেখানেই নেতা যাচ্ছেন সেখানেই।”
সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারতের পর গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেদিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়নগঞ্জে ৭টি সমাবেশ করেন তিনি।
এরপর গত রোববার চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান চালান বিএনপি চেয়ারম্যান। সেদিন চট্টগ্রামসহ ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পাঁচটি সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান।
তৃতীয় দফায় মঙ্গলবার তারেক রহমানের নির্বাচনি সমাবেশ হচ্ছে ময়মনসিংহে। সেখান থেকে তিনি গাজীপুর ও উত্তরায় সমাবেশ করবেন।