Published : 12 Jan 2026, 08:56 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির তৃতীয় দিনে ৪১টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সোমবার এ তথ্য দিয়ে বলেন, শুনানিতে ২৪টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং চারটি অপেক্ষমাণ রাখা হয়েছে।
পাবনা-২ আসনে নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ায় একটি আপিল আবেদনের শুনানি হয়নি। চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তার করা আপিল আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।
এ ছাড়া রোববারের শুনানিতে অপেক্ষমাণ হওয়া ময়মনসিংহ-৪ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী মো. হামিদুল ইসলামের আপিল আবেদনটি নির্বাচন কমিশন মঞ্জুর করেছে।
এ নিয়ে তিন দিনে দেড়শ জন প্রার্থিতা ফিরে পেলেন। ইতোমধ্যে বাছাইয়ে বৈধ প্রার্থী রয়েছেন ১ হাজার ৮৪২ জনের, এর মধ্যে একজনের প্রার্থিতা আপিলে বাদ পড়েছে।
এবার ৬৪৫ জন আপিল আবেদন করেছেন। মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হবে। ১৭ জানুয়ারির মধ্যে শুনানি শেষ হওয়ার কথা রয়েছে।
তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এর পরদিন চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে এবং প্রতীক বরাদ্দ হবে। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের লড়াইয়ে থাকবেন তারা।
৩০০ আসনের মধ্যে পাবনা ১ ও ২ আসনের ভোট পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত স্থগিত রয়েছে।