২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা

ঝাঐল ইউনিয়নের বিএনপির নেতা মমিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 06:55 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সময় শেষ হওয়ার পরও আচরণবিধি লঙ্ঘন করে প্রচারের দায়ে সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় এক বিএনপি নেতার জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার দুপুরে উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ আসনের ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুসহ মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনের বিধিমালা অনুযায়ী ভোট গ্রহণের সময় থেকে ৪৮ ঘণ্টা আগে সব নির্বাচনি প্রচার বন্ধ রাখার বিধান রয়েছে। প্রচারের নির্ধারিত সময় মঙ্গলবার সকাল সাড়ে ৭টা অতিক্রম হওয়ার পরও বিধি ভঙ্গ করে ওই নেতা অর্ধশত নারীকে প্রচারে নামান। 

সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্বাচন আচরণবিধির (১৮ ধারা) লঙ্ঘনের দায়ে বিধিমালা (২৭-গ) অনুযায়ী আব্দুল মমিনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।