ভোট দিতে লাগছে সাড়ে ৫ মিনিট, বয়স্কদের আরেকটু বেশি
“আমি তো অতো বুঝি না গণভোট নিয়া। তাই, একটু সময় লাগছে। এখন দিলাম।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন কেন্দ্রে ভোট দিতে এসেছেন শুভ মিয়া। বেলা ১২টায় থেকে লাইন দাঁড়িয়ে ১২টা ২০ মিনিটে ঢুকেছেন কেন্দ্রে।
এরপর পোলিং অফিসার থেকে ভোটার নম্বর মিলিয়ে নিয়ে সংগ্রহ করেছেন ব্যালট তিনি।
ভোটার নম্বর মেলানো থেকে ব্যালট হাতে নেওয়া পর্যন্ত শুভ মিয়ার সময় লেগেছে ২ মিনিট ৪৬ সেকেন্ড। ব্যালট পেপার বাক্সে ফেলা পর্যন্ত তার সময় লেগেছে ৫ মিনিট ২২ সেকেন্ড।
একইভাবে ভোট দিতে রিপন ইসলামের লেগেছে ৫ মিনিট ৪৩ সেকেন্ড। শান্তা আকতার, আসাদুর রহমান ও পলাশ মাসুদ- এ তিনজনের লেগেছে ৫ মিনিট ৩৮ সেকেন্ড, ৫ মিনিট ২৭ সেকেন্ড ও ৫ মিনিট ২৪ সেকেন্ড।
শুভ মিয়ার সময় একটু বেশি লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, “গণভোটের প্রশ্ন পড়তে সময় লাগছে। তাই দেরি হয়েছে।”
বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটও চলছে। তাই ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হচ্ছে।
এবার গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গেল ২৯ নভেম্বর ঢাকায় শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি বুথে ভোটের মহড়া হয়।
৩ ডিসেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, “আমরা মক ভোটিং করে দেখেছি, ভালো ফ্লো রাখতে একজন ভোটারের পরে আরেকজন ঢুকতে গড়ে দেড় মিনিট সময় লাগে। আর ভেতরে একজন ভোটার অন অ্যান অ্যাভারেজ ৩ মিনিট ৫২ সেকেন্ড নিয়েছে।”
বয়স্কদের দেড় মিনিট বেশি লাগছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি কেন্দ্রে অধিকাংশ তরুণ ভোটার। তাদের ভোটদানে কম সময় লাগলেও বয়স্ক ভোটারদের সময় লাগছে কিছুটা বেশি।
ল্যাবরেটরি স্কুল কেন্দ্র দেখা যায়, বয়স্কদের গড়ে সময় লাগছে গড়ে ৭ মিনিট।
ষাটোর্ধ্ব আসলাম মিয়া, লতিফ আলী ও ফরহাদ হোসেনের বাক্সে ব্যালট ফেলা পর্যন্ত সময় লেগেছে ৬ মিনিট ৫৮ সেকেন্ড, ৭ মিনিট ১৪ সেকেন্ড ও ৭ মিনিট ৪ সেকেন্ড।
পলাশী থেকে আসা ষাটোর্ধ আসলাম বলেন, “আমি তো অতো বুঝি না গণভোট নিয়া। তাই, একটু সময় লাগছে। এখন দিলাম।”
বয়স্ক ভোটারদের সময় বেশি লাগায় ভোট নিতে বেশি সময় লাগছে কিনা জানতে চাইলে ইউল্যাব স্কুলের ভোট কর্মকর্তা আশিষ কুমার সরকার বলেন, “বৃদ্ধরা লাইনে থাকায় একটু সময় লাগছে। আমরাও চেষ্টা করছি দ্রুত করতে।”
