২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘শরীর ভালো না, হাঁটতেও পারি না ঠিকমতো, ভোট দিতে পেরে মনে সাহস পেলাম’

লাঠিতে ভর দিয়ে ভোট দিতে আসা আব্দুল মোতালেব হাওলাদারের বয়স ৯৭; তার ঠিক পাশেই এগিয়ে চলা স্ত্রী সাদিয়া বেগমের বয়স ৮০।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 07:44 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

বয়সের ভারে নুয়ে পড়া শরীর, কিন্তু চোখেমুখে উপচে পড়ছে দৃঢ়তার ছাপ। দীর্ঘ ১৭ বছর পর আবার ভোট দিতে এসেছেন তারা। এ কেবলই ভোট নয়, অদম্য ইচ্ছাশক্তির গল্প; অধিকার ফিরে পাওয়ার আনন্দ।

‎বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ধীর পায়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন এক বৃদ্ধ দম্পতি। আশপাশের মানুষের চোখে তখন বিস্ময় আর শ্রদ্ধার মিশ্র অনুভূতি।

‎লাঠিতে ভর দিয়ে ভোট দিতে আসা আব্দুল মোতালেব হাওলাদারের বয়স ৯৭। তার ঠিক পাশেই এগিয়ে চলা স্ত্রী সাদিয়া বেগমের বয়স ৮০।

‎

‎ভোট শেষে আবেগাপ্লুত কণ্ঠে আব্দুল মোতালেব হাওলাদার বলেন, “ভোট তো আমার নাগরিক অধিকার। শরীর ভালো না, হাঁটতেও পারি না ঠিকমতো। দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে মনে সাহস পেলাম। আজ মনের আশা পূরণ হলো। স্ত্রীর হাত ধরে আসলাম, আল্লাহ সহায় হয়েছেন বলেই আসতে পারছি।”

‎

‎সাদিয়া বেগম বলেন, “স্বামী দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছে। লাঠি ছাড়া চলাফেরা করতে পারে না। তবুও তার আশা ছিল ভোট দেবে। তাই তাকে নিয়ে এসেছি। সেও ভোট দিয়েছে, আমিও দিয়েছি। আমাদের দেখে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন।”

‎

চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মো. আসিফ মোস্তফা বলেন, “এই বয়সে এবং এই শারীরিক অবস্থায় এসেও ভোট দিতে আসা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”