২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৩ জামায়াত কর্মীসহ সাতজনকে কারাদণ্ড, জরিমানা

দায়িত্বে অবহেলার অভিযোগে এক পোলিং অফিসারকে ‘তাৎক্ষণিক বহিষ্কারও’ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 12:13 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকায় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এদের মধ্যে তিনজন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী।

ভোটের আগের দিন বুধবার দিনের বিভিন্ন অংশে তাদের এ শাস্তি দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংক্ষিপ্ত বিচার আদালত এবং নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ আদালত।

এদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ডিএমপির সংক্ষিপ্ত বিচার আদালত এবং মিরপুরে জামায়াত প্রার্থীর দুই এজেন্টকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ইসির ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াতের এক কর্মীকে হাতেনাতে ধরা হলে ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন লালবাগ  বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। সাজাপ্রাপ্ত ব্যক্তি হাবিবুর রহমান (৬৩)। এসময় তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়েছে।

প্রতি খামে ৫০০ টাকা  করে  মোট ৬০০০ টাকা জব্দ করা হয়। জব্দ করা অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

দণ্ডপাওয়া মো. হাবিব সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির। তাকে সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে আটক করা হয় বলে সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান জানিয়েছেন।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, অপর এক ঘটনায় ওয়ারি বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সন্তোষজনক কারণ ছাড়া ঘোরাফেরা করার অপরাধে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে অপরাধ আমলে নিয়ে একজনকে এক মাস, অপর একজনকে সাত দিনের বিনাশ্রম  কারাদণ্ড দেন।

এছাড়া মতিঝিল ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান মুগদা থানার মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দেন।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, “জনগণের হাতে ধরা পড়ার পর এবং পুলিশ নিয়ে নেতিবাচক মন্তব্য করায় ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় এই সাজা প্রদান করা হয়।”

জামায়াত প্রার্থীর এজেন্টের কারাদণ্ড

সংসদ নির্বাচনের আগের দিন ঢাকার মিরপুরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ‘প্রভাব বিস্তারের দায়ে’ দাঁড়িপাল্লা মার্কার দুই এজেন্টকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাদের এ দণ্ড দেন বলে পুলিশ জানিয়েছে।

তারা হলেন- মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

'ভোটারদের টাকা বিতরণ': সূত্রাপুরে জামায়াত নেতার কারাদণ্ড

কাফরুল থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, “মেহেদি হাসান খাদেম ও রাইহান হোসেন কেন্দ্রের পোলিং অফিসার সুমনা ইসলামের সহায়তায় ভোটকেন্দ্রে ‘অবৈধভাবে প্রবেশ করে প্রভাব বিস্তারের চেষ্টা’ করেন।

“এ ঘটনায় তাদের দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পোলিং অফিসার সুমনা ইসলামকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।”