এলেন হুইলচেয়ারে, ভোট দিলেন দোতলায় সিঁড়ি বেয়ে
“আমি মর্মাহত। আমাদের মত যারা, তাদের জন্য আলাদা ব্যবস্থা করার দরকার ছিল,” বলেন মুশফিকুজ্জামান।
রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে হুইলচেয়ারে করে এলেন মুশফিকুজ্জামান, কেন্দ্রের সামনে সিঁড়ির কারণে পারছিলেন না উপরে উঠতে।
কয়েকজন ধরে তাকে তুলে দিলেও পড়লেন আরও বিড়ম্বনায়।
ধরাধরি করে সিঁড়ি পার হওয়ার পর শুনলেন ভোট দিতে হবে দ্বিতীয় তলায়| তার এ অবস্থা দেখে এগিয়ে এলেন ছোটপর্দার অভিনেতা লিপু মামা। তিনি কেন্দ্রের পোলিং এজেন্টকে ডেকে মুশফিকুজ্জামানের ভোট দেওয়ার ব্যবস্থা করলেন।
লিপু মামা বলেন, “কেন্দ্রের বাইরের গেইটে দেখি হুইল চেয়ারে বসে আছে। পড়ে তাকে এখানে নিয়ে আসি। তাকে দোতলায় গিয়ে ভোট দিতে হবে। পোলিং এজেন্টকে বিষয়টি জানাই। পরে তিনি ব্যবস্থা করেছেন।”
৩৩ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সেলিম আল মামুন বলেন, “আসলে যারা প্রতিবন্ধী তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হলে ভালো হত। তবে এরকম যারা আসবেন তাদের নিজস্ব ব্যবস্থায় ভোট দেওয়ার ব্যবস্থা করছি।”
কয়েকজন আনসার সদস্য মুশফিকুজ্জামানকে দোতলায় নিয়ে যান। সেখানেই তিনি ভোট দেন। প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মুশফিকুজ্জামান।
তবে ভোট দিতে ভোগান্তির কথা তুলে ধরে তিনি বলেন, “আমি মর্মাহত। আমাদের মত যারা তাদের জন্য আলাদা ব্যবস্থা করার দরকার ছিল।”
নতুন সরকার এলে প্রতিবন্ধীদের জন্য যেন কর্মসংস্থান ও ভাতার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
একই কেন্দ্রে বৃহস্পতিবার স্ক্র্যাচে ভর করে আব্দুল কাদের রিপন, দৃষ্টিপ্রতিবন্ধী হাজেরা বেগমরাও ভোট দেন।
