তারেকের জনসভার জন্য প্রস্তুত রাজশাহীর মাদ্রাসা মাঠ
“আজকে এই জনসভায় স্মরণকালের জনসমাগম হবে; আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে।”
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভার জন্য প্রস্তুত রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠ।
পরিপাটি করে সাজানো মঞ্চের দুই পাশে রয়েছে বড় ডিজিটাল পর্দা, যার মাধ্যমে চারপাশের মানুষজন মঞ্চের চিত্র দেখতে পাবেন।
মঞ্চের ডানে তারেক রহমানের ছবি দিয়ে লেখা আছে, ‘আই হ্যাভ এ প্লান’। মঞ্চের ব্যানারে একপাশে লেখা ‘ধানের শীষে ভোট দিন’ এবং অন্য পাশে রয়েছে, ‘সবার আগে বাংলাদেশ’।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচনি জনসভা শুরু হবে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ।
তিনি সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে এই জনসভায় স্মরণকালের জনসমাগম হবে। আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। এখন আমরা অপেক্ষায় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের জন্য।
“পুরো রাজশাহীবাসী সময় গুনছেন— কখন তিনি আসবেন। বাংলাদেশ বিমানের ফ্লাইটে ১২টা ২৫ মিনিটে বিমান বন্দরে পৌঁছাবেন।”
রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি আসনের দলীয় প্রার্থীরা এ সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
এর মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছর পর রাজশাহী সফর করছেন বিএনপি নেতা তারেক রহমান। সবশেষ ২০০৪ সালে ইউপি জনপ্রতিনিধি সম্মেলনে যোগ দিতে তিনি রাজশাহী এসেছিলেন।
সকালে মাদ্রাসা মাঠে গিয়ে দেখা গেছে, নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। ‘ভোট দেবে কিসে, ধানের শীষে’, ‘তোমার আমার মার্কা কী, ধানের শীষ, ধানের শীষ’ প্রভৃতি স্লোগান দিয়ে কর্মীরা মাঠে আসার জানান দিচ্ছেন।
রাজশাহী-২ আসনে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, “ধানের শীষের নির্বাচনি জনসভাটি আপনারা দেখবেন সাধারণ কোনো জনসভা হবে না। এটি বিশাল জনসমুদ্রে রূপ নেবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি।
“উত্তরাঞ্চলে আমাদের নেতা, তারুণ্যের প্রতীক তারেক রহমান আসছেন। তিনি বক্তব্য রাখবেন, সেই বক্তব্য শুনতে সকলের অধীর আগ্রহে অপেক্ষা করছে।
“ইতোমধ্যে আমাদের নেতা বলেছেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। আমি বিশ্বাস করি, রাজশাহী হচ্ছে, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়ার ধানের শীষের দুর্গ; এটি তারেক রহমানের দুর্গে পরিণত হয়েছে। সব কয়টি আসনে এবার ধানের শীষকে দেবেন ভোটাররা।”
অটো চালক মুখলেসুর রহমান বলেন, “তারেক রহমান সাহেব আসবে; এই জন্য আমি প্রচার-প্রচারণা করে বেড়াচ্ছি। অনেক পর আমাদের নেতা বিদেশ থেইকা আইসাছে, আমরা খুশিতে আছি।”
মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ জানান, বিএনপি চেয়ারম্যান প্রথমে সুফি সাধক শাহ মখদুম (র.) এর মাজার জিয়ারত করবেন।
“বেলা ২টায় মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান।”
সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারতের পর গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেদিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়নগঞ্জে ৭টি সমাবেশ করেন তিনি।
এরপর গত রোববার চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান চালান বিএনপি চেয়ারম্যান। সেদিন চট্টগ্রামসহ ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পাঁচটি সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান।
একদিন বাদে মঙ্গলাবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিভাগীয় জনসভা করেন তিনি। তারেক রহমান সেদিন গাজীপুর ও ঢাকার উত্তরায় আরও দুটি সমাবেশে বক্তৃতা করেন।
