১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামায়াত জোটের সংবাদ সম্মেলনেও আসেনি ইসলামী আন্দোলন

আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা না হওয়ায় দুপুরেও জোটের বৈঠকে যায়নি ইসলামী আন্দোলনের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 09:39 PM

Updated : 10 Sep 2026, 12:57 PM

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণার সংবাদ সম্মেলনেও আসেনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

এই শরিকদের জন্য পৌনে এক ঘণ্টা অপেক্ষার পর সংবাদ সম্মেলন শুরু করেন জোটের নেতারা।

বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জোটের প্রার্থী ঘোষণার জন্য ডাকা হয় এ সংবাদ সম্মেলন।

এর আগে দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জরুরি বৈঠক করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের নেতারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলনের নেতারা ওই বৈঠকে যাননি।

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বাকি ১০ দলের নেতাদের নিয়ে ওই বৈঠক হয়। সেখানে ২৫০ আসনের সমঝোতায় কোন দল কত আসন পাবে, সে বিষয়ে সেখানে আলোচনা হয়। বাকি ৫০ আসনে ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার মত দেওয়া হয়।

সিদ্ধান্ত হয়, রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জোটের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

পরে ইসলামী আন্দোলনের জন্য পৌনে এক ঘণ্টা অপেক্ষার পর বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলন শুরু হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের জন্য আসন বরাদ্ধ রাখলেও তিনি না আসায় আসনটিতে বসেন মামুনুল হক।

সংবাদ সম্মেলন শুরু করতে দেরি হওয়ার বিষয়ে জামায়েতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরসহ কয়েকজনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

এদিকে ইসলামী আন্দোলন শুক্রবার বিকাল ৩টায় জোটের বিষয়ে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে।

পুরানা পল্টনে নিজেদের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন ডাকার তথ্য সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছেন দলের প্রচার সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ।

এদিকে রাতে জোটের সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা উপস্থিত আছেন।