২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘যে দলই আসুক, জনগণের জন্য কাজ করুক’

“কেউ যেন বঞ্চিত না হয়। গরিব মানুষ যেন দুবেলা খেতে পারে,” বলেন এক ভোটার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 05:52 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

কর্মসূত্রে নারায়ণগঞ্জ থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে নিজ এলাকা ঢাকার যাত্রাবাড়ীতে এসেছেন বৈশাখী আকতার, দিয়েছেন ভোটও।

বৃহস্পতিবার ঢাকা-৪ আসনের একটি কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি বলেন, “২০২৪ সালেও ভোট দিছি, শুধু ভোট দিতেই ঢাকায় আসলাম। আওয়ামী লীগ ছাড়া ভালো লাগছে না, তারপরও ভোট দিতে হবে, ভোট দিলাম।”

তার ভাষ্য, “আওয়ামী লীগ যে ভুল করছে, তা আর কেউ না করুক। যে দলই ক্ষমতায় আসুক, জনগণের জন্য কাজ করুক। জনগণ পছন্দ করলে আবার তারে ক্ষমতায় আনবে।”

একই কেন্দ্রে জীবনের প্রথমবার ভোট দিয়েছেন ইসরাত জাহান স্বপ্না নামে আরেক ভোটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, “নির্বাচিত সরকার আসলে একটা শক্ত প্রশাসন পাব বলে মনে করি। এ কারণেই ভোট দিতে আসলাম। দুর্নীতিমুক্ত একটা সরকার হউক, প্রথম ভোটে এটাই আমার চাওয়া।”

স্বপ্নার বান্ধবী মিম তাবাসসুম অধরাও বললেন, “কেউ যেন বঞ্চিত না হয়। গরিব মানুষ যেন দুবেলা খেতে পারে, এমন সরকার চাই। যে দলই আসুক, তারা জেন রাষ্ট্রটাকে ঠিক করে।”

প্রথম ভোট দেওয়ার অনুভূতি ব্যক্ত করে অধরা বলেন, “একটা গুমোট ভাব ছিল। কিন্তু ভোটকেন্দ্রে এসে মনে হচ্ছে ঈদ-ঈদ। অনেক বন্ধুকে দেখলাম, লাইন ধরলাম। শেষে ভোট দিলাম, ফিলিংস ভালো।”

রাজধানীর শনিরআখাড়া, মাতুয়াইল, জুরাইন, ডেমরা, যাত্রাবাড়ী ও সায়দাবাদ এলাকার ভোটাররা দুভাগে পড়েছেন ঢাকা ৪ ও ৫ নম্বর আসনে। 

বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্র বুঝে আগেভাগে ভোট দিতে আসেন নারীরা। ঢাকা-৪ আসনের এ কে উচ্চ বিদ্যালয়ের পাঁচটি কেন্দ্রেই ছিল নারীদের জন্য পৃথক বুথ।

ঢাকা-৫ আসনের সায়দাবাদ এলাকায় নারীদের জন্য নির্ধারিত হলিহার্ট কিন্ডারগার্টেনে প্রিসাইডিং কর্মকর্তা মশিউর রহমান বলেন, চারটি বুথ দিয়ে ভোটগ্রহণ করছি। সকালে খুব বেশি চাপ ছিল। দুপুরের পর একটু কমে।

দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে সকালে প্রথমবার ভোট দিয়ে মরিয়ম সুলতানা কেয়া নামে এক ভোটার বলেন, “নতুন একটি বাংলাদেশ প্রত্যশা করি। যেখানে জনগণকে নিয়ে সরকার ভাববে।”

আরেক ভোটার আইরিন সুলতানা বলেন, “প্রত্যাশা একটি ভালো বাংলাদেশ হবে। হ্যা ভোট (গণভোটে) দিয়েছি যে কারণে, তা হল রাষ্ট্রের সংস্কার লাগবে।  সব বিচারগুলো যেন হয়, সরকারে যারাই আসুক, তারা যেন আগের মত না হয়।”

জুরাইন উচ্চ বিদ্যালয়ে প্রথমবার ভোট দিয়ে হিরাজুন মুনিরা বলেন, “একটা ভালো বাংলাদেশ চাই। যেখানে সবাই ভালো থাকবে। সবার জন্য ভালো একটা দেশ চাই। রাজনীতিবিদরা রাজনীতিটা যেন ঠিকঠাক করে। নোংরামি, চাঁদাবাজি হয়রানি যেন না করে, এমন সরকার চাই।”

রাজধানীর কতুবখালীর জাহিরুননেছা মহিলা কামিল মাদ্রাসায় নারীদের ভোটের লাইন ছিল দীর্ঘ। নীবন ভোটার ও শিক্ষিতরা গণভোট সম্পর্কে সচেতন থাকলেও ব্যালটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট সম্পর্কে জানেন না বেশিরভাগ বয়োজ্যেষ্ঠ নারী।

গণভোটের বিষয়ে না জেনেই অনেকে ভোট দিয়েছেন। পঞ্চাশোর্ধ রাহিমা বেগম বলেন, “মার্কা তো চিনি, দিলাম ভোট। ভালা লাগল। গোলাপী ব্যালট পেপারে কোনডাতে সিল দিলে কী হইব, তা তো জানি না। একজনে কইল চাইলে ‘হ্যাঁ’ দেন বা ‘না’ দেন।

“আমি কি পাগল ‘না’ ভোট দিমু। ভোট দিতে আইছি, ‘হ্যাঁ’ দিলাম। আমি তো আইছি, তাই ‘হ্যাঁ’ দিলাম।”

সায়দাবাদ হলিহার্ট কিন্ডারগার্টেন কেন্দ্রেও একই ঘটনা দেখা গেছে। একটি কেন্দ্রে নুরুন নাহার নামে এক ভোটার গণভোটের ব্যালট পেয়ে সেখানকার কর্মকর্তাকে জিজ্ঞাসা করে বসেন, “এইটা দিয়া কী করুম। কোনডাতে সিল দিমু?”

কর্মকর্তার জবাবে সন্তুষ্ট না হয়ে তার পাল্টা প্রশ্ন, “আমি কি এত বুঝি? কোনটাতে ভোট দিলে কী সুবিধা?”

তখন এক এজেন্ট বলেন, “খালা, পছন্দ হইলে হ্যা ভোটে সিল দিবেন, পছন্দ না হইলে না ভোটে দিবেন।”

সিদ্ধান্ত নিতে না পারলেও শেষমেষ দুটো ব্যালট নিয়ে ভোট দেওয়ার গোপন কক্ষে ঢুকে পড়েন তিনি।